১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে দিলীপ কুমার আগারওয়ালা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডায় গুলিতে কিশোর হৃদয় নিহতের মামলায় তিন দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এ ব্যবসায়ীকে।

রিমান্ড শেষে কারাগারে দিলীপ কুমার আগারওয়ালা
আদালতে দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 07:35 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় কিশোর হৃদয় আহম্মেদ হত্যা মামলায় গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিন দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. সাদেক। আগারওয়ালার আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা সাদেক তার আবেদনে বলেন, “উচ্চ আদালতের নির্দেশনায় আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই করা হচ্ছে।

“জামিনে মুক্তি পেলে আসামির পালিয়ে যাওয়ার শঙ্কা আছে। এতে মামলার তদন্ত বিঘ্নিত হতে পারে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হয় ১৬ বছরের কিশোর হৃদয়। সরকার পতনের পর এ ঘটনায় বাড্ডায় থানায় মামল হয়।

গত মঙ্গলবার গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালিয়ে তাকে আটকের পর হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তও চলছে।

পরদিন বুধবার আদালতে হাজির করে তদন্তের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন বাড্ডা থানার এসআই সাদেক। শুনানি নিয়ে আগারওয়ালার তিন দিন রিমান্ডের আদেশ দেন বিচারক।

সেই রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন-

দিলীপ কুমার আগারওয়ালা ৩ দিনের রিমান্ডে