২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসায় শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ

“ভাল শিক্ষকদের এভাবে সরিয়ে নিলে আমাদের বাচ্চাদের পড়াশোনার কী হবে?” বলেন একজন অভিভাবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 06:37 PM

Updated : 06 Sep 2022, 06:37 PM

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার একজন শিক্ষককে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুর থেকে ইংরেজির শিক্ষক আবু সুফিয়ানকে বদলির প্রতিবাদে বসুন্ধরা এফ ব্লকের ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। পরে অভিভাবকরাও যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একজন অভিভাবক জানান, ওই শিক্ষককে আজিমপুর শাখায় বদলি করা হয়েছে।

“ভাল শিক্ষকদের স্কুল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আবু সুফিয়ান স্যার বাচ্চাদের হাতে ধরে ধরে শেখান। উনি একজন ভালো শিক্ষক। কেন ওনাকে বদলি করা হবে?

“গত মাসেও গণিতের বিশ্বজিৎ স্যারকে মূল শাখায় বদলি করে নিয়ে যাওয়া হয়। ভাল শিক্ষকদের এভাবে সরিয়ে নিলে আমাদের বাচ্চাদের পড়াশোনার কী হবে? সেই প্রতিবাদেই অভিভাবকরা আন্দোলন করছে।”

আরেকজন অভিভাবক বলেন, “আমরা আমাদের শাখা প্রধানকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বললাম। উনি বললেন, উনি এ বিষয়ে জানেন না। উনি না জানলে বদলি হল কিভাবে? এভাবে চলতে থাকলে বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে যাবে।”

যোগাযোগ করা হলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দিবা বিভাগের ইনচার্জ জগদীশ চন্দ্র পাল জানান, তিনি এ আন্দোলনের বিষয়ে কিছুই জানেন না। যে শিক্ষককে বদলি করা হয়েছে, উনিই তাকে জানিয়েছেন।

“তবে ওই শিক্ষকের বদলি বাতিল হয়ে গেছে বলে আমি অফিস থেকে জেনেছি।”

এ বিষয়ে শিক্ষক আবু সুফিয়ানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।