২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেমকন সাহিত্য পুরস্কার ২০১০

প্রমা সঞ্চিতা অত্রি

Published : 19 Dec 2010, 05:47 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM


'জেমকন সাহিত্য পুরস্কার ২০১০' প্রদান অনুষ্ঠানের মঞ্চে আসীন বিচারকমণ্ডলী ও অন্যান্য, ডায়াসে বক্তব্য রাখছেন 'তরুণ কথাসাহিত্যিক ২০১০' পুরস্কারপ্রাপ্ত এমরান কবির

জেমকন সাহিত্য পুরস্কার-২০১০ প্রদান উপলক্ষে ৬ ডিসেম্বর, ২০১০ সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের বলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করে জেমকন গ্রুপ। অন্যান্য বছরের মত এ বছরও তারা পুরস্কৃত করেন একজন বর্ষসেরা লেখককে—তাঁর প্রকাশিত বইয়ের জন্য এবং একজন তরুণ লেখককে—তাঁর লেখা পান্ডুলিপির জন্যে।

আমন্ত্রণপত্রে অনুষ্ঠান শুরুর সময় বিকাল ৫টা উল্লেখ থাকলেও অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় সন্ধ্যা ৭.০০টা বেজে যায়। শামা রহমানের একক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান চলাকালে হলঘরের প্রধান বাতি নিভিয়ে দিয়ে একটি মনোরম পরিবেশ সৃষ্টির ছিল। মঞ্চে লাইটের কাজ ছিল বেশ চোখে পড়ার মত। সঙ্গীত পর্ব শেষে মঞ্চে আসেন উপস্থাপিকা শারমিন লাকী। তিনি এসে জুরি বোর্ডের সদস্যদের মঞ্চে আসন গ্রহণের জন্য আহ্বান জানান।
—————————————————————–
"জীবন সম্পর্কে ওয়াসী আহমেদের সংবেদী দৃষ্টিভঙ্গি 'ত্রিসীমানা' গল্পগ্রন্থের নয়টি গল্পে উজ্জ্বল। কী কাহিনী বয়ানে, কী নির্মাণ কৌশলে, কী বিষয় ভাবনায়, প্রতিটি গল্পই সুমিত, সুনির্মিত ও সুশিক্ষিত, চরিত্রগুলো জীবন্ত ও তাদের অবস্থান আমাদের চেতনার একেবারে গভীরে। তাঁর বর্ণনায় কৌতুক আছে, সহানুভূতি আছে, সূক্ষ্ম বিদ্রুপ আছে, আছে মনোবিশ্লেষণের অপার দিগন্ত। সাহিত্যের এমন হৃদয়সংবেদী কথাসাহিত্যিককে 'জেমকন সাহিত্য পুরস্কার-২০১০' প্রদান করতে পেরে আমরা আনন্দিত।"
—————————————————————-
জুরি বোর্ডের সদস্যদের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করেন মঈনুল আহসান সাবের, খালেদ হুসাইন, কাজল বন্ধ্যোপাধ্যায়, হায়াৎ মামুদ, সৈয়দ মনজুরুল ইসলাম, মহিদুল আলম প্রমুখ। বিশেষ কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জুরি বোর্ডের তিন সদস্য শামসুজ্জামান খান, ভারতের কবি বিভাস রায় চৌধুরী ও দেশ পত্রিকার সম্পাদক হর্ষ দত্ত।

এর পর স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন জেমকন গ্রুপের পরিচালক ডঃ কাজী আনিস আহমেদ। তিনি জেমকন সাহিত্য পুরস্কার প্রবর্তন, লেখক, গ্রন্থ ও পাণ্ডুলিপি বাছাই পদ্ধতি ও এর বর্তমান অবস্থা তাঁর বক্তব্যে তুলে ধরেন। তাঁর বক্তব্যের কিছু অংশ উদ্ধৃত করা হল:

'জেমকন সাহিত্য পুরস্কার -২০১০' এর অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জেমকন গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠান আজকের কাগজ ও কাগজ প্রকাশনী ২০০০ সাল থেকে তরুণদের কাছ থেকে সৃজনশীল লেখার পান্ডুলিপি আহ্বান করছে। সে বছর থেকেই নির্বাচিত পান্ডুলিপি থেকে তরুণ কথাসাহিত্য পুরস্কার প্রদান করে আসা হচ্ছে।


…………….
পুরস্কার ঘোষণা করছেন জেমকন গ্রুপের পরিচালক ড. আনিস আহমেদ
…………….

