শিপ্রা বোসের মরদেহ গ্রহণ করল বিএসএমএমইউ
মরণোত্তর দেহ দান করে গিয়েছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠক শিপ্রা বোস। বৃহস্পতিবার এক ব্যতিক্রম সংবর্ধনার মাধ্যমে শিপ্রা বোসের মরদেহ গ্রহণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউ।
শিপ্রা বোস নব্বইয়ের গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী। প্রায় এক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ১ জুলাই ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণার জন্য তার দেহ দান করে যান শিপ্রা বোস।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের সংগঠক এবং শিপ্রা বোসের স্বজনরা মরদেহ নিয়ে বিএসএমএমইউর শেখ রাসেল ফোয়ারার সামনে আসনে। সেখানে ফুল দিয়ে শিপ্রা বোসকে শ্রদ্ধা জানান বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি শিপ্রা বোসের মরদেহ গ্রহণ করেন।
এ সময় ডা. শারফুদ্দিন আহমেদ জানান, বিএসএমএমইউর এনাটমি বিভাগের প্লাস্টিনেশন ল্যাবে এই ধরনের দেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, মরণোত্তর দেহদান চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে বিরাট অবদান রাখতে পারে। এটি একটি মহৎ কাজ।
“বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মরণোত্তর দেহদানকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। শুধু মরণোত্তর দেহদানই নয়,একজন ব্রেনডেথ রোগীর অঙ্গদানের মাধ্যমে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করে ৮ জন মানুষের জীবন রক্ষা করা যায়, সেই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কার্যক্রমকেও উৎসাহিত করছি আমরা। বাংলাদেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা হয়েছে।”
শারফুদ্দিন আহমেদ বলেন, “শিপ্রা বোস দেহদানের মাধ্যমে আমাদের সবার মাঝে বেঁচে থাকবেন। শিপ্রা বোস মানবকল্যাণে, চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতা করেছেন এজন্য আমরা কৃতজ্ঞ।
“বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যারা মরণোত্তর দেহদান করেছেন এবং এমন দেহদানে অঙ্গীকার করেছেন, তাদেরকে আমরা সম্মানিত করেছি। তাদের জন্য আমরা আলাদা কার্ড করার উদ্যোগ নিয়েছি। তাদের সম্মান দেখানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বড় বড় কর্মসূচিতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আসছি। যাতে অন্যরা মরণোত্তর দেহদানে উৎসাহ পান।”
