১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয় কমিটির

শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, তা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।

সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয় কমিটির
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:25 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সরকারি চাকরির শূন্য পদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়। 

বৈঠকের কার্যপত্রে বলা হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে তিন লাখ ৭০ হাজার ৪৪৭ পদ ফাঁকা রয়েছে। 

কমিটি গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত শূন্য পদ পূরণ করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

এ ছাড়া আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড), সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে শূন্য পদের সংখ্যা বলা হলেও মন্ত্রণালয়ভিত্তিক তথ্য দেওয়া হয়নি। তাই আগামী বৈঠকে মন্ত্রণালয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে। আর শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, তা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদীয় কমিটির বৈঠক থেকে জানতে চাওয়া হয়েছে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে কতটি শূন্য পদ রয়েছে । আমরা তিন লক্ষ ৭০ হাজার  শূন্য পদের কথা জানতে পেরেছি।

“মামলার কারণে স্থগিত থাকা পদগুলোর বিষয়েও আমরা একটা রূপরেখা জানতে চেয়েছি। পাশাপাশি মন্ত্রণালয় অধিদফতর ওয়ারি একটি রূপরেখা জানতে চেয়েছি। সেই প্রতিবেদন পেলে আমরা নীতিগত সিদ্ধান্ত নেব কী হবে না হবে, কীভাবে বাস্তবায়ন হবে।”

তিনি বলেন, বৈঠকে দ্রুত সরকারি শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়ার হয়েছে, যাতে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়।  

কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরি, বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।