পুরস্কার প্রাপ্ত পান্ডুলিপি আমরা পরবর্তী বছর কাগজ প্রকাশনী থেকে প্রকাশ করে থাকি। প্রাথমিক বাছাই পর্বে প্রতিবছর নতুন বিচারকমন্ডলী নিয়ে জুরি বোর্ড গঠন করা হয় এবং চূড়ান্ত বিচার কাজে পাঠানোর আগে পান্ডুলিপি থেকে লেখকের নাম ও লেখার শিরোনাম তুলে দেয়া হয় যাতে করে জুরি বোর্ড লেখক নয় কেবল লেখাকেই মূল্যায়ন করতে পারেন সহজেই। এতে বিগত বছরে আমরা সাফল্য পেয়েছি, প্রথম পুরস্কার প্রাপ্ত তরুণ কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সগীর আহমেদ থেকে শুরু করে জাকির তালুকদার, সাদ কামালী, হুমায়ুন মালিক, সাকিনা পারভীন, সালমা বাণী, মাহবুব মোর্শেদ, নাসিমা আনিস, শামীম কামরুল, তপন বাগচী ও শাজাহান সিরাজের মত অনেক নতুন প্রতিভাবান তরুণ লেখককে আমরা পাঠকদের সামনে তুলে আনতে পেরেছি। এটাকে আমরা আমাদের মূল সাফল্য বলে মনে করছি এবং এখন তারা অনেকেই বা বলা যায় প্রত্যেকেই বাংলাদেশের সাহিত্য অঙ্গনে লেখক হিসেবে প্রতিষ্ঠিত। আমরা ২০০৩ সাল থেকে বছরের শ্রেষ্ঠ গ্রন্থকেও পুরস্কৃত করার প্রথা চালু করেছি। এই পর্যায়ে ২০০৩ সালে প্রথম মামুন হুসাইন ও পরের বছর প্রয়াত লেখক শহীদুল জহির পুরস্কারপ্রাপ্ত হন। মাঝে এক বছর পুরস্কারটি দেয়া হয়নি। কিন্তু তার পরে সৈয়দ মনজুরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, প্রয়াত সেলিম আল দীন, নির্মলেন্দু গুণ, তাঁদের মত লেখকদেরকে পুরস্কৃত করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।'

পুরস্কার প্রদান

জেমকন গ্রুপের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম ও তাদের বইয়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ড: কাজী আনিস আহমেদ। 'জেমকন সাহিত্য পুরস্কার ২০১০' এ ভূষিত করা হয় লেখক ওয়াসী আহমেদকে তাঁর 'ত্রিসীমানা' গল্পগ্রন্থটির জন্য। আর 'জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১০' প্রদান করা হয় লেখক এমরান কবিরকে তার 'নিদ্রাগহন মহাশূন্য' পাণ্ডুলিপির জন্য। এটিও একটি গল্পগ্রন্থের পাণ্ডুলিপি। এ বছর বর্ষসেরা গ্রন্থের চূড়ান্ত ক্যাটাগরিতে 'ত্রিসীমানা' ছাড়াও ৪টি বই ছিল। সেগুলো হচ্ছে ড. মুহম্মদ সাদিকের গবেষণা গ্রন্থ 'সিলেটি নগরী', জ্যোতি প্রকাশ দত্তের স্মৃতিমূলক গ্রন্থ 'সময় ভোলে না কিছু', রফিক আজাদের কাব্যগ্রন্থ 'অন্তরঙ্গ দীর্ঘশ্বাস' ও জাকির তালুকদারের 'মুসলমানমঙ্গল', নবীন কথাসাহিত্যিকদের মধ্যে শর্ট লিস্টে ছিল ফজলুল কবিরীর 'মগজের নাটাই' ও মাসুদুল হকের 'দিনমুলুক', সুভাশিষ সিনহার 'কুলিমঙ্গল'।


হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন ও জেমকন কথাসাহিত্যিক ২০১০ ওয়াসি আহমেদ

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার পর মঞ্চে আসেন জুরি বোর্ডের অন্যতম সদস্য ইমদাদুল হক মিলন, তিনি পুরস্কার প্রাপ্ত তরুণ লেখক এমরান কবিরের গ্রন্থটি (নিদ্রাগহন মহাশূন্য) সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন,
'আমাদের দেশের সাহিত্য পুরস্কারগুলো নিয়ে আমার মনোভাব খুব সুবিধের না। আমাদের দেশের সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে এক ধরনের পক্ষপাতিত্বের গন্ধ পাওয়া যায়। নানরকম কথা শুনতে পাই আমরা। ইত্যাদি ইত্যাদি কারণে সাহিত্য পুরস্কারগুলো আজ ভারাক্রান্ত। কিন্তু গত কয়েক বছর ধরে জেমকন গ্রুপ যে পুরস্কারটি দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রটিতে এখনো কোন খারাপ কথা শোনা যায়নি। সেজন্য জেমকন সাহিত্য পুরস্কার ও এই পুরস্কারের প্রবর্তকদের ধন্যবাদ জানাচ্ছি।'

এর পরে তিনি বলেন,'এ বছর যে তরুণ লেখক পুরস্কার পেলেন—এমরান কবির তাঁর 'নিদ্রাগহন মহাশূন্য' বইটির জন্য, সেই গল্পগুলো আমি পড়েছি এবং সাথে অন্যান্য পান্ডুলিপিগুলোও পড়েছি। এটি আমার কাছে বিশেষভাবে মনে হচ্ছে যে, এ লেখক সম্পর্কে বলার আগে অন্য লেখকদের সম্পর্কেও আমি একটু বলে নিতে চাই। আমি খুব অবাক হয়ে লক্ষ করেছি যে চারটি পান্ডুলিপি আমার হাতে পৌঁছেছিল সেগুলোর প্রত্যেকটিই ছিল আঞ্চলিক ভাষায় লেখা। মানে বর্ণনার ক্ষেত্রে আঞ্চলিকতার ব্যবহার করা হয়নি কিন্তু সংলাপের ভাষা ছিল আঞ্চলিক। এই প্রবণতাটি আমার খুব ভাল লেগেছে। যেহেতু আমি নিজে বিক্রমপুর অঞ্চলের ভাষায় মাঝে মাঝে লিখে থাকি এছাড়াও এটা হয়ত সবাই স্বীকার করবেন যে বাংলা সাহিত্যের যে উপন্যাসগুলোকে আমরা ভাল বলি তার অধিকাংশই কিন্তু গ্রামনির্ভর। সে কারণে আঞ্চলিক ভাষার লেখার প্রতি আমার একটি অন্য ধরনের মমত্ববোধ রয়েছে। তাই তরুণ লেখকদের লেখায় এ প্রবণতাটি দেখে আমার খুব ভাল লেগেছে।

