১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ পরিবহনে হামলা: বিল্লালসহ ২ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

তাদের রিমান্ডে চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।

সোহাগ পরিবহনে হামলা: বিল্লালসহ ২ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
আদালতে বিল্লাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ও কোম্পানির মালিকের বাসায় হামলার মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনসহ দুইজনকে দুইদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

তাদের রিমান্ডে চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন।

বুধবার রাতে ৬০ থেকে ৭০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও কোম্পানির একজন মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালায়।

হামলার ঘটনায় সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মো. আল আমিন বাদী হয়ে বৃহস্পতিবার রমনা থানায় একটি মামলা করেন। এতে আসামির তালিকায় ১৮ জনের নাম বলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৮ থেকে ২০ জনকে।

মামলা হওয়ার দিন মো. পারভেজ ও জয়নাল আবেদিন নামের দুই আমামিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন পারভেজকে এক দিনের রিমান্ড এবং জয়নাল আবেদিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আদালতে বাপ্পি।

আদালতে বাপ্পি।

হামলার ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বিল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার এক নম্বর আসামি বিল্লালকে হাতিরঝিল থানার আমবাগান এবং তিন নম্বর আসামি বাপ্পিকে কেরানীগঞ্জ থানার মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। 

রোববার মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান নাহিদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী রাজিব সরকার রিমান্ড আবেদন বাতিল চান।

শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলা বলা হয়েছে, সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আকাশ ও রুমন নামে দুজন ধূমপান করছিলেন। সোহাগ পরিবহনের তিন কর্মচারী সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে প্রধান আসামি বিল্লালের নেতৃত্বে অন্যরা ধারালো অস্ত্র নিয়ে সোহাগ পরিবহনের মালিকের বাড়ির গ্যারেজের সামনের নিরাপত্তা প্রহরীর কক্ষের কাচ ভেঙে ফেলেন।

এ সময় সোহাগ কোম্পানির মালিকের ভাই ও কোম্পানির পরিচালক আলী হাসান তালুকদার, তার গাড়িচালক মাসুদ, কোম্পানির কর্মী হাসান তপন, ফরহাদ হোসেন, নাইমুর রহমান আদিব ও মাসুদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।

হামলাকারীরা সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ঢুকে ভাঙচুর করেন। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। তারা দুটি কাউন্টার থেকে টিকিট বিক্রির ১৭ হাজার ৫৭০ টাকা লুট করেন বলেও মামলায় বলা হয়েছে।

আগের খবর:

সোহাগ পরিবহনে হামলাস্বেচ্ছাসেবক দলের বিল্লালসহ গ্রেপ্তার আরও ২

গভীর রাতে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুর

ধূমপানে বাধা দেওয়ায় সোহাগ পরিবহনে হামলাপুলিশ