২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার পাণ্ডুলিপি সম্পাদনারাখাল রাহা’র সাথে আলাপ

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 31 Mar 2011, 07:11 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM

[বাংলাদেশে প্রথম ম্যানুস্ক্রিপ্ট এডিটিং হাউজ 'সম্পাদনা' (১২৫ আজিজ সুপার মার্কেট, আন্ডারগ্রাউন্ড ফ্লোর। ইমেইল: sompadona@gmail.com) প্রতিষ্ঠা করেছেন রাখাল রাহা। বাংলাদেশের প্রকাশনা জগতের মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত 'সম্পাদনা' ম্যানুস্ক্রিপ্ট এডিট করার পাশাপাশি কর্মশালা ও সেমিনারের মাধ্যমে প্রকাশনার ক্ষেত্রে ম্যানুস্ক্রিপ্ট এডিটিং-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছে। নতুন ধরনের এই প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে বলেছেন 'সম্পাদনা'র উদ্যোক্তা রাখাল রাহা।–বি.স.]

রাখাল রাহার কাছে জানতে চাই তাঁর ম্যানুস্ক্রিপ্ট এডিটিং হাউজ 'সম্পাদনা'র বিষয়ে। এ সম্পর্কে তিনি বলেন, ''আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে প্রফেশনাল এডিটিং, প্রফেশনাল ম্যানুস্ক্রিপ্ট এডিটিং অর্থাৎ পাণ্ডুলিপি সম্পাদনার যে কাজ, সেটা আমরা এখানে প্রফেশনালি শুরু করার চেষ্টা করছি।'' কবে থেকে এটা শুরু করেছেন জানতে চাই। বললেন, ''আসলে শুরুতে এই ব্যাপারটা আমার ব্যক্তিগত একটা উদ্যোগের মতই ছিল এবং প্রাথমিকভাবে আমি এর কাজও শুরু করেছিলাম ২০০১ বা ২০০২ এর দিকে। কিন্তু পরবর্তীসময়ে বিভিন্ন প্রফেশনাল কাজে জড়িয়ে যাওয়ায় এ জিনিসটাকে আর সেভাবে অগ্রসর করে নিতে পারিনি। পরে ২০১০ সালে এসে, জুন-জুলাই থেকে আমরা আবার এটা শুরু করেছি। এবার এটাকে পুরোদমে প্রফেশনাল একটা জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কাজ শুরু করেছি। আমরা এটাকে সচেতন ও সৃষ্টিশীল একটা প্রচেষ্টা এবং সর্বোপরি প্রফেশনাল জায়গায় দাঁড় করানোর উদ্যোগ হিসেবে গ্রহণ করেছি।''


……….
রাখাল রাহা
……….

'ম্যানুস্ক্রিপ্ট এডিটিং' বা 'পাণ্ডুলিপি সম্পাদনা' এই পদ্ধতিটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই তার কাছে। তিনি বলেন, ''ওয়ার্ল্ডওয়াইড ম্যানুস্ক্রিপ্ট এডিটিং এর নানা ধরনের স্টেপ আছে। স্পন্সরিং এডিটিং, ডেভেলাপমেন্টাল এডিটিং, কপ এডিটিং ইত্যাদি বিভিন্ন ধাপ রয়েছে। তো প্রথমেই যে ধাপ সেটা হচ্ছে স্পন্সরিং-এর কাজ এবং স্পন্সরিং এডিটরই এই কাজটা করেন। প্রথমে তিনি ম্যানুস্ক্রিপ্টটা লেখকের কাছ থেকে সংগ্রহ করেন বা স্পন্সর করেন। যে এরকম এই বিষয়ে আমার একটা ম্যানুস্ক্রিপ্ট দরকার অথবা আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ তো আপনি এরকম একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে পারবেন বা করবেন কিনা। এভাবে কনভিন্স করেন লেখককে। এই হল স্পন্সরিং এডিটিং-এর কাজ। এরপরে আসে ডেভেলাপমেন্টাল এডিটিং। ডেভেলাপমেন্টাল এডিটিং-এ একটা ম্যানুস্ক্রিপ্ট আসার পর সেটাকে ব্যাপকভাবে রি-অ্যারেঞ্জমেন্ট করে তার যে টার্গেট রিডার আছে তার জন্য যা কিছু করা দরকার সেটা করা হয় ।

