১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গরমে বস্তিবাসীদের স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করবে ডিএনসিসি

বিত্তবানদের তাদের বাসার সামনে পানির কল স্থাপনের পরামর্শ দিয়েছেন মেয়র আতিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

তাপদাহে বস্তিবাসীদের স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রাজধানীর উত্তরায় শুক্রবার সকালে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, “আমাদের উত্তর সিটি করপোরেশনে ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছেন, এই মুহূর্তে বস্তিবাসীদের আরাম দেওয়া দরকার। 

“বস্তিবাসীরা কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে তাহলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে।

মেয়র আতিক বলেন, “আমি করপোরেশনের সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি, নয়টি জায়গায় বস্তিবাসীদের জন্য কুলিং জোন করে দিতে। কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে। এখানে যদি আমরা মিস্টের বন্দোবস্ত করতে পারি, সেটিও আমরা যেন করে ফেলতে পারি। সেই ডিজাইন রেডি করছি আমরা।”

নগরবাসীকে গরমে স্বস্তি দিতে করপোরেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরে মেয়র বলেন, “আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিস্ট ছড়াচ্ছি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে; বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। আমাদের ১০টি ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় আমরা পানি ছিটাচ্ছি।”

বিত্তবানদের তাদের বাসার সামনে পানির কল স্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “কল লাগিয়ে দিলে সবাই কিন্তু পানি খেতে পারে। পাশাপাশি দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতাদের ড্রিংকিং ওয়াটার সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি।”

নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির পরিকল্পনার কথা জানিয়ে আতিক বলেন, “ইতোমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে বিশ্রাম নিতে পারে।”