পরীক্ষায় উতরে গেলে পুরনো ব্যাটারি রিকশা লাইসেন্স পাবে: ডিএসসিসি প্রশাসক
ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ২৯ অক্টোবর নতুন বিধিমালা জারি করেছে সরকার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরনো যেকোনো মডেলের ব্যাটারিচালিত রিকশাকে (ই-রিকশা) লাইসেন্স দেওয়ার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
রোববার বিকালে নগর ভবনে বুয়েট পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের মডেল ই-রিকশা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ২৯ অক্টোবর নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বিধিমালার শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।
গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।
বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, “বিষয়টি নতুন বা পুরনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য।
“বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরাতন যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।”
ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে প্রাথমিকভাবে এসব ই-রিকশা পরিদর্শন করা হয়েছে।
করপোরেশনের চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসি এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী ধাপে প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে।
কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের উৎপাদনের অনুমতি দেওয়া হবে।
