১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিরন জল্লার হরিজন কলোনি উচ্ছেদ নয়: আপিল বিভাগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই নির্ধারণ করেছে চেম্বার আদালত।

মিরন জল্লার হরিজন কলোনি উচ্ছেদ নয়: আপিল বিভাগ
রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 10:57 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদে হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেনি আপিল বিভাগ। 

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই নির্ধারণ করেছে চেম্বার আদালত। 

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দেন।

‘প্রতিবাদ করে উচ্ছেদ ঠেকাল শিক্ষার্থীরা, আতঙ্কে বাসিন্দারা’ শিরোনামে প্রথম আলোয় গত ১২ জুন একটি প্রতিবেদন প্রকাশ হয়। 

পরদিন প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা রিট করেন। 

মনোজ কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ জুন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ রুলসহ আদেশ দেয়। 

আদেশে উচ্ছেদ প্রক্রিয়ার ওপর ৩০ দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ওই কলোনির বাসিন্দাদের জন্য রাষ্ট্রের খালি জায়গায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। 

আশ্রয়ের ব্যবস্থা করার পর ওই বাসিন্দাদের সেখানে স্থানান্তর করার কথা বলা হয়।

হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আপিল বিভাগে লিভ টু আপিল করে। 

দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। রিটকারীদের পক্ষে শুনানি করেন সারা হোসেন; সঙ্গে ছিলেন মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস, আইনুন্নাহার সিদ্দিকা ও দুলাল মল্লিক।

পরে আইনজীবী মনোজ কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের দেওয়া অন্যান্য আদেশও থাকবে।”

দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন হরিজন সম্প্রদায়ের কর্মচারীদের জন্য দুটি বহুতল ভবন নির্মাণ করেছে। তাদেরকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

মিরন জল্লা হরিজন কলোনিতে হাই কোর্টের স্থিতাবস্থা