২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির তথ্য আদান-প্রদানের আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

দুদকে গিয়ে এই আলোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি-বিরোধী সমন্বয়কারী রিচার্ড নেফিউ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 12:34 AM

Updated : 07 Aug 2023, 12:34 AM

দুর্নীতি প্রতিরোধের জন্য কীভাবে তথ্য আদান-প্রদান করা যায় সে বিষয়ে দুদকের সঙ্গে আলোচনা করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি-বিরোধী সমন্বয়কারী রিচার্ড নেফিউ।

রোববার বিকালে দুর্নীতি দমন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এই আলোচনা হওয়ার কথা জানিয়েছেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, “দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, কীভাবে তথ্য আদান-প্রদান করা যায়, তার ভেতরে মানি লন্ডারিং বলেন, অন্য কোনো তথ্য থাকে, সেগুলো আদান-প্রদানের বিষয়ে পারস্পরিক সহযোগিতা কীভাবে পাওয়া যেতে পারে, সে ব্যাপারে আলোচনা হয়েছে।”

মানি লন্ডারিং বা অন্য কোনো বিষয়ে কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে মাহবুব হোসেন বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ কারও কাছে চায়নি।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, “দুর্নীতির দমন সম্পর্কে, আইনের বিষয়ে ধারণা নিলেন। এবং এখন দুর্নীতি কিন্তু একটা দেশের নয়, এটা গ্লোবাল ইস্যু। এবং গ্লোবালি কীভাবে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে।” 

রাজনৈতিক বিষয়ে আলোচনা প্রসঙ্গে  এক প্রশ্নে তিনি বলেন, “নাহ, এর সঙ্গে আমাদের দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম, আজকের সৌজন্য সাক্ষাৎ, এর সাথে নির্বাচন বা কোনো দলীয় বিষয়ের সম্পৃক্ততা নেই।”