মহামারীর বাধা পেরিয়ে সাফল্যের স্বস্তি উচ্চ মাধ্যমিকে
এবারের এইচএসসি পরীক্ষার্থীদের কলেজ জীবনের বেশিরভাগটা কেটেছে করোনভাইরাস মহামারীতে নানা জটিলতার মধ্যে।
সানজিদা জাহান প্রমা যখন কলেজে ভর্তি হল, মহামারী তখন তুঙ্গে। কলেজ জীবনের বড় একটা সময় তাদের ক্লাস হয়েছে অনলাইনে। তখন মনে হত, বুয়েটে ভর্তি তো পরের ব্যাপার, এই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়াই কঠিন হবে। শেষ পর্যন্ত পরীক্ষা দিয়ে ফলাফল দেখে আবার স্বপ্ন দেখার মনোবল ফিরে পেয়েছেন এই তরুণী।
বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৯৪ শতাংশ নম্বর, অর্থাৎ জিপিএ- ৫ পেয়েছেন প্রমা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও অনেক পরীক্ষার্থীর মত তিনিও কলেজ ক্যাম্পাসে শামিল হয়েছিলেন সাফল্য উদযাপনে।
বেলা ১২টায় ঢাকার নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেল, শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর ভিকারুননিসা প্রাঙ্গণ। কলেজের বড় মাঠটিতে জড়ো হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। মাঠের ঠিক মাঝখানে ড্রাম বাজিয়ে হৈ হৈ করছেন সদ্য কলেজ পেরোনো শিক্ষার্থীরা।
পরীক্ষার ফলাফল এখন আগেই অনলাইনে জেনে নেওয়া যায়। তাই কলেজের নোটিস বোর্ডে দুরু দুরু বুকে সেই ভিড় আর নেই। তারপরও অনেকে ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে আসেন সাফল্যের আনন্দ সহপাঠী আর শিক্ষকদের সাথে ভাগ করে নিতে। সেই আনন্দে মিলিত হন অভিভাবকরাও।
প্রমা তার মা শাহিদা আক্তারকে নিয়ে বেলা ১২টার দিকেই বাসাবোর বাসা থেকে হাজির হয়েছিলেন কলেজ ক্যাম্পাসে। সেখানে তাদের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
চার ভাই-বোনকে রেখে প্রমার বাবা মারা যান ২০০৭ সালে। সেই থেকে সংসারের হাল ধরে আছেন মা শাহিদা। একটি বীমা কোম্পানিতে চাকরি করেন তিনি।
প্রমা বলেন, “আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হল আমার আম্মু। আমার আম্মুর থেকে বড় কোনো ভূমিকা আর কেউ রাখে নাই আমার জীবনে। অনেক কষ্ট করে আমায় পড়িয়েছেন। তাই যখনই আমার মায়ের কথা মনে পড়ে, আমি অনুভব করি যে আরও ভালো করে পড়াশুনা করতে হবে আমাকে।”
প্রায় ৪ মাস বয়সী ভাগ্নে ও বড় বোনকে নিয়ে বন্ধুদের সঙ্গে ফলাফল ‘সেলিব্রেট’ করতে কলেজে এসেছেন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া সুরাইয়া জান্নান ইমা।
তিনি বললেন, “আমি বাসায় বসেই রেজাল্ট দেখছি। কলেজে এসে রেজাল্ট দেখব, এতক্ষণ ধৈর্য ধরা সম্ভবই না! আমার সব সাবজেক্টে খুব ভালো মার্কস আসছে। আমি খুব কষ্ট করছি আজকের এই দিনটার জন্য। সারা রাত জেগে আমি পড়তাম শুধু। এখনো কষ্ট করতেছি, পড়তেছি। কারণ আমি চাই ডাক্তার হতে। ছোট থেকে আমি এই একটাই স্বপ্ন দেখে আসছি।”