এরপর আসে ম্যানুস্ক্রিপ্ট এডিটিং। ম্যানুস্ক্রিপ্ট এডিটর ম্যানুস্ক্রিপ্টটার টেক্সট, তার ল্যাঙ্গুয়েজ, উপস্থাপন, সোর্স, সাইটেশন থেকে শুরু করে হেডিং, সাব হেডিং, টেবিল, ফটোগ্রাফ ইত্যাদি সমস্ত জায়গাকে তিনি তার এডিটিং-এর আওতার মধ্যে নিয়ে আসেন এবং এডিট করেন। তো এরপর আসলে যে কাজটা বাকি থাকে সেটা হল প্রুফ রিডারের কাজ। প্রুফ রিডিং-এর কাজটা যিনি করেন তিনি সাধারণত কোনো একটা হাউজ স্টাইল ফলো করে থাকেন। সেটা হতে পারে বিডিনিউজের একটা হাউজ স্টাইল, হতে পারে প্রথম আলোর একটা হাউজ স্টাইল বা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের একটা হাউজ স্টাইল। এরকম নানা রকম হতে পারে। তো সেই স্টাইল এবং যে ভাষায় তিনি কাজ করছেন সেই ভাষার প্রমিত যে বানান রীতি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে তিনি মোটামুটি একটা ইন্সট্রাকশন দিয়ে ঠিকঠাক করেন। যেটা অন্যান্য প্রফেশনাল প্রুফ রিডাররা করে থাকেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি প্রসেসটা।

প্রুফরিডিং এর বাইরে এই যে আরও ব্যাপক কাজের কথা বললাম সে কাজগুলো ইন্টারন্যাশনালি করা হয় কিন্তু আমাদের দেশে এটা হয় না। এখানে ম্যানুস্ক্রিপ্ট একবারেই লেখকের কাছ থেকে পাবলিশার্সের কাছে চলে যায় এবং সেখান থেকে সরাসরি চলে যায় প্রুফ রিডারের কাছে। আর সেখান থেকে সেটা বই আকারে বের হয়ে যায়। এই পদ্ধতিটাই বহু বছর ধরে চলে আসছে। তো আমরা চাচ্ছি এই যে পদ্ধতি এটার একটা সংস্কার হওয়া দরকার। কেনই বা বাইরের দেশগুলোর মত আমাদের বইগুলো ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাচ্ছে না? কেন আমাদের গবেষণা গ্রন্থ বা মৌলিক কাজগুলোও সেইভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না সারা বিশ্বের কাছে, এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।

আমাদের এখানে আমরা শুধু যে এই কাজগুলো করছি তা নয়, আমরা বিভিন্নভাবে এই ভাবনাগুলোকে, এই আইডিয়াগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এ বিষয়ে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করেছি এবং সামনে আরও কিছু ওয়ার্কশপের প্রস্ত্ততি নিচ্ছি। যেমন কিছু দিন আগে আমরা আমাদের লাস্ট ওয়ার্কশপটা করলাম, জানুয়ারিতে বইমেলা শুরু হওয়ার দুইদিন আগে। এর আগের ওয়ার্কশপটা ছিল গতবছর নভেম্বরে। এছাড়া আমরা আরও একটি ওয়ার্কশপের পরিকল্পনা করছি এই মার্চে। মার্চের শেষ সপ্তাহে।''

ওয়ার্কশপে কী কী বিষয় নিয়ে আলোচনা করেন জানতে চাইলে তিনি বলেন, ''আসলে এখানে আমরা শুধু যে আলোচনা করি তা না। ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের আমরা এক ধরনের ট্রেইনআপও করি। মূলত আমরা সারা দিনব্যাপী ওয়ার্কশপ করি। ম্যানুস্ক্রিপ্ট এডিটিং-এর একাডেমিক যে কনসেপ্ট আমরা সেই বিষয়ে আলোচনা করি। আপনি হয়ত জানেন যে পাবলিশিং, এডিটিং, এ বিষয়গুলো বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে অনার্স ও মাস্টার্স লেভেলে পড়ানো হয়। সেখানে বুক পাবলিশিং, এডিটিং, এরকম ডিপার্টমেন্ট আছে। সেখান থেকে ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স করে, ডক্টরেড কিংবা পোস্ট ডক্টরেট হয়। ওখানে এরকম একটা শ্রেণী বা স্কলার্স গ্রুপ তৈরি হচ্ছে যারা এই জিনিসগুলো জানে। ফলে লেখকরা চাইলেই কোনো এলোমেলো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে পাবলিশারের কাছে যেতে পারেন না আবার পাবলিশাররাও বোঝেন যে এসব ম্যানুস্ক্রিপ্ট ছাপলে তাদের রেপুটেশন কোথায় যাবে বা তার প্রতিষ্ঠান কীভাবে ট্রিটেড হবে। সুতরাং বিলো স্ট্যান্ডার্ডের ম্যানুস্ক্রিপ্টগুলো পাবলিশারদের কাছে যাওয়ার কোনো সুযোগই পায় না। ফলে কোয়ালিটি ম্যানুস্ক্রিপ্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু আমাদের এখানে যেহেতু ইউনিভার্সিটি পর্যায়ে এরকম কোনো ডিপার্টমেন্ট নাই বা এরকম কোনো ডিপ্লোমাও কোথাও চালু নাই ফলে এখানে এই জিনিসটা সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ খুব কম মানুষেরই আছে। দুই একজন পাবলিশারের কিছু ধারণা আছে। এর মধ্যে আমি বলব ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর কথা। এরকম একটার কথাই বলা যাবে। প্রকৃত অর্থে এডিটিং জিনিসটা বোঝেন বা জানেন এরকম প্রকাশক খুব কমই আছেন বাংলাদেশে। একটা অর্থে সবাই আসলে এডিটিং করেন বটে কিন্তু এরকম প্রফেশনাল ভাবে এখানে ওই ইউপিএল বা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডই করে। এর বাইরে আর কোনো প্রকাশনী এটা করে বলে আমার জানা নাই। তো সেজন্যই আমরা আমাদের ওয়ার্কশপগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করে থাকি। এই পদ্ধতিটা কী, এটা কেন দরকার, এর উপকারিতা কী, প্রকাশকেরা কেন এই বিষয়টা নিয়ে ভাববে, কেনই বা লেখকেরা এটা গ্রহণ করবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কথা বলি। আমরা ম্যানুস্ক্রিপ্ট এডিটিং-এর এই ধারণাটা সবার মাঝে পৌঁছে দিতে চাই। লোকে যাতে জানে যে এরকম একটা বিষয় আছে, যেটা বাইরের উন্নত দেশগুলোতে ফলো করা হয় এবং আমরা আমাদের এখানেও যাতে এটা শুরু করতে পারি।''


