আগারগাঁওয়ে রিকশা দুমড়েমুচড়ে চালক নিহত
আহত যাত্রীকে দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে গেছেন।
রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার যাত্রী।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনার তথ্য দেন শেরে বাংলা নগর থানার এসআই আবু জাফর সাদিক।
আহত যাত্রীকে দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান তিনি। তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তিনি রিকশাচালক। এ দুর্ঘটনায় ওই রিকশার এক যাত্রীও আহত হন।
বাস না ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
ওই এসআই বলেন, "আমরা এসে রাস্তার উপর একজনকে মৃত অবস্থায় পেয়েছি। তার দেহ থেতলে গেছে। সেখানে উপস্থিত লোকজন কেউ বলতে পারছেন না রিকশাটি কোন যানে পিষ্ট হয়েছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বললে আরও তথ্য মিলবে।”
নিহতের পরিচয় জানা না গেলেও তিনি রাজধানীর আদাবরে থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে, যোগে করেন তিনি।