এবার এমরান কবিরের প্রসঙ্গে আসি। তাঁর দু'টি গল্পের কথা বিশেষভাবে বলতে চাই। একটি গল্পের নাম হল 'নিদ্রাগহন মহাশূন্যে' যার নামে বইটি লেখা। এ গল্পে একটি গ্রামের কয়েকজন যুবক ব্যাঙ ধরে খেয়েছিল। তারপর একজন যুবকের শুধুই ঘুম পাচ্ছে। সেই ঘুম ভাঙ্গছে এবং আবার আসছে। এ গল্পটি এত সুন্দর করে লেখা এবং আঞ্চলিক ভাষার এত সুন্দর ব্যবহার যে আমি পড়ে মুগ্ধ হয়েছি। আরেকটি গল্প সেটি একেবারেই রাজনৈতিক একটা গল্প। কচু পাতার মধ্যে ধানের শীষের একটি ছবি ভেসে উঠেছে। আমরা খবরের কাগজে প্রায়ই এরকম কিছু ঘটনা শুনি যে, কোন গ্রামে হয়ত গাছে একটা পেঁপে ধরেছে এবং তার মধ্যে মানুষের মুখ দেখা যাচ্ছে। তো এই গল্পটিও সেরকম যে কচু পাতার মধ্যে ধানের শীষের ছবি দেখা যাচ্ছে। তো এটি নিয়ে গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া পড়েছে। কেউ বলছে হ্যাঁ এটাতো ধানের শীষেরই ছবি আবার কেউ বলছে না ওখানে তো রয়েছে নৌকার ছবি, কেউ আবার বলছে, কই আমি তো দেখছি দাঁড়িপাল্লা। শেষে একজন শিক্ষক এসে বলেন, এখানে আসলে কোন কিছুরই ছবি নেই এখানে তোমরা তোমাদের নিজেদের ছবি দেখতে পাচ্ছো। এই গল্পটি দারুণভাবে একটি রাজনৈতিক গল্প এবং আমাদের দেশের চেহারাটিকে আমরা এই রাজনৈতিক গল্পের মধ্য দিয়ে দেখতে পাই।'


আনোয়ারা সৈয়দ হক ও পিয়ারী বেগম

এর পর মঞ্চে আসেন মঈনুল আহসান সাবের। তিনি এমরান কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন ও সম্মাননা পত্র পাঠ করেন। তিনি বলেন, 'নিদ্রাগহন মহাশুন্যে'র পান্ডুলিপিতে এমরান কবির চেতন ও অবচেতনের গোলকধাঁধায় এক কাব্যিক মোহময় গদ্যে কাহিনী নির্মাণ করেছেন। গল্প নিজের কথা নিজেই বলে যার জন্য কোন মুখবন্ধের দরকার হয় না। তাঁর এ পান্ডুলিপিতে যেভাবে হৃদয়-মনন, কল্পনা ও মেধা সমন্বিত হয়েছে তা ভবিষ্যতে একজন সার্থক কথাসাহিত্যিক হিসেবে তাঁর তৈরি হওয়ারই ঈঙ্গিত। তাই এমন গদ্যকারকে তার প্রথম লেখা পান্ডুলিপির জন্য পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।' সম্মাননা পত্র পাঠ শেষে মঈনুল আহসান সাবের আনুষ্ঠানিক ভাবে তা তুলে দেন এমরান কবিরের হাতে এবং তাঁকে 'জেমকন তরুণ কথাসাহিত্যিক -২০১০' বলে ঘোষণা করেন। করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। এরপর এমরান কবিরের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। তাকে উত্তরীয় পরিয়ে দেন কবি বেলাল চৌধুরী। কাগজ প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর গ্রন্থটি তাকে প্রদান করেন কবি কামাল চৌধুরী এবং নগদ পঁচিশ হাজার টাকা অর্থ মূল্য প্রদান করেন জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ।
—————————————————————–
'তো ভারতে যখন আমি পুরস্কারটি পাই তখন আমি তাদেরকে বলেছিলাম যে, আপনাদের এ পুরস্কারটিকে আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার বলতে পারব না, অর্থের দিক দিয়ে; কারণ ঠিক এক বছর আগে আমি বাংলাদেশ থেকে এর চেয়ে বেশি মূল্যের একটি পুরস্কার পেয়েছি! কাজেই এটি আমার পাওয়া দ্বিতীয় বড় পুরস্কার! তো আমি চাই যে, এরকম বাইরে থেকে কোন পুরস্কার পাওয়ার আগেই আমি যেন দেশ থেকে তার চেয়েও বড় পুরস্কার পেতে পারি। ধন্যবাদ সবাইকে।'
—————————————————————-
এমরান কবির মঞ্চে আসন গ্রহণ করার পর বক্তব্য দেন জুরি বোর্ডের আরেক সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি 'জেমকন সাহিত্য পুরস্কার ২০১০' প্রাপ্ত কথাসাহিত্যিক ওয়াসী আহমেদের 'ত্রিসীমানা' বইটি সহ তাঁর অন্যান্য সাহিত্যকর্ম গুলো নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যর কিছু অংশ উদ্ধৃত করা হল- 'প্রথমেই আমি পুরস্কারটি নিয়ে কিছু কথা বলতে চাই। জেমকন সাহিত্য পুরস্কার, এটি আমাদের দেশের প্রধান সাহিত্য পুরস্কার গুলোর একটি। যে কথা মিলন বলে গেল তার সাথে আমি একমত, এখানে কোন পক্ষপাতিত্ব দেখান হয় না সে ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। তবে একটি পক্ষপাতিত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে তরুণদের প্রতি আর সৃজনশীল লেখার প্রতি। এ এক মধুর পক্ষপাতিত্ব। এর প্রতি আমারও পক্ষপাতিত্ব আছে।

