২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে রাষ্ট্রপ্রধান আশা করেন, আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শনিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 01:17 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান শনিবার সকালে বঙ্গভবনে যান বলে বাসস জানিয়েছে। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন পরে বাসসকে বলেন, সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

রাষ্ট্রপ্রধান আশা করেন, আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।

সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবশেষ গত ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।