১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের সঙ্গী করছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের সঙ্গী করছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের চার কৃতি ক্রীড়াবিদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন কাতার সফরে তার সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

এই চার কৃতি ক্রীড়াবিদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে তার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। এবারই প্রথম কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চার নারী ক্রীড়াবিদ। তারা বলেছেন, সফরের আমন্ত্রণ পেয়ে তারা ভীষণ আনন্দিত, তাদের টিমমেটরাও উচ্ছ্বসিত।

নারী ফুটবলারদের উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ খুব একটা তাদের হয় না। সেজন্য তারা কাতার নারী ফুটবল দলকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান। এ সফরে তারা কাতারের স্পোর্টস ফ্যাসিলিটিগুলো ঘুরে দেখতে চান। তাদের পেশাগত ভাবনা জানতে চান।

নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, কাতারে ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। তারা এ সফরে ক্রিকেট নিয়ে কাতারের মানুষের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করতে চান। বাংলাদেশের ক্রিকেট দলের সাফল্যের গল্পগুলো তুলে ধরতে চান। সেজন্য তারা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার নারী ক্রীড়াবিদ বৈঠকে নিজেদের জীবনসংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে বলেন। সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে তারা ধন্যবাদ জানান।

তাদের জীবনের অভিজ্ঞতা এবং কাতার সফর নিয়ে পরিকল্পনা শুনে উৎসাহ ও সমর্থন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এ দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এ দেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পেরে আমিও ভীষণ আনন্দিত।”

নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ইউনূস।

আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চার দিনের সফরে কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।