২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে সম্পদের দখল নিতে অপহরণের চেষ্টা, গুলি

ওই ঘটনায় একটি প্রাইভেটকারসহ দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

মতিঝিলে সম্পদের দখল নিতে অপহরণের চেষ্টা, গুলি
মতিঝিলে প্রাইভেটকারে এক ব্যক্তিকে তুলে নেওয়ার সময় পেছনে পেছনে অস্ত্র হাতে দৌড়ান এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 09:32 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঢাকার মতিঝিলে একটি জমির দখল নিতে এক ব্যক্তিকে প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

রোববার দুপুরে ওই ঘটনার সময় আরেক ব্যক্তি সেই গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছিলেন বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবুল হাসান।

পুলিশ বলছে, যে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ, তা মূলত দেবোত্তর সম্পত্তি। দখল-বেদখল নিয়ে এর আগে দুই পক্ষই থানায় জিডি করেছিল। রোববারের ঘটনার পর সেই প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে এক ব্যক্তিকে টেনে-হিঁচড়ে একটি সাদা প্রাইভেটকারে ওঠাতে দেখা যায়। সেসময় ওই গাড়ির পেছনে পেছনে অস্ত্র হাতে দৌড়াচ্ছিলেন আরেক ব্যক্তি। গুলির শব্দও শোনা যায় সেসময়। সিসিটিভি ভিডিওতে ওই ঘটনা ধরা পড়ে।

পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন, “যে ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তার নাম মো. ইলিয়াস। আর যিনি তুলে নিয়ে যাচ্ছিলেন তার নাম মহিউদ্দীন। ওই গাড়িসহ ইলিয়াস আর মহিউদ্দীনকে আটক করা হয়েছে। আর গাড়ির পেছনে দৌড় দিয়েছিলেন মো. রাজু।”

ওই ব্যক্তিরা আবাসন ব্যবসায়ী বলে জানান আবুল হাসান। তার ভাষ্য, “একটি জমির দখল-বেদখলকে কেন্দ্র করে ইলিয়াস ও রাজুর সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে মহিউদ্দীনের। দুই পক্ষই এর আগে পরস্পরের বিরুদ্ধে জিডি করেছিল হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে।

“আমরা জিডিমূলে কোর্টের কাছে তদন্ত করতে চেয়েছি। কোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করেছে। এর মধ্যেই রোববার এ ঘটনা ঘটল।”

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। তাতে দেখা যায় মহিউদ্দীন ও তার লোকজন ইলিয়াসকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফুটেজে দেখতে পাই, কিছুদূর যাওয়ার পর এক ব্যক্তি সেই গাড়ি লক্ষ্য করে গুলি করছে। পরে সেই গাড়িসহ আমরা ইলিয়াস ও মহিউদ্দীনকে থানায় নিয়ে এসেছি। ঘটনা যাচাই করে দেখছি।”

কোন জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ- জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এডিসি আবুল হাসান বলেন, “আমরা প্রাথমিকভাবে যতদূর জানি এটা দেবোত্তর সম্পত্তি। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে আমরা প্রতিবেদন দিয়েছি।”