'সম্পাদনা'-এর কর্মশালায় বক্তৃতা রাখছেন উদ্যোক্তা রাখাল রাহা

ম্যানুস্ক্রিপ্ট বাছাইয়ের পদ্ধতিটা সম্পর্কে জানতে চাই তার কাছে। তিনি বলেন, ''এখানে দুইটা বিষয় আছে। এক হচ্ছে যে আমাদের যে স্পন্সরিং এডিটর উনি সাধারণত যেটা করেন সেটা হচ্ছে তিনি হয়ত কোন বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ একজনকে বলেন যে আপনি অমুক বিষয়ে একটা লেখা তৈরি করেন বা এরকম একটা বিষয় নিয়ে লিখবেন কিনা ভাবেন। ক্ষেত্র বিশেষে হয়ত যিনি লেখক তাকে কনভিন্সও করা লাগতে পারে। এটা হল একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে অনেক সময় অনেক লেখক আমাদের কাছে আসেন তাদের ম্যানুস্ক্রিপ্ট নিয়ে। তারা সবাই যে খুব খ্যাতিমান বা পরিচিত তা সবসময় না। তো তারা যখন আসেন আমাদের কাছে তখন আমাদের প্রথম কাজ হয় তাদের ম্যানুস্ক্রিপ্টটা সম্পর্কে তাদের সাথে কিছু আলোচনা করা। তার ম্যানুস্ক্রিপ্টটা কেন এডিট করতে হবে, কী পর্যায়ের কাজ আমরা করব সেই বিষয়-আশয় সম্পর্কে তাকে আমাদের ধারণা দিতে হয় এবং ক্ষেত্র বিশেষে তাকে কনভিন্সও করতে হয়। আবার তারা নিজেরাও যেহেতু এই বিষয়ের সাথে পরিচিত না অনেক সময় নিজেরাই হয়ত বলেন যে, আমার লেখাটা কেউ ঠিকঠাক করে দিক। তখন সেই ঠিকঠাকের মাত্রাটা কতটুকু হতে পারে সেই সম্পর্কেও তাকে আমরা ধারণা দিই। অর্থাৎ আমরা সরাসরি লেখকের সাথে কথা বলে তার ম্যানুস্ক্রিপ্টটায় কী ধরনের কাজ করতে হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিই। অনেক সময় তিনি আমাদের সাথে একমত হন আবার কখনো হন না।''

