১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেড় মাসে ৩৭৬ যানবাহনে আগুন: পুলিশ

ঢাকায় গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের মধ্যে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 10:55 PM

Updated : 13 Dec 2023, 10:55 PM

ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে গত দেড় মাসে দেশে ৩৭৬‍টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে; ভাঙচুর চালানো ২৪১ যানবাহনে।

বুধবার এক বার্তায় এ হিসাব দিয়েছে পুলিশ সদর দপ্তর।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাবে গত দেড় মাসে ২৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ঢাকায় গত ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশ চলার সময় কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষ হলে সেই সমাবেশ পণ্ড হয়। পরদিন থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফেরে বিএনপি।

এসব কর্মসূচি ঘিরে উত্তাপ রাজপথে। বাস-ট্রাকসহ ট্রেনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ মঙ্গলবার গাজীপুরের ভাওয়ালে রেল লাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়, মারা যান একজন।

অগ্নিসংযোগের খবরে যেসব স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা যায়, সেই ঘটনাগুলোই লিপিবদ্ধ করেন তারা। যেসব ঘটনায় তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না, সেগুলো লিপিবদ্ধ হয় পুলিশ খাতায়।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে দুর্বৃত্তদের আগুনে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

“অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি এবং অন্যান্য গাড়ি ২৮টি।”