২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরজুড়ে কড়া নিরাপত্তা, যান চলাচল কম

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক রয়েছে জনমনে। সকাল থেকে ঢাকার রাস্তাঘাট দেখা গেছে তুলনামূলক ফাঁকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 10:48 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।

এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১০ থেকে ১৩ নভেম্বর সারাদেশে তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এই প্রেক্ষাপটে সকাল থেকেই হাই কোর্ট মাজার সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। 

কাছেই রয়েছে বিজিবি ও পুলিশের সাঁজোয়া যান। পুরো এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ট্রাইব্যুনালে ঢোকার সময় সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিনার মো. মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত ফোর্স ডেপ্লয় করা হয়েছে। জিরো পয়েন্ট, দোয়েল চত্ত্বর ও মৎস্যভবন এলাকায় চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। আমরা সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”

মামলা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের ট্রাইব্যুনালে প্রবেশ ও বের হওয়ার সময় পরিস্থিতি নির্বিঘ্ন করতে ‘বাড়তি দৃষ্টি’ রাখার কথাও বলেন এ পুলিশ কর্মকর্তা।

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনদের থামিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৭ হাজার পুলিশ সদস্য। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার কথা জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন। 

ঢাকায় নাশকতার জন্য বাইরে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এমন খবরে বুধ ও বৃহস্পতিবার রাতভর ঢাকার হোটেলে-মেসে পুলিশের অভিযান চলে।

হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন এসব তথ্য যাচাই করা হয়েছে। তাদের মোবাইল ফোন খুলে সেখানে আওয়ামী লীগের যোগাযোগের কোনো তথ্য রয়েছে কিনা সেগুলোও যাচাই করছে পুলিশ।

মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘সর্বাত্মক প্রস্তুতি’ রয়েছে তাদের। 

তার আওতাধীন এলাকায় ঢাকার ডেমরা, সাইনবোর্ড ও পোস্তগোলা হয়ে তিনটি ‘এক্সিট ও এন্ট্রি পয়েন্ট’ রয়েছে জানিয়ে তিনি বলেন, “তিনটা রোডেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট ও টহল কার্যক্রম চলামান রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে আমরা সতর্ক রয়েছি।”

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক রয়েছে জনমনে। স্বাভাবিক দিনে অফিসযাত্রার আগে ঢাকার বিভিন্ন সড়কে যানজট দেখা গেলেও এদিন সকাল থেকে ঢাকার আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, পল্টনসহ কয়েকটি এলাকা ঘুরে কোন যানজট চোখে পড়েনি।

গণপরিবহন কম থাকায় অফিসগামীদের অনেকেই ব্যাটারিচালিত ও সিএনজি চালিত অটোরিকশা ধরে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

ঢাকার শ্যামলী এলাকা থেকে উত্তরা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বেসকারি চাকরিজীবী ফরিদ আহমেদ। তিনি বলেন, “গাড়ি কম থাকায় সিএনজিতে বাড়তি ভাড়া চাচ্ছে। গত কয়েকদিনের অবস্থার কারণে কিছুটা ভয় থাকলেও প্রয়োজনে বের হতে হয়েছে।”

কী হবে- সেই শঙ্কা থেকে রাজধানীর অনেকগুলো বেসরকারি সংস্থা কর্মীদের বুধবার ‘হোম অফিস’ করার নির্দেশনা দিয়েছে।

অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফরমে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আবার সরকারের চাপে সরেও এসেছে। ঢাকার কয়েকটি স্কুল বুধবার শিক্ষকদের আসতে বললেও ক্লাসে মৌখিকভাবে শিক্ষার্থীদের বুধবার আসতে মানা করে দিয়েছে। কয়েকটি স্কুল ক্লাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।

পুরনো খবর

যেখানে সেখানে আগুন-বোমায় উৎকণ্ঠা, সতর্ক পুলিশ দিচ্ছে 'অভয়'

ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে বৃহস্পতিবার