কেউ ডিস-অ্যাগ্রি করলে সেক্ষেত্রে কী করেন, জানতে চাই। তিনি বলেন, ''কেউ যদি ডিস-অ্যাগ্রি করে তাহলে যেটা হয় যে তিনি হয়ত তার ম্যানুস্ক্রিপ্টটা আমাদেরকে দিলেন না। এই তো ঘটবে ব্যাপারটা? তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটারও দরকার আছে। তিনি হয়ত ডিস-অ্যাগ্রি করলেন কিন্তু এই যে কিছু জিনিস যেটা আমরা তার স্ক্রিপ্টে করার কথা ভাবলাম বা করার জন্য তাকে বললাম এতে হবে কী যে তিনি নিজে হয়ত একটা সময় রিয়েলাইজ করবেন বা অন্ততপক্ষে চিন্তা করবেন যে একটা ম্যানুস্ক্রিপ্টের সাথে এরকম নানা বিষয় জড়িত থাকে। সুতরাং এখানে একটা শেয়ারিং হল। এটাও আমাদের লাভ। কারণ আমরা তো চাইছি এটা সবাই জানুক। বিষয়টাকে প্রচারণায় আনা দরকার বলেই তো মনে করছি আমরা। তো এইটার মধ্যে দিয়ে অন্তত সেই কাজটুকু তো হচ্ছে। আর যিনি অ্যাগ্রি করলেন তিনি তো নানা পর্যায়ে আমাদের সাথে যুক্ত হলেনই। কারণ এডিটিং হচ্ছে এমন একটা কাজ যেটা কেউ একা করতে পারে না। খুবই জটিল একটা কর্ম। এর নানা পর্যায়ে, নানা কাজে লেখকের সম্পৃক্ততা দরকার হয়।''

ফিন্যানশিয়াল সাপোর্টটা কোথা থেকে পান জানতে চাইলে তিনি বলেন, ''এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে, ম্যানুস্ক্রিপ্টটার যিনি লেখক তিনি তো একটা সার্ভিস নিচ্ছেন আমাদের কাছ থেকে। তো অন্যান্য সার্ভিসের মত যে সার্ভিসটা তিনি নিচ্ছেন আমাদের থেকে, এটার জন্য তাকে একটা মিনিমাম অর্থ দিতে হয় আমাদেরকে। আর তিনি যদি শুরু থেকেই তার ম্যানুস্ক্রিপ্টটা কম্পোজ করে, ডিজাইন করে ও এডিটিং করে পুরো কাজটাই আমাদের হাউজ থেকে করেন তবে সেটার জন্যও তাকে আরেক রকমভাবে পে করতে হবে। আবার তিনি চাইলে সব রেডি করে এনে শুধু এডিটিং-এর কাজটা আমাদের এখান থেকে করাতে পারেন। তাহলে সে জন্য আবার তাকে হয়ত একটু কম পে করতে হবে। এটা আমরা শুরুতেই একটা নেগোসিয়েশনের মাধ্যমে লেখকের সাথে ঠিক করে নিই।''

একটা এডিটিং হাউজে কী পরিমাণ লোকবল দরকার হয় জিজ্ঞেস করলে তিনি বলেন, ''একটা এডিটিং হাউজে বিভিন্ন পর্যায়ে অনেক লোকবল দরকার। কিন্তু আমাদের দেশে তো এখনও সেই পরিস্থিতি তৈরি করা যায় নি। যেমন, আমাদের হাউজে এখন সেই অর্থে ম্যান পাওয়ার বলতে যেটা বোঝায় সেটা নেই। কারণ আমরা যারা এখানে এডিটিং এর সাথে যুক্ত আছি তারা কেউই ফুলটাইম এই কাজের সাথে ইনভল্ভড না। আর সেটা হওয়ার মত একটা পজিশন আমরা এখনও অর্জন করতে পারিনি। প্রথম প্রথম যখন আমরা কাজ শুরু করি তখন অনেকেই আমাদের এরকম প্রশ্ন করত। বলত যে তোমাদের এখানে নিশ্চয় অনেক অভিজ্ঞ লোক আছে, তো আমাদের এখানে কিছু ম্যান পাওয়ার প্রোভাইড কর। তখন আমি তাদেরকে বলতাম যে আমাদের কাছে আসলে কেউই নেই! আমরা নতুন একটা কাজ শুরু করেছি। ম্যান পাওয়ার বলুন আর যাই বলুন, আমাদের সাথে এসে আরও মানুষ যুক্ত হোক সেটা আমরাও চাইছি। তাদেরকে আমরা ফাইন্ড-আউট করতে চাচ্ছি। তাদেরকে আমরা এই সেক্টরে প্রোভাইড করার চেষ্টা করছি।''

