২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমরা যে নাগরিক তা ভুলে গিয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা

“আমরা সবাই প্রজায় পরিণত হয়েছিলাম। সে পরিস্থিতি থেকে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন সমাজ পেয়েছি,” বলেন তিনি।

আমরা যে নাগরিক তা ভুলে গিয়েছিলাম: শিক্ষা উপদেষ্টা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ‘ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে উত্তরণের কথা তুলে ধরে তিনি বলেছেন, “আমাদের দায় ও দরদ থেকে এ দেশটাকে গড়ে তুলতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে, আমরা সুযোগ পেয়েছি নতুন চিন্তা করার, ন্যায়নিষ্ঠ সমাজ গড়ার, যে সমাজের প্রতিটি নাগরিক সমান।

“আমরা যে নাগরিক ছিলাম তা ভুলে গিয়েছিলাম। তখন (আওয়ামী লীগের সময়ে) কেবিনেট মন্ত্রীরা মন খুলে কথা বলতে পারত না। আমরা সবাই প্রজায় পরিণত হয়েছিলাম। সে পরিস্থিতি থেকে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন সমাজ পেয়েছি।”

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা। ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে ওই সেমিনার হয়ে বলে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেমিনারে রফিকুল আবরার বলেন, “শিশু ও কিশোরদের মুক্ত বিহঙ্গের মত বাধাহীনভাবে উড়তে দিতে হবে। যেন তারা মুক্ত মনে তাদের মত করে মেধা ও যোগ্যতা প্রয়োগ করে নিজেদের গড়ে তুলতে পারে।”

ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে ঢেলে সাজাতে রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনার কথা বলেন তিনি।