এইচএসসি: হলি ক্রসে পাসের হার ৯৯.৬২%, জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন
“এখন পরবর্তী ধাপ ভর্তি পরীক্ষা…জিপিএ ফাইভ পাওয়ার পরেও অনেকে ভার্সিটিতে চান্স পায় না।”
এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকার হলি ক্রস কলেজের পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন শিক্ষার্থী।
কলেজটির পরীক্ষার্থী ছিল এক হাজার ৩০৮ জন; পরীক্ষায় অংশ নেন ১৩০৩ জন, তাদের মধ্যে পাস করেছেন এক হাজার ২৯৮ জন। সার্বিক ফলে অকৃতকার্য হিসেবে নাম এসেছে ১০ জনের।
বিভাগভিত্তিক ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৭৭০ জন, যাদের মধ্যে ৫৯১ জন পেয়েছেন জিপিএ-৫। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৩ জন।
মানবিক বিভাগে পাস করেছেন ২৫৫ জন, অকৃতকার্য হয়েছেন ৫ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।
আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ২৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।
গত বছর হলিক্রস কলেজের ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ১ হাজার ৩০৪ জন, অকৃতকার্য হন ২ জন, আর ৩ জন পরীক্ষায় অংশ নেননি।
গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন মোট ৯৬০ জন। মোট পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৫ শতাংশ, জিপিএ-৫ পাওয়ার হার ছিল ৭৩ দশমিক ৭৯ শতাংশ।
দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে কোনো ফলপ্রত্যাশীকে দেখা যায়নি। ১২টায় নোটিস বোর্ডে ফল টানানো হলে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে আসেন।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও সোহেনী হক ফারুকীকে উদ্বিগ্ন দেখা গেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমি বিশ্ববিদ্যালয়ের কোচিং করছিলাম, খুব উদ্বিগ্ন ছিলাম। কলেজে এসে রেজাল্ট দেখলাম জিপিএ-৫।
“এখন পরবর্তী ধাপ ভর্তি পরীক্ষা। বাংলাদেশে একটা রিস্ক দেখা যায় যে, জিপিএ ফাইভ পাওয়ার পরেও ভার্সিটিতে চান্স পায় না। ফাইভ পাওয়ার পরে উদ্বেগ রয়ে গেছে।”
