২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ধাওয়া করে যুবককে গুলি

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 10:53 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক যুবককে ধাওয়া করে গুলির ঘটনা ঘটেছে।

সোমবার উপজেলার দক্ষিণ মার্দাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত মো. আরাফাত (২৬) বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা।

দক্ষিণ মার্দাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলির ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। তবে কাউকে পাইনি। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, “বড়ুয়া পাড়ার দিক থেকে ধাওয়া করে বহদ্দার বাড়ির দিকে নিয়ে আসা হয়। পরে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

হাটহাজারী থানার ওসি জাহেদুর রহমান বলেন, “গুলিতে এক যুবক আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনার পরপর আমাদের মদুনাঘাট ফাঁড়ির সদস্যরা সেখানে যান। তারা বিষয়টি দেখছেন।”