১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজ শেষে ফেরার পালা, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে।

হজ শেষে ফেরার পালা, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 01:59 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে সাজানো হয়েছে ফ্লাইট সূচি।  

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা জানিয়েছে, সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে। 

ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে।

গত ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে। মোট ২১৮টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যা ছিল ১০৬টি। এছাড়া সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট চালিয়েছে। 

আরো তিনজনের মৃত্যু

গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর দিয়ছে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা।

এ নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২১ বাংলাদেশির মৃত্যু হয়। তাদের ১৮ জন পুরুষ, বাকিরা নারী। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।