একটা ম্যানুস্ক্রিপ্ট সম্পাদনা করতে কী রকম সময় লাগে, জানতে চাই। তিনি বলেন, ''আসলে একেকটা ম্যানুস্ক্রিটের ক্ষেত্রে একেকরকম সময় লাগে। এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এটা ম্যানুস্ক্রিটের সাবজেক্টের উপর যেমন নির্ভর করে তেমনি আবার ভলিউম অব ওয়ার্ক, অর্থাৎ টেক্সটের আয়তনের উপরেও নির্ভর করে। আবার ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদির ক্ষেত্রে এডিটিং-এর সুযোগটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। অন্যদিকে একটা একাডেমিক কাজ, রিসার্চ বা গবেষণাধর্মী কাজের ক্ষেত্রে এডিটিং-এর বহুমাত্রিক স্কোপ থাকে। আবার কোনো প্রবন্ধ বা কোনো গবেষণাধর্মী লেখার বিষয়ের উপরও এডিটিং-এর সময়টা নির্ভর করে। যেমন আইনের বই হলে একরকম। শারীরবিদ্যা বা পদার্থবিদ্যা হলে একরকম। আবার অর্থনৈতিক, ঐতিহাসিক বা রাজনৈতিক বিষয়ের হলে অন্যরকম হবে। ইভেন, বাংলাসাহিত্য নিয়ে হলেও আরেক রকম হবে। তো এই জিনিসটার উপরেও আসলে সময়টা নির্ভর করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে, লেখক কোন অবস্থায় তার ম্যানুস্ক্রিপ্টটা আমাদের কাছে এনেছেন সেইটার উপরেও সময়টা নির্ভর করে। তিনি যদি হাতে লেখা পাণ্ডুলিপি আমাদের কাছে আনেন তখন সেটা কম্পোজ করে কাজ করতে আমাদের অনেক সময় লেগে যায়। লেখার মানের উপরেও সময়টা নির্ভর করে। টেক্সট যদি খুব র (raw) অবস্থায় থাকে তাহলে সেটাকে ডেভেলাপমেন্টাল ওয়ার্ক করে এডিট করতে সময় বেশি লাগে। আর অন্যদিকে ডেভেলাপমেন্টাল ওয়ার্ক না করা লাগলে বা তুলনামূলকভাবে কম করা লাগলে সময়ও কম লাগে। আবার এই ফ্যাক্টরগুলোই কিন্তু কস্টিং-এর ক্ষেত্রেও হেরফের ঘটায়। তো এই হল ব্যাপারটা। যে কারণে একটা ম্যানুস্ক্রিপ্ট এডিট করতে আসলে কত সময় লাগবে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।''

এ পর্যন্ত কতগুলো পাণ্ডুলিপি সম্পাদনার কাজ করেছেন, প্রশ্ন করি। তিনি বলেন, ''আসলে কতগুলো কথাটা না বলাই ভাল! খুব বেশি কোনো কাজ আমরা এখনও পর্যন্ত করিনি। এর মধ্যে দুটো বইয়ের কথা আমি বলব, যেগুলো আমাদের হাউজ থেকে আমরা এডিট করেছি। দু'টি বইই এবারের বইমেলাতে (একুশে বইমেলা ২০১১) পাবলিশ হয়েছে। একটি হচ্ছে অঞ্জন মাহফুজের মরমী বিদ্যা বা মিস্ট্রিসিজম নিয়ে লেখা একটি বই। নাম 'অন্তর তীর্থে'। এটি এই লেখকের প্রথম বই। এটার সাবটাইটেল হচ্ছে, 'মরমী বিশ্বের মৌনভাব', বইটি প্রকাশ করেছে 'চর্চা' নাম করে একটা নবীন পাবলিশার। এই বইটির মধ্য দিয়েই তারা তাদের যাত্রা শুরু করেছে। আর আরেকজন লেখক হচ্ছেন সাইমন জাকারিয়া। তিনি অবশ্য এসময়ের প্রমিনেন্ট লেখকদের একজন। তার বইটির নাম 'Pronomohi Bongomata' (প্রণমহি বঙ্গমাতা). বাংলা নামই ইংরেজিতে লেখা হয়েছে। এটার সাবটাইটেল হচ্ছে 'Indigenous Cultural forms of Bangladesh', এটা বাংলাদেশের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের উপর লেখা একটি গবেষণা গ্রন্থ। বইটি প্রকাশ করেছে Nymphea পাবলিকেশন। তো এই বইটি আমরা এডিট করেছি এবং এটাকে ইন্টারন্যাশনাল একটা জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছি। যেহেতু আমাদের এখানে বই প্রকাশের ক্ষেত্রে সবসময় একটা তাড়াহুড়া থাকে, পাবলিশারের দিক থেকে মেলাকেন্দ্রিক একটা ব্যাপার থাকে, তাই আমাদেরকে টাইম কন্সট্রেইনট-এ কাজ করতে হয়। তো এর মধ্যেই যতটুকু সম্ভব আমরা সেটা করার চেষ্টা করেছি। আমরা এই বইগুলোকে ইন্টারন্যাশনালি রেপ্যুটেড একটা জায়গায় নিতে চেষ্টা করেছি, এখন কতটা পেরেছি সেটা বলতে পারব না। তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি।''

