সাবেক এমপি কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার পথে দুদক
মামুনুর রশীদ কিরণের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ ৪৯ কোটি ৫৪ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরণ ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলার পথে হাঁটছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটি বলছে, ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলা দুটি করা হবে।
ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সংস্থার উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, মামুনুর রশীদ কিরণ ক্ষমতার অপব্যবহার করে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করে দখলে রাখেন। তার ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবে মোট ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার লেনদেনের প্রমাণ রয়েছে।
অপরদিকে কিরণের স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