এবার ওয়াসী আহমেদ প্রসঙ্গে আসি। আমাকে যখন বিচারকার্যের জন্য ওয়াসী আহমেদ এর 'ত্রিসীমানা' বইটি পড়তে দেওয়া হয় তখন ওয়াসী আহমেদ আমার প্রিয় লেখক হওয়া সত্ত্বেও আমি কিছুটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কারণ, আমরা ইউনিভার্সিটির টিচাররা শিক্ষক হিসেবে যতটা না পারদর্শী তার চেয়ে অনেক বেশি পরিচিত অভিজ্ঞ খাতা দেখাবিদ হিসেবে! প্রতি মাসে প্রায় তিনশ থেকে চারশ খাতা তো দেখতে হয়-ই তার সাথে রয়েছে আরও কিছু অভিসন্দর্ভ! কাজেই আমাকে যখন ওয়াসী আহমেদের পান্ডুলিপিটা পড়তে দেয়া হয় তখন তিনি আমার প্রিয় লেখক হওয়া সত্ত্বেও আমি রীতিমত টেনশনেই পড়ে গিয়েছিলাম! কিন্তু যখন আমি তার বইটি পড়া শুরু করি তখন ভুলে যাই তাঁর সাথে আমার কখনো কোনও পরিচয় আছে। তার লেখাটাই প্রধান হয়ে দাঁড়ায় আমার কাছে। যেসব কারণে আমি ওয়াসী আহমেদের লেখা পছন্দ করি তার তিনটি প্রধান কারণের একটি হচ্ছে 'জীবন সম্পর্কে তাঁর অত্যন্ত সংবেদী দৃষ্টিভঙ্গি'। আমি মনে করি একজন লেখক যদি কোন চরিত্রের মধ্যে প্রবিষ্ট হতে না পারেন, যদি মানুষের জীবনে ঢুকে সে মানুষের সুখ দুঃখের অংশীদার হতে না পারেন, যদি তিনি এই দেশের মাটির এবং জলের নির্যাস গ্রহণ করতে না পারেন তা হলে তিনি খুব ভালোভাবে তার অভিজ্ঞতাগুলোকে প্রকাশ করতে পারেন না। দ্বিতীয় কারণটি হচ্ছে 'তাঁর ভাষা'। খুব নির্মেদ তাঁর ভাষা, কোন অকারণ বাহুল্য নেই। কিন্তু মানুষ, মানুষের মনের যে চিন্তাভাবনা গুলি তিনি ব্যাখ্যা করেন, বিভিন্ন সূক্ষ্ম অনুভুতির বর্ণনা দেন তখন খুব ব্যঞ্ছনাধর্মী হয়ে দাঁড়ায় সেই ভাষা। এই ভাষা আমাকে টানে। তৃতীয়ত, আমার বিবেচনায় সেই গল্পকারই সার্থক যিনি নিজের বিবেচনায় পাঠকের হাত ধরে গল্পের মাঠে প্রবেশ করে, তাঁকে নিয়ে সেখানে ছেড়ে দিবেন এবং পাঠক তাঁর রাস্তা নিজেই আবিস্কার করে নিবেন। তীরচিহ্নগুলি তিনি শুধু নির্দিষ্ট করে দেবেন কিন্তু তিনি বলবেন না যে এই গল্পের ভেতর এই আছে। তিনি কখনও অনুসন্ধানের ভিতরের বিষয়গুলি বর্ণনা করবেন না। তিনি অনুসন্ধানের উদ্যোগটুকু গ্রহণ করে নিরাপদ দূরত্বে চলে যাবেন। বা অনেকটা ছেলেবেলার বায়োস্কোপ দেখার মত যে, পরবর্তী ফ্রেমে কি আসবে তা দেখতে পাওয়া ও না পাওয়ার এক যুগপৎ আনন্দ। এই জিনিসটি আমি ওয়াসী আহমেদের লেখার মাঝে দেখতে পাই।


