গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
“ফিলিস্তিনকে সমর্থন করতে হলে কাউকে মুসলিম হতে হবে না, একজন মানুষ হলেই হবে,” মানববন্ধনে বলেন এক শিক্ষার্থী।
ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শান্ত চত্বর সমবেত হন। সেখানে তারা মাননবন্ধন করে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।
‘সলিডারিটি উইথ ফ্রি ফিলিস্তিন মুভমেন্ট ইন আমেরিকান ইউনিভার্সিটিজ’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। যুদ্ধ বন্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
মুসলিম বিশ্বের নেতাদের সমালোচনা করে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আরাফাত বিল্লাহ বলেন, “আমাদের ভাইদের যখন হত্যা করা হচ্ছে, তখন আপনারা চুপ করে আছেন। আমরা জাতিসংঘ আর পশ্চিমা বিশ্বের কাছে বিচার চাচ্ছি। কিন্তু আমরা কি জানি না এই হামলার পেছনে পরোক্ষভাবে কাদের হাত আছে?
“এমন অবস্থায় তাদের কাছে বিচার চাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। আপনারা একতাবদ্ধ হয়ে এগিয়ে না আসলে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, “ফিলিস্তিনকে সমর্থন করতে হলে কাউকে মুসলিম হতে হবে না, একজন মানুষ হলেই হবে। বিবেক থাকলে কেউ ইসরায়েলি গণহত্যার সমর্থন করতে পারে না। ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থাগুলো আজ নিশ্চুপ।
“স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা বাঙালিদের ওপর যেভাবে গণহত্যা চালিয়েছে, ঠিক তেমনি আজ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে। পাকিস্তানিদের গণহত্যার তাণ্ডবের প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।”
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে। ইসরায়েলের বর্বোরচিত হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের নারী ও শিশুসহ প্রায় ৩৫ হাজার মানুষের প্রাণ গেছে।
গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। চলমান যুদ্ধের স্থায়ী বিরতির দাবিতে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে আসছেন। বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। গ্রেপ্তার হয়েছেন কয়েকশ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এ আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ব্যানারে।
