২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ: সারাদেশে ভারি বর্ষণের আভাস, বন্দরে ৩ নম্বর সতর্কতা

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 12:08 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তরের আবওহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর অস্ত্র প্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। 

এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে জানিয়ে আবওহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবওহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর।

এতে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে বাড়তে পারে।

এদিন সন্ধ্যা ৬ পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৬ মিলিমিটার নথিবদ্ধ করা হয়েছে ঢাকা ও বান্দবানে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ মাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।