২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল

এই সিদ্ধান্তের ফলে আমান আযমী একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে প্রাপ্য সব আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল
আব্দুল্লাহিল আমান আযমী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 04:42 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার।

তার বদলে ২০০৯ সালের ২৪ জুন থেকে তাকে ভুতাপেক্ষভাবে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

এই সিদ্ধান্তের ফলে আমান আযমী একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে প্রাপ্য সব আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের ২৩ জুন ব্রিগেডিয়ার আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তাতে তিনি চাকরির সব ‘বেনিফিট’ থেকে বঞ্চিত হন।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টেও গিয়েছিলেন আযমী। তবে তখন নিজের পক্ষে রায় পাননি।

আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬ সালের ২২ অগাস্ট বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে আসছিল তার পরিবার। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর বাড়ি ফেরেন আমান আজমী।

এরপর ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে ‘গুম’ করে আয়নাঘরে অন্তরীণ করে রাখা হয়। অভ্যুত্থানের পর তিনি সেখান থেকে মুক্তি পান। বন্দিদশার দিনগুলোতে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি।

পুরনো খবর

জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তন চান আমান আযমী

অভ্যুত্থানে সম্পৃক্ততা নেই: আযমী