পুরস্কারপ্রাপ্ত দুই লেখককে নিয়ে কাজী শাহেদ আদমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী ও হাসান আজিজুল হক

ওয়াসী আহমেদ নিজেই আমাকে বলেছেন 'ত্রিসীমানা' তাঁর শ্রেষ্ঠ কোন কাজ নয়। সব লেখকই অবশ্য এমন বলে থাকে! তবে আমি তার সাথে দ্বিমত পোষণ করছি, ওয়াসী যে ধারায় লিখে থাকে সে ধারার একটি সুষ্পষ্ট প্রতিফলন রয়েছে তার এই 'ত্রিসীমানা' বইটিতে। বইটি কয়েকটি গল্পের সমষ্টি। একটি গল্প বাদে প্রায় সব গল্পই স্থাপিত নাগরিক জীবনে। তার গল্পগুলোতে বর্ণনার কারুকাজের তেমন কোন জায়গা ছিল না। গল্পগুলো যতটা না বর্ণনাধর্মী তার চেয়ে অনেক বেশি ঘটনাধর্মী। তবে যেখানে বর্ণনার প্রয়োজন সেখানে তিনি অসম্ভব সুন্দর বর্ণনা প্রদান করতে পেরেছেন। যদিও ওয়াসী আমাকে বলেছেন তাঁর শ্রেষ্ঠ কাজগুলো এখনও হয়নি। হয়ত তাঁর শ্রেষ্ঠ লেখাগুলোর দিকে এখন সে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।'

ওয়াশি আহমেদকে পুরস্কার প্রদান ও সম্মাননা পাঠ করতে মঞ্চে আসেন জুরিবোর্ডের অন্যতম সদস্য হায়াৎ মামুদ। তিনি বলেন, "জীবন সম্পর্কে ওয়াসী আহমেদের সংবেদী দৃষ্টিভঙ্গি 'ত্রিসীমানা' গল্পগ্রন্থের নয়টি গল্পে উজ্জ্বল। কী কাহিনী বয়ানে, কী নির্মাণ কৌশলে, কী বিষয় ভাবনায়, প্রতিটি গল্পই সুমিত, সুনির্মিত ও সুশিক্ষিত, চরিত্রগুলো জীবন্ত ও তাদের অবস্থান আমাদের চেতনার একেবারে গভীরে। তাঁর বর্ণনায় কৌতুক আছে, সহানুভূতি আছে, সূক্ষ্ম বিদ্রুপ আছে, আছে মনোবিশ্লেষণের অপার দিগন্ত। সাহিত্যের এমন হৃদয়সংবেদী কথাসাহিত্যিককে 'জেমকন সাহিত্য পুরস্কার-২০১০' প্রদান করতে পেরে আমরা আনন্দিত।"

এরপর ওয়াসী আহমেদের হাতে সম্মাননা পত্রটি তুলে দেন হায়াত মামুদ। ওয়াসী আহমেদকে উত্তরীয় প্রদান করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তাকে ক্রেস্ট প্রদান করেন সাবেক শিক্ষা উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী, বই প্রদান করেন সৈয়দ শামসুল হক এবং নগদ দুই লক্ষ টাকা প্রদান করেন জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ।

অভিব্যক্তি প্রকাশপর্ব

এ পর্বে প্রথমে 'জেমকন সাহিত্য পুরস্কার-২০০৯' প্রাপ্ত কবি নির্মুলেন্দু গুণ তাঁর অনুভূতি ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।


নির্মুলেন্দু গুণ, পিয়ারী বেগম ও জাফর আলম

তিনি বলেন, 'গত বছর এ পুরস্কারটি বোধ হয় জুন মাসে দেয়া হয়েছিল। যাহোক এবার একটু বিলম্ব করে এ পুরস্কারটি প্রদান করা হল। আমি কিন্তু এতে—এই সময়টা প্রলম্বিত হওয়াতে বেশ খুশী ছিলাম। আমি নিজেকে বাংলাদেশের সবচেয়ে অর্থকরী পুরস্কারে পুরস্কৃত লেখক হিসেবে দাবী করতে পারতাম। আজকে থেকে এই কৃতি আমাকে ওয়াসী আহমেদের সাথে শেয়ার করতে হচ্ছে! গত বছর এই পুরস্কার আমি পেয়েছিলাম এই বইটির জন্য, 'আত্মকথা ১৯৭১' (দর্শকদের উদ্দেশ্য বইটি তুলে ধরেন)। এ বইটির ৩য় মুদ্রণ গতকালকে প্রকাশিত হয়েছে। আমার মনে হয় বিষয়টি পাঠক গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছেন। সে জন্যই আমার অন্য কোন বই এত দ্রুত বিক্রি হয় না যতটা না হয়েছে এ বইটি! সেদিক থেকে এই পুরস্কারটির একটি অর্থমূল্য তো আছেই আবার গ্রন্থ বিক্রির ক্ষেত্রেও এই পুরস্কার সহায়ক বলেই আমার মনে হয়েছে। আমি এই পুরস্কারটি যখন পেয়েছিলাম তখন উপস্থিত শ্রোতারা স্বভাবতই একটু অস্বস্তির মধ্যে ছিলেন যে, এই দুই লক্ষ টাকা এই দরিদ্র লেখক কি কাজে ব্যয় করবে। তাদেরকে স্বস্তি দিয়ে আমি বলেছিলাম এই অর্থ আমার দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণে ব্যয় হবে, সেটি হল আমি যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি তার সঙ্গে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা। তখন যে করতালি আমি পেয়েছি তাতে আমার মনে হয়েছিল আমার ধারনাই সত্যি, উপস্থিত দর্শকরা এ অর্থ কি উপায়ে ব্যয় হবে তা নিয়ে একটা অস্বস্তির মাঝেই ছিলেন!