ইমাও তার এই সাফল্যের পেছনে মায়ের ভূমিকার কথা বললেন। তার ভাষায়, পরীক্ষার ফল যা এসেছে, তাতে তার ও তার মায়ের ‘কষ্ট ও টাকা স্বার্থক’।
বড় বোন সুমাইয়া জান্নাত বললেন, ইমার পরীক্ষার ফলাফল দেবে বলেই তিনি এবং তার বর মঙ্গলবার মাদারীপুর থেকে ঢাকায় চলে এসেছেন।
“আমার বোন অনেক কষ্ট করে পড়েছে। আমাদের বাসা খিলগাঁও থেকে অনেক ভেতরে। প্রায় ২০০ টাকা ভাড়া লাগত। কিন্তু ও সেই টাকা খরচ না করে হেঁটে কলেজে আসা-যাওয়া করত। অনেকদূর হেঁটে পথ কমানোর পর ৫০ টাকা দিয়ে রিকশায় কলেজে আসত ও।”
জান্নাত জানালেন, মধ্যবিত্ত বাবা-মায়ের ঘরে তারা শুধু তিন বোন, কোনো ভাই নেই। সে কারণেই তার সব সময় মনে হয়, পরিবারে একজনের দাঁড়ানো খুব দরকার।
“আমার তো বিয়ে হয়ে গেছে। বাবা-মা আমায় পড়াতেও পারে নাই। বিয়ের পর আমার স্বামী আমায় পড়িয়েছেন।… তাই ওর (ইমা) সফল হওয়াটা খুব দরকার।”
বিজ্ঞানের ছাত্রী আমরিন আফজাল ঐশীর বাসাও খিলগাঁওয়ে। কলেজে এসে পরীক্ষার ফলাফল দেখবেন বলে তিনি এবার ইচ্ছে করে অনলাইনে ফলাফল দেখেননি।
“আমি অনেক এক্সাইটেড ছিলাম। অনলাইনে তো আগেই দেখে ফেলা যায়। ভাবলাম, এবার একটু অন্যরকমভাবে জানব। কলেজে এসে এভাবে আর কখনো রেজাল্ট দেখা হবে না তো, তাই খুব ইচ্ছে করছিল যে আমি বাবা-মাকে কল দিয়ে রেজাল্ট জানাব। কলেজে এসে ভয়ে ভয়ে আমি বোর্ডে রেজাল্ট খুঁজলাম এবং আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি।”
‘পড়লে মেডিকেলেই পড়ব’, এমন দৃঢ় সংকল্প জানিয়ে ঐশী বললেন, “ক্লাস ওয়ান থেকে আমার স্বপ্ন আমি ডাক্তার হব। কিন্তু সমস্যা হলো, আমরা টানা এক বছর অনলাইনে ক্লাস করেছি। তার ওপর আবার আমরা ভর্তি পরীক্ষার দেওয়ার জন্য মাত্র দেড় মাস সময় পাচ্ছি। সেজন্য অ্যাডমিশনটা এখন চ্যালেঞ্জিং। কিন্তু তাতে কি, এবার যদি নাও হয়, আমি দরকারে সেকেন্ড টাইম দেব।”
কলেজের অধিকাংশ শিক্ষার্থীর সাথে তাদের মা কিংবা বোনেরা এলেও সারাহ মেহজাবিন কাদিরের সঙ্গে এসেছেন তার ষাটোর্ধ্ব বাবা মনজুরুল কাদির। একটু ছায়ায় দাঁড়িয়ে গর্বিত ভঙ্গিতে মেয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখছিলেন তিনি। কথায় কথায় জানালেন, বিজ্ঞান বিভাগ থেকে ‘গোল্ডেন’ এ প্লাস পেয়েছে সারাহ।
“আমার চোখের সামনে কি যে কষ্ট করছে ও! অন্য কোনোদিকে তার মনোযোগ নাই। তার শুধুই এডুকেশন ওরিয়েন্টেড চিন্তা। এখন ও চায় বুয়েটে পড়তে, চান্স পেলেই আমি নিশ্চিন্ত।”
কলেজের অধ্যক্ষ কামরুন নাহার জানালেন, মেয়েদের ফলাফলে তিনিও খুব খুশি। এবার তার কলেজ থেকে ২ হাজার ৩৩৯ জন পরীক্ষা দিয়েছে এবং চারজন বাদে সবাই পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। তাদের ৮৫ দশমিক ৭০ শতাংশ, অর্থাৎ মোট ২০০১ জন পেয়েছে জিপিএ-৫।
