‘চোরাই’ অস্ত্র এনে ‘জাল লাইসেন্সও’ তৈরি করে দিত তারা
ভুয়া লাইসেন্স করে দেওয়ার পাশাপাশি ওই চক্রের সদস্যরা টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর চাকরিও নিয়ে দিত বলে র্যাবের ভাষ্য।
চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র এনে সেই অস্ত্রের ভুয়া লাইসেন্স তৈরির একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
এই এলিট বাহিনী বলছে, পলাশ শেখ নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি ভুয়া লাইসেন্স করে দেওয়ার পাশাপাশি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর চাকরিও নিয়ে দিত। সেজন্য তিন ধাপে প্রায় তিন লাখ টাকা করে নিত তারা।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-২ এর একটি দল রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আভিযান চালিয়ে পলাশসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাকিরা হলেন: মনোয়ার হোসেন (৩২), রশিদুল ইসলাম (৪০), নাজীম মোল্লা (৩৫), মারুফ হোসেন (২৪), এবং নাইমুল ইসলাম (২২)।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, সাতটি একনালা বন্দুক, শতাধিক রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ১১টি জাল লাইসেন্স, বিভিন্ন সরকারি কর্মকর্তার নামের সিল উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
সোমবার ঢাকার কারওয়ান বাজারে র্যাব কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ওই চক্রটি প্রায় ছয় বছর ধরে অবৈধ অস্ত্র ও ভুয়া লাইসেন্সের এই কারবার চালিয়ে আসছে।
“তারা পাশের দেশ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের মাধ্যমে দেশে এনে তার জাল লাইসেন্স বানিয়ে বিক্রি করে আসছিল।”
র্যাব কর্মকর্তা মঈন বলেন, এই চক্রের হোতা পলাশ শেখ ২০০৪ সালে এসএসসি পাস করেন। পরে আরেকজনের কাছ থেকে চোরাচালানের মাধ্যমে আনা অস্ত্র জাল লাইসেন্সসহ কিনে একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মীর চাকরি নেন তিনি।
“২০১৩ সালে ঢাকায় এসে একটি পরিচিতি সিকিউরিটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি শুরু করেন পলাশ। ওই চাকরিতে থাকা অবস্থায় ২০১৫ সালে এক ব্যক্তির কাছ থেকে ভুয়া লাইসেন্সসহ একটি অবৈধ বন্দুক কিনে বেশি বেতনে একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি শুরু করেন।
“পরে তিনি নিজেই অবৈধ পথে অস্ত্র এনে জাল লাইসেন্স তৈরির কাজে হাত দেন। সেজন্য বিশ্বস্ত ৫-৬ জনকে নিয়ে একটি দল গঠন করেন।”
এর পর থেকে পলাশের নেতৃত্বে চক্রটি সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
র্যাব কর্মকর্তা মঈন বলেন, “পলাশের সাথে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে, তাদের প্রত্যেককে বিভিন্নভাবে প্রলুদ্ধ করে এবং ২ থেকে ৩ লাখ টাকার বিনিময়ে অস্ত্র-লাইসেন্স এবং নিরাপত্তা প্রহরীর চাকরি দিয়েছে সে। পরে এরাই আরো লোক সংগ্রহ করে পলাশের কাছে পাঠিয়ে ব্যবসায় জড়িয়ে পড়েছে।
“এভাবে ২০ থেকে ২৫ জনকে অবৈধ অস্ত্র, জাল লাইসেন্স এবং নিরাপত্তা প্রহরীর চাকরি দিয়েছে তারা। এদের কেউ কেউ ব্যবসার কাজে সহায়তা করে বলে পলাশ র্যাবের কাছে স্বীকার করেছেন।”
আর কে কে এ ধরনের অবৈধ অস্ত্রের ব্যবসা করে, কার কাছে অবৈধ অস্ত্র আছে, সেসব বিষয়ে তদন্ত চলছে বলে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।