এ মুহূর্তে কোনো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ''হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমরা বেশ কিছু ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। কিন্তু ডেভেলাপমেন্টাল স্টেজে থাকা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা তো আসলে আমাদের নিজস্ব ব্যাপার নয়। এটা তো লেখকের ব্যক্তিগত একটা বিষয়। তাই তাদের অনুমতি ছাড়া নামগুলো বলাটা উচিৎ হবে না। আমরা এখন বেশ কিছু পাণ্ডুলিপি নিয়ে কাজ করছি'' নিজেদের হাউজ থেকে এডিট করা ম্যানুস্ক্রিপ্টগুলোর পাবলিশার পাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ''আসলে আমাদের কাজ তো মূলত ম্যানুস্ক্রিপ্ট এডিট করা। এক্ষেত্রে আমরা লেখককে নানাভাবে টেকনিক্যাল সাপোর্ট এবং ক্ষেত্রবিশেষে কিছু কনসেপ্চুয়াল সার্পোট দিয়ে থাকি। তো এর বাইরে অন্য কোনো সাপোর্ট আমাদের দেওয়ার কথা না। কিন্তু কখনো যদি আমরা দেখি যে একটি ম্যানুস্ক্রিপ্ট এডিটিং শেষে তা কমপ্লিটলি পাবলিশিং-এর উপযোগী আছে কিন্তু যিনি লেখক তিনি সেটা কোনো প্রকাশককে বলতে পারছেন না বা তার হয়ত প্রকাশকদের সাথে সেরকম যোগাযোগ নেই কিংবা তিনি যদি নতুন লেখক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমরা তাকে এরকম একটা সাপোর্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা হয়ত কোনো পাবলিশারকে বলি বা তাদের সাথে নেগোশিয়েট করে একটা সমাধানের চেষ্টা করি। কিন্তু কখনোই আমরা বিলো স্ট্যান্ডার্ডের কোনো ম্যানুস্ক্রিপ্টের জন্য কোনো প্রকাশকের কাছে সুপারিশ করি না। এ ব্যাপারে শুরু থেকেই আমরা নীতিগতভাবে দায়বদ্ধ থাকি। কারণ আমরা তো চাইছিই যে আমাদের এখানে পাবলিকেশনের যে সংখ্যা সেটা কমে আসুক এবং কোয়ালিটি ম্যানুস্ক্রিপ্ট বা কোয়ালিটি পাবলিকেশন বৃদ্ধি পাক।''

ভবিষ্যতে পাবলিকেশনের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ''না। এটা একেবারেই নেই। কারণ আমরা শুরু থেকেই এটা মনে করছি যে পাবলিশিং ও এডিটিং–এ দুইটা জায়গা আলাদা হওয়া দরকার। বিশ্বের উন্নত দেশগুলোতে তাই-ই আছে। কিন্তু আমাদের এখানে এটা প্রায় নেই বললেই চলে। এখানে যারা পাবলিশার তারাই দেখা যায় এই এডিটিং-এর কাজটা করে থাকেন। কিন্তু তারা তো এ বিষয়ে এক্সপার্ট না। ফলে যেটা হয়, একদিকে যেমন বইয়ের মানটা বৃদ্ধি পায় না আবার অন্যদিকে বইয়ের প্রচারণা বা বেচাকেনার দিকটাও ঠিক মত দেখা হয় না। যে কারণে বাংলাদেশের বইগুলোর মান বাড়ছে না। কারণ একজন প্রকাশকের তো অনেক কাজ। তাকে তার বইয়ের বিজনেস, প্রচারণা, বইয়ের কাটতি ও অন্যান্য ব্যবসায়িক দিকটা সামলাতে হয়। তার তো এই বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকার কথা। কিন্তু আমাদের এখানে একজন প্রকাশককে দু'টোই করতে হয়। তাই তিনি কোনোটাই মনোযোগ দিয়ে করতে পারেন না। ফলে দু'টাতেই বিঘ্ন ঘটে। এ কারণেই এখানে বইয়ের বিক্রি কম। আমাদের বইগুলো আন্তর্জাতিক বাজারে ভাল জায়গা করে নিতে পারছে না, বহির্বিশ্বের স্বীকৃতি অর্জন করতে ব্যর্থ হচ্ছে। তো এই সব কারণে আমরা আসলে শুরু থেকেই একটা পজিশন নিয়েছি যে আমরা আমাদের কাজের দ্বারা এই সত্যটাই সবার কাছে স্টাবলিশ করতে চাই যে, এডিটিং হাউজ আর পাবলিশিং হাউজ যে দু'টো ভিন্ন ব্যাপার, দুটো ভিন্ন সেক্টর এবং দু'টো সেক্টরেরই কাজ যে আলাদা–এটাই আমরা সবাইকে বলতে চাচ্ছি। তো সেই জায়গা থেকেই আমরা আসলে এই এডিটিং সেক্টরটাকেই আরও ডেভেলপ করতে চাই, আরো প্রচারণার মধ্যে নিয়ে আসতে চাই। আমরা পাবলিশিং-এর কথা একেবারেই ভাবছি না।''

