২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটে ৩৫১৮ ইয়াবা, বিমানবন্দরে ধরা

এর আগে গত মে মাসেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 01:03 PM

Updated : 21 Oct 2023, 01:03 PM

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তি ধরা পড়েছেন, যার পাকস্থলীতে মিলেছে সাড়ে তিন হাজার ইয়াবা।

রোববার সন্ধ্যায় কক্সবাজার থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহজালালে নামার পর ২৫ বছর বয়সী জাহিদ হোসেন গ্রেপ্তার হন আর্মড পুলিশের হাতে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের সহায়তায় পেট থেকে ৭২টি ক্যাপসুল আকৃতির পোটলা বের করা হয়, যেসবে ছিল ৩ হাজার ৫১৮টি ইয়াবা।

এর আগে গত ২৬ মে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন জাহিদ। সেই মামলায় ১০ দিন আগে জামিনে কারামুক্ত হয়েই তিনি ফের ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত আর্মড পুলিশের গোয়েন্দা দল যাত্রী জাহিদকে আটক করেন। পরে তিনি স্বীকার করেন, তার পাকস্থলীতে ইয়াবা আছে। এরপর ওই যাত্রীকে বিমানবন্দর থেকে উত্তরার হলি ল্যাব ডায়গনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করা হয়।

“এক্সরে পরীক্ষায় এবং ডাক্তারের রিপোর্টে জাহিদের পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। এরপর বিমানবন্দর থানার সহযোগিতায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তারের তত্ত্বাবধানে তার পেট থেকে মোট ৭২টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।”

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তা জিয়াউল বলেন, জাহিদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়, তার বাবার নাম আব্দুল গফুর। তিনি প্রতি ১০০০ ইয়াবা বহনের জন্য ১০ হাজার টাকা করে পেতেন।

“এই চালান পৌঁছে দিতে পারলে তিনি প্রায় ৪০ হাজার টাকা পেতেন।”

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)