১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। 

শনিবার সকাল পৌনে ৭টায় আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হয়েছেন বলে জেনেছেন তারা। 

“তাকে গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। উনার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।”

ঘটনার বর্ণনায় বাবুল কাজীর বোন খিলখিল কাজী বলেন, "ভোরবেলায় বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। এখন তো শীতের কারণে আমরা সবাই দরজা-জানালা বন্ধ করেই রাখি।

“বাথরুমের ভেতরে আবদ্ধ হওয়ার কারণে সেখানে গ্যাস লাইটার জ্বালানোর পরই বিস্ফোরণ হয়। মিথেন গ্যাস বা কিছুর কারণে এটি হয়েছে। পরে আমরা হাসপাতালে এনেছি। এখন চিকিৎসা চলছে।”

নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল বলেন, “এখন তো আইসিইউতেই চিকিৎসাধীন আছেন। সবার কাছে আমরা দোয়া চাই। চিকিৎসকরা খুব চেষ্টা করছেন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সবাই দোয়া করবেন- আমার ভাইটা যেন বেঁচে যায়।"

এদিকে বাবুল কাজীর চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মারুফুল ইসলামকে সভাপতি করে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

বোর্ডের সদস্যরা হলেন- ঢাকা মেডিকেলের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম, হেপাটোলজি বিভাগের প্রধান ফারুক আহমেদ, অফথালমোলজি বিভাগের প্রধান মোশতাক আহমেদ, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ফোয়ারা তাসমীম, শরীফ আসফিয়া রহমান, হাসিব রহমান, মোহাম্মদ রবিউল করিম খান, তানভীর আহমেদ, কাজী ইমরান আহমেদ, মলয় কুমার দাস, মুহাম্মদ শায়েস্তা আলী খান, আসাদুজ্জামান, নেওয়াজ আহমেদ, মোহাম্মদ ইমতিয়াজ মাহবুব ও বীণা সরকার।

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন।

তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।

জাতীয় কবির আরেক ছেলে কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী।

তাদের তিন ছেলেমেয়ের মধ্যে কাজী অনির্বাণ সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে গত ২ অক্টোবর মারা যান। অনির্বাণের ভাই কাজী অরিন্দমের (সুবর্ণ) থাকেন কলকাতায়, আর তাদের বোন অনিন্দিতা কাজী নিউ জার্সি প্রবাসী।

তাদের বাবা অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল জীবিত থাকতেই মারা যান।