অধ্যক্ষ বললেন, এবারের পরীক্ষার্থীদের যেভাবে নানা চড়াই উৎড়াই পেরিয়ে আসতে হয়েছে, তারপরও তাদের এমন ফলাফলে তিনি ‘মুগ্ধ’।
“করোনা মহামারীর ধাক্কায় এই ব্যাচের শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রথম বর্ষের পুরো সময় অনলাইনে ক্লাস করতে হয়েছে। এর মধ্যে মনোবল ধরে রেখে পড়াশোনা ঠিক রাখা চ্যালেঞ্জিং ছিল।… পরিস্থিতি যেমনই হোক, ভিকারুননিসার মেয়েরা কখনো পিছিয়ে থাকে না। আমাদের মেয়েরা পড়াশোনা করে।”
এই সাফল্যের জন্য শিক্ষকদেরও কৃতিত্ব দিচ্ছেন অধ্যক্ষ। তিনি বলেন, “আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করেছে। টেস্ট পরীক্ষার আগে আমরা দুটো প্রিপারেশন টেস্ট পরীক্ষা নিয়েছি, মানে মূল্যায়ন পরীক্ষা। করোনার পরপর ওদেরকে বারবার ক্লাসে আসার জন্য, মনোযোগী হওয়ার জন্য আমরা তাগিদ দিয়েছি। সর্বোপরি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় রেজাল্ট ভালো হয়েছে।”
কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিষয়ের সমন্বয়কারী এবং হিসাববিজ্ঞানের শিক্ষক কেগা রায় চৌধুরী অবশ্য মনে করেন, অনলাইন ক্লাসে শিক্ষকদেরও অনেক কিছু শেখা হয়েছে।
“আমরা শিক্ষকরা অনেককিছু পারতাম না। আমরা নিজেরা আগে ট্রেইনিং নিয়েছি কি করে গুগল মিটে ক্লাস নেওয়া যায়। প্রথম প্রথম আমরা ক্লাস নিতাম ফেইসবুক লাইভে।”
“কোভিডের সময় ওরা ডিপ্রেসড হয়ে গেছিল। কিন্তু কোভিড গেলে ধীরে ধীরে ওরা ঘর থেকে বের হয়েছে, আমরাও হয়েছি। এরপর যেন দু’দলই প্রাণ ফিরে পেয়েছি। ক্লাসরুম প্রাণবন্ত হয়ে উঠেছিল। আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, কারণ আমাদের শিক্ষকরা অনেক খেটেছে।”
শিক্ষার্থীদের সাফল্যের এই উদযাপন দেখা গেল ঢাকার নটর ডেম কলেজেও। এ কলেজ থেকে এবার ২ হাজার ৯০১ জন জিপিএ-৫ পেয়েছেন উচ্চ মাধ্যমিকে।
তাদের মধ্যে রেদোয়ান আহমেদ আরাফ, জিহান হাসান, রাফিউল, মিফতাহ উল তহসিনকে দেখা গেল কলেজের মাঠে আড্ডায় মেতেছে।
জিহান আরামবাগের বাসা থেকে দৌড়ে এসেছেন বলে হাঁপাচ্ছিলেন। তার মধ্যেই কোনোমতে বললেন, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়েছেন তিনি।
“এখন ভাবছি পরের লক্ষ্য নিয়ে। ডাক্তার হওয়ার প্রস্তুতি নিচ্ছি, বাকিটা উপর ওয়ালার হাতে।”
কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও জানালেন, তার কলেজ থেকে ৩ হাজার ২৩০ জন পরীক্ষা দিয়েছে এবার, পাস করেছে ৩ হাজার ২২৬ জন।
ফলাফলে খুশি হয়েছেন জানিয়ে তিনি বলেন, “মহামারীর সময় অনলাইনে পাঠদান করতে হয়েছে। এই ব্যাচের পুরো সময় মহামারী ছিল। তাই ফলাফলের আগে চিন্তায় ছিলাম।”
সব বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।
দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।