মৌলিক রচনা বা ক্রিয়েটিভ রাইটিং-এর ক্ষেত্রে এই এডিটিং প্রসেস কতটা কার্যকরী, জানতে চাই। তিনি বলেন, ''ক্রিয়েটিভ রাইটিং-এর ব্যাপারটা আসলে বরাবরই একটু ক্রিটিক্যাল। ক্রিয়েটিভ রাইটাররা সব সময়ই তাদের কাজের ব্যাপারে খুব সেনসিটিভ হন। সব লেখকই। শুধু বাংলাদেশে না সারা বিশ্বের সকল ক্রিয়েটিভ রাইটারই তাদের লেখার ব্যাপারে একটু বেশি সেনসিটিভ হয়ে থাকেন। তারা দেখা যায় তাদের টেক্সটের একটি দাঁড়ি কমার ব্যাপারেও বেশ সচেতন থাকেন। তো এক্ষেত্রে যেটা হয় যে এডিটিং-এর মাত্রাটা একটু ভিন্নরকম হয়। যেমন ধরুন, একটা কবিতার ম্যানুস্ক্রিপ্ট আনা হল। তো আমরা হয়ত সেই ম্যানুস্ক্রিপ্টটা পড়ে তাকে সাজেশন দিতে পারি যে, আপনার কবিতার ক্ষেত্রে এই কবিতাগুলো হচ্ছে এই ট্রেন্ডের তো আবার কিছু কবিতা আছে যেগুলো হচ্ছে ট্রেন্ডের বাইরে, তো আপনি কি এই কবিতাগুলো এখানে রাখবেন না এই জায়গায় নতুন কোনো কবিতা দিবেন কিংবা আপনি চাইলে এটা করতে পারেন, এরকম আর কি। আমরা কখনোই তাকে বলব না তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে। আমরা হয়ত তাকে তার অসঙ্গতির জায়গাগুলো ধরিয়ে দেব এবং সেগুলোর কী সমাধান হতে পারে তা বলে দেব, কিন্তু কখনোই তিনি না চাইলে তার ম্যানুস্ক্রিপ্টে কোনো চেঞ্জ আমরা নিজে থেকে আনব না। এটা শুধু কবিতার ক্ষেত্রে না; গল্প, উপন্যাস, প্রবন্ধ বা অন্যান্য ক্রিয়েটিভ রাইটিং-এর ক্ষেত্রেও আমরা এটা করে থাকি। আর এসবের বাইরেও একটা বুক ডেভেলাপমেন্টের তো আরও কিছু বিষয়-আশয় থাকে। কিছু টেকনিক্যাল ব্যাপার যেমন প্রোডাকশন, বাইন্ডিং, প্রিন্টিং স্টাইল, গ্রাফিক্স ডিজাইন, এরকম আরও কতগুলো বিষয়ও যুক্ত থাকে। এ সব বিষয়ও আমাদের এডিটিং-এর আওতাভুক্ত। এই কাজগুলোও আমাদেরকে করতে হয়। আর এডিটিং মানেই কারও সমস্ত টেক্সট কেটেকুটে নিজের ইচ্ছামত একটা কিছু দাঁড় করিয়ে দিলাম তা তো আর না!''

পাণ্ডুলিপি সম্পাদনার জন্য মূলত কী কী মেথড ব্যবহার করেন জানতে চাইলে তিনি বলেন, ''প্রফেশনাল এডিটিং-এর জন্য অনেক ধরনের বই পাওয়া যায়। এডিটিং-এর যে কতগুলো স্টেজ আছে প্রত্যেকটার জন্য একাডেমিক্যালি রেপ্যুটেড এরকম প্রায় কয়েকশ বই পাওয়া যায়। যেমন, ইনডেক্সিং-এর জন্য বই আছে, ডিজাইনিং-এর উপরে আছে, কভার ডিজাইন, ডেভেলাপমেন্টাল ওয়ার্ক ইত্যাদি প্রায় সব বিষয়ের উপরেই বই পাওয়া যাবে। প্রুফ রিডিং-এর জন্যই কয়েক'শ বই পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে এই বইগুলোর কথা সেভাবে কেউ জানে না বা পড়ে না। ফলে তারা সামনে অন্যদেরকে যেভাবে করতে দেখছে সেটাই অনুসরণ করে অথবা নিজে যেভাবে বোঝেন সেভাবেই তার মত করে এডিট করছেন। এটাই এখনো হয়ে আসছে এখানে। এ বিষয়টা নিয়ে কেউ স্টাডি করেন না বা নতুন ধরনের কোনো এক্সপেরিমেন্টের অভ্যাসও কারও মাঝে নেই।''