আজকে আমি আনন্দের সঙ্গে আরও দু'একটি তথ্য আপনাদের জ্ঞাতার্থে বলছি। একটি বাক্স গত বছর আমাকে জেমকন সাহিত্য পুরস্কারের পক্ষ থেকে দেয়া হয় পুরস্কারের অর্থ বহনের জন্য। এটি আমার অর্থ বহনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। আমি এটিকে সেই থেকে আমার অর্থ বহনের কাজে ব্যবহার করে আসছি। এটির বরকত আছে! গ্রামের স্কুল, লাইব্রেরী করার পর আমার মনে হল এতে একটা পুকুর কাটলে তার যে ছায়া এসে পুকুরে পড়বে সেটা বেশ একটা তাজমহলের ইমেজ তৈরি করবে! তখন আমার আরও টাকার দরকার পড়ল এবং আমি ছবি আঁকতে বসে গেলাম। সেই ছবি আঁকা থেকে আমি প্রায় তিন লক্ষ টাকা আয় করলাম! তো এই পুরস্কারটি আমাকে সামাজিকভাবে কিছু কন্ট্রিবিউট করার ক্ষেত্রে আমার ভিতর অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। সেজন্য আমি কৃতজ্ঞ। হয়ত তখন এ পুরস্কারটি না পেলে আমার মাঝে যে স্বপ্নগুলো ছিল সে স্বপ্নগুলো মরে যেত।

তারপর পুরস্কার পুরস্কার আনে। Misfortune never comes alone আমি বলি Fortune also never comes alone! সৌভাগ্যও কখনো একা আসে না। সম্প্রতি আমি ভারত থেকে একটি পুরস্কার পেয়েছি—আমি ভাল কবিতা লিখি এই বিবেচনায়! তো এই বিবেচনা তারা করতেই পারেন! সেই পুরস্কারেরর মূল্য ছিল এক লক্ষ ভারতীয় রুপি। সে অর্থও আমি এই বাক্সের মধ্যে করেই নিয়ে এসেছি! সেই অর্থ দিয়ে আমি আমার গ্রামের সেই স্কুল ও পাঠাগারের পাশে একটি স্থায়ী মঞ্চ তৈরি করেছি অনুষ্ঠানের জন্য। সেখানে প্রায় হাজার খানেক মানুষ সেই অনুষ্ঠান উপভোগ করে। তো আমি আমার সোশাল কন্ট্রবিউশনগুলো এই পুরস্কারের মাধ্যমেই করতে পেরেছি এবং এর শুরুটা হয়েছে জেমকন সাহিত্য পুরস্কার দিয়েই। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেমকন গ্রুপকে। বিশেষ করে কাজী শাহেদ আহমদকে, গত বছর তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাই এবার তাকে ধন্যবাদটা জানিয়ে দিচ্ছি।

তো ভারতে যখন আমি পুরস্কারটি পাই তখন আমি তাদেরকে বলেছিলাম যে, আপনাদের এ পুরস্কারটিকে আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার বলতে পারব না, অর্থের দিক দিয়ে; কারণ ঠিক এক বছর আগে আমি বাংলাদেশ থেকে এর চেয়ে বেশি মূল্যের একটি পুরস্কার পেয়েছি! কাজেই এটি আমার পাওয়া দ্বিতীয় বড় পুরস্কার! তো আমি চাই যে, এরকম বাইরে থেকে কোন পুরস্কার পাওয়ার আগেই আমি যেন দেশ থেকে তার চেয়েও বড় পুরস্কার পেতে পারি। ধন্যবাদ সবাইকে।'


জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ সামসুল হক, হাসান আজিজুল হক ও ওয়াসী আহমেদ

এরপর অনুভূতি ব্যক্ত করেন 'জেমকন তরুণ কথাসাহিত্য ২০১০' প্রাপ্ত লেখক এমরান কবির। তাঁর বক্তব্যের কিছু অংশ উদ্ধৃত করা হল। 'প্রথমেই স্মরণ করছি ইতোপূর্বে যারা এ পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছেন তাদের। মর্যাদাপুর্ণ এ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা এ পুরস্কারের প্রবর্তক ও পৃষ্ঠপোষক তাদের প্রতি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকমণ্ডলীকে, যাঁরা আমার মত একজন নগন্য লেখককে সম্মানিত করেছেন। পুরস্কার যেমন কোন সৃষ্টিশীল মানুষের স্পৃহাকে জাগ্রত করতে পারে তেমনি তার কর্মস্পৃহাকে সংকুচিতও করে দিতে পারে। তবে সৃষ্টিশীল মানুষ এ দু'য়ের মাঝামাঝি অবস্থানে থেকে একটা সমতা বিধান করে চলেন। পৃথিবীর কোন মহৎ কিছুই প্রতিযোগিতা দিয়ে তৈরি হয় না। যা হয়, যা কিছু মহৎ–তা অর্জন করা যায় সহযোগিতা দিয়েই। আজকে আমাকে যে সম্মানিত করা হল সেজন্য সবাইকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমি স্মরণ করছি সেই সব সহযোগীদের।

আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল সাবেক আজকের কাগজের সাহিত্য সাময়িকী 'সুবর্ণরেখা'তে। আমার পরম সৌভাগ্য যে সেই আজকের কাগজের হাত থেকেই আমি পেতে যাচ্ছি আমার জীবনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।

কেন লিখি? কেনই বা গল্প লিখি? লিখি, কারণ এটা ছাড়া আমি আর কিছু পারি না। লিখি, কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারি না। লিখি, কারণ এরকম গল্প আমি পড়তে চাই। তাহলে কি থাকে আমার গল্পে? আমি মানুষের গল্প লিখি। মানুষের গল্পে মানুষ থাকবে। তবে মানুষের যে ব্যক্তি চরিত্র, ব্যক্তি পরিচয়ের বাইরে, ব্যক্তি চরিত্রের উর্ধ্বে, তার মস্তিকে খেলা করে যে আশ্চর্য রহস্যের হাতছানি, যে আশ্চর্য মনোলগ, সে আশ্চার্য মনোলগের প্রতিচ্ছবি আমি আঁকতে চাই। পরিশেষে জেমকন পরিবার ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।'

এর পর অনুভূমি ব্যক্ত করেন 'জেমকন সাহিত্য পুরস্কার-২০১০' প্রাপ্ত লেখক ওয়াসী আহমেদ। তাঁর বক্তব্যের অংশবিশেষ উদ্ধৃত করা হল: 'এ অনুষ্ঠান উপলক্ষে এ দেশের নবীন-প্রবীন এবং বরেণ্য লেখক, শিল্পী ও বুদ্ধিবীজীদের যে সমাবেশ আমি দেখতে পাচ্ছি তা আমাকে আপ্লুত করেছে। এর চেয়েও বড় যে বিষয়টি, সেটি হচ্ছে আমি নিঃসঙ্গ বোধ করছি না। এই কথাটি বলার একটি কারণ হল আমাদের এই বর্তমান অবস্থায় গোটা শিল্প-সাহিত্যের যে অঙ্গন, সেখানে এক নিঃসঙ্গতাই বিরাজ করছে। সমাজের যে তথাকথিত মূলধারা সেখান সাহিত্য নেই, শিল্প নেই, লেখক-শিল্পী তো নেই-ই। তারা ছিটকে একটি প্রান্তসীমায়, একটি প্রান্তিক অবস্থানে নিজেদের গুটিয়ে নিয়েছেন, নিতে বাধ্য হয়েছেন। এর কারণ অবশ্য একটি নয়, অজস্র। তবে সে তত্ত্ব তালাশে এখন আমি যাব না। এই প্রেক্ষাপটে আজকের এই সন্ধ্যাটি, যেখানে এদেশের এত জ্ঞানী গুণীজনদের সমাগম ঘটানো হয়েছে এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে সে জন্য আমি জেমকন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।

পুরস্কার। আসলে লেখালেখির মত একটি কাজের জন্য পুরস্কারের প্রচলন কবে ঘটেছিল সেটি আমি জানি না এবং চিন্তা করতে গিয়ে আমি অবাক হয়েছি যে এরকম একটি ব্যাপার—সেটা জানা দরকার ছিল। একজন মানুষ একান্ত বসে নিজের মত কাব্য চর্চা করবে, গল্প উপন্যাস লিখেবে আবার অন্য দিকে একজন তাকে পুরস্কৃত করবে। সভ্যতার কোন মুহূর্তে এরকম একটা ভাবনা কারও মধ্যে এসেছে, কার মধ্যে এসেছে সেটি আমার কাছে খুবই কৌতুহলজনক। তো পুরস্কারের ব্যাপারটাই তো একটি প্রথা হিসেবেই প্রচলিত রয়েছে এবং সেই প্রথা অনুযায়ী পুরস্কারের যে মানে সেটা হচ্ছে—সবাই জানে, স্বীকৃতি। তবে এখানে কথা আছে। এ স্বীকৃতি শর্তহীন নয়। অলিখিত যে শর্তটি এখানে একজন পুরস্কার গ্রহীতা লেখকের প্রতি বর্তায় সেটি হচ্ছে, তিনি যেন নিজেকে চলমান রাখেন—সচল রাখেন। সে অর্থে পুরস্কার কিন্তু একরকম সতর্কীকরণও বটে। তবে যাই বলি লেখালেখির মত একটি অত্যন্ত ব্যক্তিগত ও নিভৃত ক্রিয়াকর্ম কখনো কারও মুখাপেক্ষী হয়ে থাকে না। লেখক নিজের গরজেই লেখেন, তাকে লিখতে হয় বলে তিনি লেখেন। তিনি না লিখে পারেন না বলেই তিনি লেখেন। নিজের তাগিদেই তাকে লিখতে হয় এবং নিজের স্বার্থেই তিনি লিখেন। এটি করতে গিয়ে তার সামনে লক্ষ্য একটি থাকে তা হচ্ছে যে তাগিদটা তৈরি হচ্ছে তার মধ্যে, যে চাপটা সৃষ্টি হচ্ছে সেই দুরূহ চাপ থেকে মুক্তি। মুক্তি খোঁজা। মুক্তি তো সব সময় আসে না। বেশির ভাগ ক্ষেত্রেই সেটা অধরাই থেকে যায়। তো এটিই হচ্ছে একটি বিষয় যা একজন লেখক তার লক্ষ্য হিসেবে ভাবতে পারেন আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে, তার চিন্তাভাবনা। সেটিকে যদি তিনি পাঠকের মধ্যে সঞ্চারিত করতে পারেন। এর বেশি লেখকের করণীয় আর কিছুই নেই বলেই আমার মনে হয়।'


