১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সবাই তিনটা করে, না পারলে অন্তত একটা গাছ লাগান: প্রধানমন্ত্রী

“আমি বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য”, বলেন শেখ হাসিনা।

সবাই তিনটা করে, না পারলে অন্তত একটা গাছ লাগান: প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে সোমবার গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 05:06 PM

Updated : 06 Jun 2023, 10:51 AM

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসে সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে এ কথা বলেন।

বাসস জানায়, পরিবেশ মেলা-২০২৩, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩-এর উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তিনটি চারাও রোপণ করেন।

শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শও দেন শেখ হাসিনা। বলেন, “আজ বিশ্ব পরিবেশ দিবসে আমি গাছ লাগিয়েছি। আমি আশা করি- বাংলাদেশের সবাই (জনগণ) এটি (গাছ লাগাতে) অনুসরণ করবেন। আমি দেশের প্রতিটি তিনটি গাছ লাগাতে অনুরোধ করতে চাই এবং যদি তা সম্ভব নাও হয়, তবে অন্তত একটি গাছ লাগান।

“আমি বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য।”

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ যাতে আরও সুন্দর, সবুজ ও উন্নত হয় সেজন্য তারা ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ফলমূল, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদনে জোর দেওয়ার অনুরোধও করেন শেখ হাসিনা।

বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের জনগণকে সংকট থেকে রক্ষা করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।”

আওয়ামী লীগ- ১৯৮৫ সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে বলও জানান শেখ হাসিনা। জানান, দলের সহযোগী সংগঠন কৃষক লীগকে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ অভিযান শুরু হবে।

আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিবেশ সচিব ফারহিনা আহমেদও এ সময় উপস্থিত ছিলেন।