আপনি এই বিষয়ে প্রথম আগ্রহী হলেন কীভাবে জানতে চাই। তিনি বলেন, ''আসলে আমি প্রায় গত বিশ একুশ বছর ধরে পাবলিকেশনের সাথে জড়িত আছি। স্টুডেন্ট লাইফ থেকেই আমি বিভিন্ন প্রফেশনাল হাউজের সাথে যুক্ত ছিলাম। ফলে আমার এই বিষয়ে জানাশোনার সুযোগ ঘটেছে। এই বিষয়ের উপর ইন্টারন্যাশনাল মানের কিছু বই পুস্তক আমার দেখবার ও পড়বার সৌভাগ্য হয়েছে। তো এভাবেই একসময় আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে বই প্রকাশের যে পদ্ধতিটা অনেক বছর ধরে চলে আসছে এতে একটা পরিবর্তন আনা খুবই জরুরি। তা না হলে আমরা বাইরের দুনিয়া থেকে বরাবরই পিছে পড়ে থাকব, আমাদের অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও। তো সেই চিন্তা থেকেই আমি আসলে এই কাজটা শুরু করেছি। আমি বলব না যে আমরা সবকিছু একেবারে রাতারাতি চেঞ্জ করে ফেলব। কিন্তু এই কাজটাই হয়ত সামনে কোনো বড় পরিবর্তনের সূচনা করবে বা অন্য কাউকে এই বিষয়টা নিয়ে আরও বড় কিছু ভাবতে উদ্বুদ্ধ করবে। সেটাই আমরা আশা করছি। তা না হলে এখন মেলায় কিংবা সারা বছর ধরে আমরা যে প্রকাশনাগুলো দেখে আসছি এর চেয়ে খুব বেশি কিছু আর আমরা আশা করতে পারব না।''

তো এই বিষয়ে সামনে কোনো বড় পরিকল্পনা আছে আপনাদের? জানতে চাই। তিনি বলেন, ''কিছু পরিকল্পনা আমাদের আছে। আর এর মধ্যে কিছু আমরা বাস্তবায়নও করেছি। যেমন, আমাদের প্রথম পরিকল্পনা ছিল এ বিষয়টা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। সেটা আমরা শুরু করেছি আমাদের ওয়ার্কশপগুলোর মধ্য দিয়ে। এই মুহূর্তে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে একটা রেগুলার ইন্টারভেল-এ এই ওয়ার্কশপগুলো আয়োজন করা। এডিটিং-এর এই কনসেপ্টটা সবার মাঝে আরেকটু এক্সপ্যান্ড করা। প্রতি মাসে বা অন্তত দুই তিন মাস অন্তর অন্তর যেন এই ওয়ার্কশপটা আমরা আয়োজন করতে পারি। আরেকটা বিষয় হল কিছু লেখালেখির মাধ্যমে এডিটিং-এর এই বিষয়টাকে সবার কাছে পৌঁছে দেয়া। সেজন্য দরকার হলে আমরা কোনো পাবলিকেশনের দ্বারস্থ হব। এডিটিং কী, কেন, এই বিষয়গুলো নিয়ে হয়ত ছোট একটা বই বা পুস্তিকা বের করতে পারি। তবে এগুলো এখনো ভাবনার মধ্যেই আছে। এছাড়া আরেকটা চিন্তা আছে আমাদের যে এই বিষয়ের উপর একটি ডিপ্লোমা কোর্স চালু করা। সেটা দুই বা তিন বছরের একটা ডিপ্লোমা কোর্স হতে পারে বা এরকম আর কি। এটা হলে আমরা আরও স্কিলড ও কোয়ালিফাইড কিছু ছেলেমেয়ে পাব আমাদের এ সেক্টরে কাজ করার জন্য।''

নতুন লেখকদের ক্ষেত্রে ম্যানুস্ক্রিপ্ট এডিটিং কোনো বিশেষ প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ''আমার মনে হয় ফেলবে। কারণ নতুন লেখকদের অভিজ্ঞতা তো একটু হলেও কম থাকে। তো তারা শুরু থেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানলে যেটা হবে, তারা এ বিষয়গুলো নিয়ে প্রথম থেকেই সচেতন থাকবে। তারা নিশ্চয় চাইবে যে তাদের প্রথম বই একটা ন্যূনতম মান নিয়ে বের হোক। ফলে তারা এই বিষয়ে আগ্রহী হবে এবং এডিটিং-এর এই বিষয়টি তাদের কাছে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্যতা পাবে বলেই আমার বিশ্বাস।''

২৬/০২/২০১১

লেখকের আর্টস প্রোফাইল দেখতে ক্লিক করুন: প্রমা সঞ্চিতা অত্রি

—
ফেসবুক লিংক । আর্টস :: Arts