সাগরে লঘুচাপ, বাড়তে পারে গরম
দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।
উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, লঘুচাপটি বৃহস্পতিবারও থাকবে। পরদিন উপকূলে উঠে আসতে পারে। এটি ভারতের উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে। তিনি বলেন, এই সময় উত্তরাঞ্চলের তাপমাত্রা বাড়বে, বৃষ্টিপাতও কমবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলে আবার বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে সেদিকেও।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায়, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৯ মিলিমিটার। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল চট্টগ্রামের কুতুবদিয়া, টেকনাফ ও বান্দরবান, কিশোরগঞ্জের নিকলিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
