সামান্য বৃষ্টিতে ‘তাপ কমবে’ ঢাকায়, ভারি বৃষ্টির আশা নেই
বুধবারও দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গরম থেকে বাঁচতে কয়েকদিন ধরেই বৃষ্টির অপেক্ষা ছিল ঢাকাবাসী; শেষ পর্যন্ত বৃষ্টি হল, তবে খুব অল্প সময়ের জন্য।
বুধবার বেলা সাড়ের ১২টার দিকে হঠাৎ করে ঢাকার ইস্কাটনে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়ে তারপর নিমিষেই তা মিলিয়ে যায়। একই সময়ে মিরপুরসহ এর আশেপাশের এলাকায়ও বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই মাসের বাকি কদিন দেশের কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হলেও, আকাশ ভেঙে বৃষ্টি নামার মত পরিস্থিতি হবে না।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “বর্ষাকালে এত অল্প পরিমাণ বৃষ্টি আসলে প্রত্যাশিত না। তবে এটা প্রকৃতির ধরর। কোথাও একেক বছর বেশি বৃষ্টি হয়, কোথাও কম হয়। যেমন আমাদের এই অঞ্চলে এ বছর বৃষ্টি নাই। কিন্তু ভারতের উত্তরাখণ্ডসহ কিছু এলাকায় কিন্তু অনেক বৃষ্টি, বন্যা পর্যন্ত হয়ে গেছে।”
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; কিছু কিছু জায়গায় তাপ কিছুটা প্রশমিত হতে পারে।
মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “সামান্য বৃষ্টির প্রভাবে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি হবে। কারণ আমাদের সাগরে সুস্পষ্ট একটা লঘুচাপ আছে। যার জন্য কিন্তু আজকে বাতাসও বেশি।”
সাগরের লঘুচাপটি বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই দুর্বল হয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানান তিনি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
মঙ্গলবার ঢাকা, রাজশাহী বিভাগের কোথাও বৃষ্টি হয়নি। রংপুরের শুধুমাত্র ডিমলায় সামান্য বৃষ্টিপাত হয়েছিল। সাতক্ষীরায় দেশের সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সেদিন।
