রাষ্ট্রপতির পদ লাভজনক কি না, এ বিতর্ক অবান্তর: অ্যাটর্নি জেনারেল
আমিন উদ্দিন বলছেন, সংবিধান ও উচ্চ আদালতের রায়ে স্পষ্ট যে রাষ্ট্রপতির পদ লাভজনক নয়।
সংবিধান ও উচ্চ আদালতে রায় দেখিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির পদ গ্রহণের ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই।
তিনি বলেছেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ লাভজনক নয়। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা বা বির্তক করা পুরোপুরি অবান্তর।”
সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার এই পদগ্রহণে সংবিধানের ব্যত্যয় ঘটছে বলে বিতর্ক ওঠার প্রেক্ষাপটে বুধবার সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমিন উদ্দিন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার সাহাবুদ্দিন।
দুদক আইনে বলা আছে, কমিশনাররা অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিযুক্ত হতে পারবেন না। এই আইন দেখিয়ে এক পক্ষ প্রশ্ন তোলে, সাহবুদ্দিন ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসতে পারেন না।
এর বিপরীতে আরেক পক্ষ সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দেখিয়ে বলছে, রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়, সুতরায় সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হতে কোনো বাধা নেই।
সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, “এটা (রাষ্ট্রপতির পদ) কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কোনোক্রমেই সরকারের কর্মে নিয়োজিত ব্যক্তি নন।”
১৯৯৬ সালে রাষ্ট্রপতি পদে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিচারপতি সাহাবুদ্দীন আহমদ যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনও এমন বির্তক দেখা দিয়েছিল। বিষয়টি শেষ অবধি আদালতে গড়ায়।
“সেই রিট মামলার অভিযোগের শুনানি শেষে সে সময়ে হাই কোর্ট স্পষ্টত রাষ্ট্রপতির পদ লাভজনক নয় বলে রায় দিয়েছিলেন।”
আমিন উদ্দিন বলেন, “সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি হতে হলে তিনটি যোগ্যতা থাকা প্রয়োজন। এক. বয়স ৩৫ বছরের বেশি হতে হবে। দুই. সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা হতে হবে। তিন. অভিশংসনের মাধ্যমে কখনও রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত না হওয়া।
“নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসব যোগ্যতা পূরণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়া সম্পূর্ণ বৈধ। এ নিয়ে কোনো প্রশ্ন করা উচিৎ না।”
বিতর্কের প্রেক্ষাপটে এদিন সিইসি কাজী হাবিবুল আউয়ালও সাংবাদিকদের বলেন, সংবিধান, আইন, বিধি বিধান ও আদালতের রায় পর্যালোচনা করলে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনো ধরনের ‘অযোগ্যতা নেই’।
মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন সাহাবুদ্দিন।
