আগারগাঁওয়ে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
মুখোমুখি এ সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পুলিশ জানায়।
ঢাকায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মারা যান বলে শেরে বাংলা থানার সহকারী এসআই মাসুদ রানা জানান।
প্রায় ৫৫ বছর বয়সী নিহত অটোরিকশা চালক এবং আহতের কোনো পরিচয় মধ্যরাত পর্যন্ত জানা যায়নি।
এএসআই মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালবোঝাই ট্রাকটি আগারগাঁও থেকে শ্যামলী শিশু মেলার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে অটোরিকশা আসছিল।
পাসপোর্ট অফিসের সামনে এ দুই বাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে প্রায় ট্রাকের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় বলে তিনি জানান।
অটোরিকশায় থাকা আহত যাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্রাকের চালককে গ্রেপ্তার এবং ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, আহত ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
