২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাসিনার আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

এক অডিও ভাইরাল হওয়ার পর এ মামলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি।

মঙ্গলবার প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম এ তথ্য জানানোর পর মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৯ জুন দিন ঠিক দেয় বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

শেখ হাসিনাসহ দুজনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২৫ মে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি গ্রহণ করে ১৫ মে’র মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কিন্তু ওইদিন জবাব দাখিল না করায় আসামিদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী আসামিরা হাজির হননি বলে আদালতকে অবহিত করেন প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম। 

আদালত ‘অবমাননা’: হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

আদালত অবমানননার অভিযোগ: হাসিনাকে ১৫ মের মধ্যে জবাবের নির্দেশ

তখন তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিতে আর্জি জানান। এরপরই ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে রেজিস্ট্রারকে নির্দেশ দেন।

‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।