১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা হচ্ছে

তার স্ত্রী রওশন আক্তার চৌধুরীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিস দিয়েছে দুদক।

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা হচ্ছে
এনামুর রহমান-ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

অনুসন্ধানের বরাতে দুদক দাবি করছে, ঢাকা-১৯ আসনের সাবেক এই সংসদ সদস্য ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 

রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য দিয়েছেন।

দুদকের অনুসন্ধানের বরাতে এ কর্মকর্তা বলেন, এনামুর রহমানের তার পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

এ ছাড়া, এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া গেছে। দুদকের ধারণা, তার নামে বেনামে আরও সম্পদ থাকতে পারে। এ কারণে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে বলে তুলে ধরেছেন আক্তার হোসেন।

তিনি বলেছেন, এনামুর রহমানের বৈধ আয় ছিল ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। কিন্তু অনুসন্ধানে তার নামে ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ, ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের উৎস ‘অজানা’। তার পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনকভাবে জমা হয়েছে এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন করা হয়েছে। 

দুদকের অভিযোগ, এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে সাবেক এই মন্ত্রী অর্থ পাচারে জড়িত।

এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হচ্ছে বলে তুলে ধরেছেন দুদক কর্মকর্তা আক্তার হোসেন।

গত ৫ অগাস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পালাবদলে পর সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সাবেক মন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। 

তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

পেশায় চিকিৎসক এবং সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনাম ২০১৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় থাকলেও ২০২৪ সালে বাদ পড়েন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন।