২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল

১ অক্টোবর থেকে গুনতে হবে বাড়তি দুই হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 01:35 PM

Updated : 22 Sep 2026, 01:36 PM

কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে যে বহির্গমন ছাড়পত্র নিতে হয়, সেটির জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে।

এতদিন এ ফি সাড়ে তিন হাজার টাকা থাকলেও এখন থেকে গুনতে হবে সাড়ে পাঁচ হাজার টাকা।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং ডলারের বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ের জন্য এ কল্যাণ ফি (বিদেশগামী/বিদেশে অবস্থানরত/বিমানবন্দর থেকে আদায় করা) ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শাহজালাল বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের উপ পরিচালক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১ অক্টোবর থেকে নতুন এ কল্যাণ ফি কার্যকর হবে।

২০১৫ সালে সরকার বিদেশগামীদের জন্য সাড়ে তিন হাজার টাকা কল্যাণ ফি ঠিক করেছিল।

কল্যাণ ফির সঙ্গে বীমা ফি হিসেবে একহাজার টাকা দিতে হয় আবেদনকারীকে। তবে বিএমইটির স্মার্ট কার্ডের জন্য একসময় ৫০০ টাকা ফি আদায় করা হলেও বর্তমানে তা দেওয়া হচ্ছে বিনামূল্যে।

কল্যাণ ফি ও সামাজিক সুরক্ষার আওতায় নিবন্ধিত প্রবাসী কর্মী ও তাদের পরিবার একাধিক সরকারি সুবিধা পেয়ে থাকেন।

এর মধ্যে রয়েছে—প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকার চেক। এছাড়া নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ৩ লাখ টাকা এককালীন অনুদান দেওয়া হয়।

অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, তাদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী ডেটাবেজ এন্ট্রিসহ সার্বিক তদারকিও এই সেবার অংশ হিসেবে দেওয়া হয়ে থাকে।