দু'পাশে পুরস্কারপ্রাপ্ত দু'জনকে নিয়ে অন্যান্যরা

ওয়াসি আহমেদের পর সমাপনী বক্তব্য দিতে আসেন জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ। তার বক্তব্যটি উদ্ধৃত করা হল: 'স্লামালাইকুম। আমি অনেকদিন পর আপনাদের সামনে এসেছি। কারণ গতবার আমি এখানে উপস্থিত হতে পারিনি। বলতে নেই তবু বলতে হয়, শারীরিক কারণে সিংগাপুরে ছিলাম, চিকিৎসায়। সে কারণে আসতে পারিনি। ভীষণ ইচ্ছা ছিল আমার, কিন্তু পারিনি। তাই এবারে আসতে পেরে খুব খুশি হয়েছি। বয়স হচ্ছে, সবারই হচ্ছে। চিন্তা করছিলাম পত্রিকা নেই, কাজ নেই, কম্ম নেই, মনে হচ্ছে সব কিছুই ওয়েস্ট অফ টাইম। আমার স্ত্রী বললেন, এত চিন্তা করো কেন, দেখো দু' দিনের জন্য আমরা এসেছি দুনিয়ায়, ও সবাই চলে যায়, আমরাও যাব, তো এ নিয়ে মাইন্ড করলে চলবে না! তারপর থেকে আমি খাড়া হয়ে গিয়েছি!

আপনাদের সবাইকে দেখে আজ এত ভাল লাগছে! আজকের কাগজ ছিল, আমরা সবাই ছিলাম, আপনারা সবাই ছিলেন। যে সময়টা আমরা একসাথে কাটিয়েছিলাম তা আগেও কোন দিন ছিল না, পরে ও কোন দিন হবে না। তো ওয়াসী আহমেদও বললেন যে আরেকটা সময় নাকি এখন আমরা কাটাচ্ছি। কিন্তু কেমন যেন ডিটাচড হয়ে যাচ্ছি এখন সবকিছু থেকে। এমনি আমরা তিন ভাই। ৭৭, ৭৫, ৭৩ বছর বয়স। সব মিলে গল্প করছিলাম পরশু দিন। তো বাড়িতে আসলেই ছেলেরা জিজ্ঞেস করছিল, তোমরা কী গল্প করছিলে? তখন একটু চিন্তায় পড়ে গেলাম। অনেক ভেবে দেখলাম আমরা আসলে বানিয়ে বানিয়ে গল্প করছিলাম! ভুলে গেছি সব, বড় ভাইও ভুলে গেছে, আমরা এমনি নিজেরা কথা বলছিলাম। এটা বলাও যায় না কাউকে এমনি ছেলেমানুষি সব গল্প—মিথ্যা কথা বলব না, এমনি বানিয়ে বানিয়ে গল্প করা। তো শেষ বয়সে কিন্তু ওই অবস্থায়ই হয়। তো এখন ওই আজকের কাগজও এরকম মাঝে মঝে মনে হয় যে ছিল। কিন্তু আজকে অবশ্য জীবন্ত। কারণ আপনারা সবাই আছেন, মুরব্বিরা আছেন, সহকর্মীরা আছেন, আর বিশেষ করে যাদের সাথে আমি প্রত্যেকদিন বসতাম তাদের কয়েকজনকে আজকে এখানে দেখলাম। ভাল লেগেছে। যাহোক আজকে আমরা এ জেমকন সাহিত্য পুরস্কার দিতে পেরে অত্যন্ত আনন্দিত। অনেক কারণেই এবার একটু দেরী হয়ে গেল। শেষ পর্যন্ত পেরেছি এ বছরের মধ্যে দিতে—সেই জন্যে আমি ভীষণ খুশি। এমরান কবিরের প্রতি আমার দোয়া রইল। আমার বিশ্বাস ও একদিন বড় লেখক হবে। আর ওয়াসী আহমেদের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ আপনাদের সাবইকে।"

কাজী শাহেদ আহমেদের বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। এরপর আয়োজকগণ কিছু হালকা নাশতার আয়োজন করেন আমন্ত্রিতদের জন্য। বলরুমের বাইরে দাঁড়িয়ে চা ও নাশতা হাতে যার যার মত আড্ডা-গল্পে মেতে ওঠেন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও অন্যান্য আমন্ত্রিতগণ।

pshanchita@gmail.com
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts