২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিখর থেকে একে একে খসে পড়ছে তারা

রাজু আলাউদ্দিন

Published : 24 Apr 2021, 02:45 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আলোকচিত্র: নিজার হাবিব
শঙ্খ ঘোষ কবে থেকে পড়তে শুরু করেছিলাম, তা সন তারিখ ধরে এখন আর বলা সম্ভব নয়। তাকে পাঠ করা শুরুর পেছনে তেমন কোন নাটকীয় ঘটনা ছিল না। অন্যসব লেখকদের মতোই একের পর এক এসে জড়ো হয়েছেন তিনি আমার পাঠের তালিকায়। কল্পনার হিস্টিরিয়া নাকি ঘুমিয়ে পরা এলবাম— এদুটোর কোনটা যে আগে পড়েছিলাম এই মুহূর্তে নিশ্চিত করে বলা মুশকিল। কম করে হলেও ৩৫ বছর আগেকার স্মৃতি। তার প্রবন্ধের বইয়ের নামগুলোতে কোনো চমক ছিল না বটে, কিন্তু ছিল কাব্যিক স্পন্দন আর স্নিগ্ধতাশোভন উচ্চারণের আকর্ষণ। অবশ্য শেষের দিকের বইগুলোর নাম অনেকটাই সাদামাটা হয়ে উঠেছিল, তবে তা বইয়ের বিষয়বস্থুর সাথে সঙ্গতি রেখেই।

তার প্রবন্ধে আমাদের প্রজন্ম খুঁজে পেয়েছিল সাহিত্যরুচির এক পরিশীলিত রূপ। আর কিভাবে উচ্চকন্ঠ না হয়েও প্রায় স্বগতভঙ্গিতে–যুক্তি ও প্রমাণের বিস্তার ঘটিয়ে–পাঠকের সঙ্গে অনবরত কথা বলে যান। পূর্বসূরী বুদ্ধদেব বসুর কাছ থেকে তিনি পেয়েছিলেন ভাষাশৈলীর মখমল রূপ আর ধ্বনির কোমলতা। কিন্তু ওই স্বগতরূপটি তার নিজেরই রচিত। আর আছে অতিমিহি সন্তর্পন ভঙ্গি। কোনো কোনো প্রবন্ধে যুক্তি প্রমাণাদিও তিনি ছড়িয়ে দিতেন এমন এক ভঙ্গিতে যেন তা প্রধান কিছু নয়। অর্থাৎ কোনদিক থেকেই পাঠকের নজর কাড়ার কোন ভিখিরি বাসনা নেই। অথচ নিজের বক্তব্যকে তিনি আস্থার সাথেই উপস্থাপন করতেন। কিন্তু ভাষার নম্রতা, বিনয় আর ভঙ্গির লাজুক অক্টোপাস পাঠককে তার অষ্টবাহুতে বন্দী করে রাখতো। বুদ্ধদেবের সাথে যেহেতু তুলনার প্রসঙ্গটি এলো, না এসেই বা উপায় কী, কারণ দুজনের মধ্যেই বিষয় ও অনুশীলনের জায়গাগুলো তো অনেকক্ষেত্রেই অভিন্ন: দুজনই রবীন্দ্ররচনার মল্লিনাথ, দেশি বিদেশি সাহিত্যবিষয়ে দুজনই হাতেম তাঈয়ের মতো বিলিয়ে গেছেন হীরকখচিত অমূল্য রত্নরাজি; কিন্তু দুজনের পার্থক্যও দুস্তর, যেমন বিষয়বস্তুর বিস্তারে, তেমনি ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য রাজনৈতিক ও ঐতিহাসিক পটভূমি অন্তর্ভুক্তির কারণে। বিষয়বস্তুতে তিনি জাতি ধর্ম পেরিয়ে আরেকটু উচ্চতায় গিয়ে সাহিত্যের বিরাট পরিসরকে অবলোকন করেছেন। এর ফলে দূরাত্মীয়কে তিনি আবিস্কারের মাধ্যমে সম্পর্ক ঝালাই করে নেয়ার তাগিদ দিয়েছেন, যেমন তার ইকবালচর্চা। অমিয় চক্রবর্তীতে দুএকটি অনুবাদের আভাসে যে-সম্ভাবনা দেখা দিয়েছিল, শঙ্খ ঘোষে তা এক মান্য পরিণতি অর্জন করেছে, অথচ তিরিশের প্রধান সমালোচক হিসেবে বুদ্ধদেবের কাছেই তা ছিল বেশি প্রার্থনীয়। প্রবন্ধে বিষয়বস্তুর বৈচিত্রে শঙ্খ ঘোষ তার সমকালীন লেখকদের মধ্যে কেবল অলোকরঞ্জন দাশগুপ্তের সাথেই তুলনীয়। এতদিকে ছড়ানো ছিল তার কৌতূহল ও চর্চা যে আমরা বিস্মিত না হয়ে পারি না। অন্যদিকে, সামাজিক অন্যায় ও রাজনৈতিক অবিচারে তিনি সাড়া দিয়েছেন যেমন লেখার মাধ্যমে, তেমনি প্রতিবাদে সামিল হয়ে। এমনকি, তিনি যখন মণিভূষণ ভট্টাচার্যের কবিতার মণিমাণিক্য চিহ্নিত করে পাঠকদের সামনে তুলে ধরছেন, তখন তার কবিতার প্রাসঙ্গিকতা ও সমাকালীলনতাকে যুক্ত করে নিচ্ছেন এভাবে:
"এ-কবিতা হতে পারত যে-কোনো সময়ের কবিতা। এই মুহূর্তে যখন এই লেখাটি লিখছি আমি, তখন এ-হতে পারে বাংলাদেশের সদ্যনিহত মুক্তমনা অভিজিৎ রায়েরও আশাবাদী স্মৃতিতর্পণ।" (অল্পস্বল্প কথা, শঙ্খ ঘোষ, পাঠক, ২০১৬,পৃ-১৭০)
সামাজিক ও সাংস্কৃতিক এইসব অমাময়ী ঘটনায় সাড়া দিতে গিয়ে তিনি বুদ্ধিজীবীর ভূমিকায় এক মান্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। আর এ কেবল গদ্যেই নয়, কবিতায় তিনি ছিলেন একই রকম প্রখর ও জাগ্রত। সেই যে 'রাধাচূড়া' লিখে ইন্দিরাকে ক্ষিপ্ত করে তুলেছিলেন, তার ধারাবাহিকতা আমরা 'হেতালের লাঠি'তেও কি পাই না যখন তিনি শেষ বাক্যটিতে প্রতীকি ব্যঞ্জনায় বলে ওঠেন:
হেতালের লাঠি যেন এ-কালপ্রহরে মনে রাখে
চম্পক নগরে আজ কানীর চক্রান্ত চারিদিকে।

কিংবা ওই 'মন্ত্রীমশাই' কবিতায় তিনি যেভাবে শ্লেষে জ্বলে উঠেছেন, সেও ওই ধারাবাহিকতারই অন্য রূপ। মনে পরবে সেই 'অন্ধবিলাপ'-এর কথাও যেখানে রাষ্ট্রের অবিচার ও অন্যায়কে তিনি প্রশ্নবিদ্ধ করছেন কৌতুক ও পরিহাসের আলংকারিক আবরণে:
মারব না কি নির্ভূমিকে? নিরন্নকে? নিরস্ত্রকে?
অবশ্য কেউ মেরেছিল সেটাই বা কে প্রমাণ করে!
এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন
সৈন্য শস্ত্র ছুঁড়ছে তা নয়–কোষ থেকে তা আপনি ছোটে

এই কথাগুলোই অন্য এক পরিবেশে গিয়ে অন্য রূপ ধারণ করলো যখন তা পুলিশের কর্মকাণ্ড নিয়ে রচিত হলো 'ন্যায় অন্যায় জানিনে'
আত্মরক্ষা ছাড়া আর কিছুই জানে না বুলেটেরা
দার্শনিক চোখ শুধু আকাশের তারা বটে দেখে মাঝে মাঝে।
পুলিশ কখনো কোনো অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ।

কিন্তু অন্য এক শঙ্খও আছেন যিনি এই রাজনৈতিক সামাজিক প্রয়োজন মিটিয়ে মানবীয় অস্তিত্বের নিহিত পাতালছায়াকে আমাদের একান্ত প্রহরের সাথে জুড়ে দেন। যিনি মানুষের আদিম লতাগুল্মময় উচ্চারণে যেমন বাঙ্ময়, তেমনি বাবরের প্রার্থনার মতোই মঙ্গলময়। কি করে ভুলবো জটিল অন্বয়ে ঠাসা তার 'বুড়িরা জটলা করে' কবিতাটি?
বুড়িরা জটলা করে
আগুনের পাড়ায়
দু-ধারে আঁধার জল
পাতাল নাড়ায়।
………
রাত্রির কুণ্ডলীও
কুয়াশায় কাঁপে
বুড়িদের জটলা নড়ে
অতীতের ভাপে।

মিতভাষ্য, পরোক্ষোল্লেখ (Allusion) আর পরিশীলিত কাব্যিক বুননে ছোট্ট এই কবিতাটি যে-বিরাট ইশারায় ঠাসা তা রসজ্ঞ পাঠকমাত্রেই জানেন।
আশ্চর্য হতে হয়ে এটা লক্ষ করে যে শঙ্খ ঘোষ প্রথম বইয়ের 'যমুনাবতী' কবিতাতেই যেমন সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারকে অঘোষিতভাবেই তার কাব্যবিশ্বাসের অঙ্গীভূত করে নিয়েছিলেন, তেমনি কট্টরপন্থীদের মতো অঙ্গীকারপিষ্ট হয়ে থেতলে যেতেও চাননি কখনো।
'যমুনাবতী' কবিতাটি যদি একটু লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাবো, তার ওই দুই মনোবৃত্তিরই পরাগায়নের ফল। কবিতাটি কাব্যগুণ, সামাজিক অঙ্গীকার আর ছন্দবোধ ও প্রথাবিরোধিতার কারণে বহু পাঠকের নজর কেড়ে নিয়েছিল। পুরো কবিতাটিকে একটু নেড়েচেড়ে দেখা যাক কেন এটি –নির্বোধ ও বিদগ্ধ–উভয় শ্রেণির পাঠকদের মনকে মুগ্ধ করেছিল।

যমুনাবতী
নিভন্ত এই চুল্লীতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে।
নোটন নোটন পায়রাগুলি
খাঁচাতে বন্দী
দু'এক মুঠো ভাত পেলে তা
ওড়াতে মন দি'।

হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায়
হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায়

নিভন্ত এই চুল্লী তবে
একটু আগুন দে –
হাড়ের শিরায় শিখার মাতন
মরার আনন্দে।
দু'পারে দুই রুই কাৎলার
মারণী ফন্দী
বাঁচার আশায় হাত-হাতিয়ার
মৃত্যুতে মন দি'।

বর্গী না টর্গী না, যমকে কে সামলায়!
ধার-চকচকে থাবা দেখছ না হামলায়?
যাস্ নে ও-হামলায়, যাস্ নে।।

কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না-
মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না-

চলল মেয়ে রণে চলল।
বাজে না ডম্বরু, অস্ত্র ঝন্ ঝন্ করে না, জানল না কেউ তা
চলল মেয়ে রণে চলল।
পেশীর দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে
চলল মেয়ে রণে চলল।

নেকড়ে-ওজর মৃত্যু এল
মৃত্যুরই গান গা-
মায়ের চোখে বাপের চোখে
দু-তিনটে গঙ্গা।
দূর্বাতে তার রক্ত লেগে
সহস্র সঙ্গী
জাগে ধক্ ধক্, যজ্ঞে ঢালে
সহস্র মণ ঘি।

যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে
যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে
বিষের টোপর নিয়ে।
যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে
দিয়েছে পথ, গিয়ে।

নিভন্ত এই চুল্লীতে বোন আগুন ফলেছে।

প্রথমেই দেখা যাক এর কারিগরি দিক।
প্রথম আট লাইন স্বরবৃত্তে।
৪+৪
৪+১
৪+৪
৪+১
পরের দুলাইন মাত্রাবৃত্ত।
৬+২, ৬+২+২,
৬+২, ৬+২+২

পরের আট লাইন স্বরবৃত্ত।
৪+৪
৪+১
৪+৪
৪+১
৪+৪
৪+১
৪+৪
৪+১
পরের তিন লাইন মাত্রাবৃত্তে। টেনে পড়তে হবে।
৬+২+৬+২
৬+২+৬+২
তারপর ৭ মাত্রার। মন্দাক্রান্তা।
পরের আট লাইন ফের স্বরবৃত্ত।
একেবারে শেষে প্রচলিত ছড়ার ছন্দ। মূলত ৫ মাত্রার পর্ব। অপূর্ণ পর্বগুলি ২মাত্রার।

নানা রকম ছন্দে এবং সেই সব ছন্দেরও বিচিত্র চলনের মাধ্যমে যমুনাবতী 'আগুন' ঢেলে দিচেছ। বিচিত্র ছন্দে মর্মরিত হয়ে উঠেছে বহুত্বের ধারণা, যেহেতু তা প্রতিবাদের এবং প্রতিরোধের বার্তার বারুদে ঠাসা। আরও উল্লেখযোগ্য ব্যাপার হলো এরই মধ্যে কোথাও ছড়ার লৌকিক চলন, কোথাও সাত মাত্রার পর্বের মন্থর গতির সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দের চালকে বাঙ্ময় করে তুলেছেন, অনেকটা বুদ্ধদেব বসুর ঘরানায়।
অর্থাৎ, প্রথম গ্রন্থেই তিনি ছন্দের কালোয়াতি দক্ষতায় পাঠককে ‍বুঝিয়ে দিয়েছিলেন কবিতা নিছকই ভাবাক্রান্ত হয়ে উদাসীন ভঙ্গিতে লেখা বাক্যবিন্যাস মাত্র নয়। এবং এই বাক্যবিন্যাস যত কাব্যগুণ সম্পন্নই হোক না কেন তারও পেছনে–পরোক্ষে বা প্রত্যক্ষে–সক্রিয় থাকে ছন্দ নামক এক বিজ্ঞান। কিন্তু কবির সৃজনীসত্তার কাছে বিজ্ঞান অনড় কিছু নয়, তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হয় ভিন্ন রুচির অধিকার প্রতিষ্ঠার জন্য। তবে ভাঙা মানে যে স্বেচ্ছাচার নয়, ভাঙার মধ্যেও যে এক নিঃশব্দ শাসন রয়েছে, আছে অন্য এক নির্মাণ, সেকথা বুঝাবার জন্যই ওই কারিগরি দিকটির প্রতি পাঠকের দৃষ্টি ফেরানো।

আলোচনায় ছন্দপতন ঘটিয়ে ছন্দ নিয়ে খানিকটা আলোকপাত করতে হলো এটা দেখাবার জন্য যে ছন্দের শাসনকে তিনি যেমন মেনেছেন, তেমনি শেষ বিচারে ছন্দকে তিনি নিজের শাসনে রেখে ছন্দকে কবিতার দাসে পরিণত করেছেন। অর্থাৎ শেষ পর্যন্ত ছন্দের চেয়ে কাব্যিক অভিঘাতকেই তিনি বড় করে নিয়েছেন।

'যুমনাবতী' কবিতাটির পেছনে রয়েছে লোকৈতিহ্যের ব্যবহার। কিন্তুু লৌকিক ছড়ার শান্ত যমুনা শঙ্খ ঘোষের স্পর্শে হয়ে উঠেছে অগ্নিপ্রস্রবীনী। কারণ "যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে"। আমরা সহজেই বুঝতে পারছি এটি সমকালের ইতিহাসকে, বাঁচার সংগ্রাম ও রাজনৈতিক আন্দোলনকে অ্ঙ্গীভূত করে নিয়েছে লোকৈতিহ্যের আখ্যানের মুখোশে। অসামান্য দক্ষতায় শঙ্খ ঘোষ কবিতাটিকে একই সাথে ছন্দের পরীক্ষানিরীক্ষায় যেমন উত্তীর্ণ করেছেন, তেমনি কবিতার শাশ্বত আবেদনকেও সমান গুরুত্বে তুলে ধরেছেন। তবে 'ভিড়', 'রাস্তা' কিংবা 'রাঙামামিমার গৃহত্যাগ'-এ ছন্দের পরীক্ষানিরীক্ষার চেয়ে কবিতার সর্বজনীন আবেদনই মূখ্য হয়ে উঠেছে। আর কেবল তো এক ধরনের কবিতাই লেখেননি, নন্দনতাত্ত্বিক বিচারে নানান রকম কবিতার স্রষ্টা ছিলেন শঙ্খ ঘোষ। 'রাঙামামিমার গৃহত্যাগ' কবিতাটিতে নেই কোনো উপমা, নেই কোনো কাব্যিক বাক্য, কিন্তু মাত্রই পাঁচ পংক্তির পরিমিতিতে তুলে ধরেছেন এক নারীর আত্মহনন; সেটাও মাত্র 'ছড়ানো পালক' শব্দদ্বয়ের ইশারায় মোড়ানো। অলংকার নয়, সীমার মাঝে বাচনিক প্রাচুর্যই এটিকে কবিতা করে তুলেছে। শঙ্খ ঘোষের কবিতায় আছে অভাবনীয় অনুভূতির উন্মেষ, আছে উপচেপড়া শব্দাতীত ব্যঞ্জনা। পাঁজরে দাঁড়ের শব্দ সেই ব্যঞ্জনার এক চতুষ্পদী প্রবাহ:
পাঁজরে দাঁড়ের শব্দ, রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেঙে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই, ভবিষ্যতও নেই কোনোখানে।


আলোকচিত্র: নিজার হাবিব
এক সময় শঙ্খ ঘোষের কবিতার স্রোতে ভেসে গিয়েছিলাম সাজুয্য ও সমানুভূতির টানে। প্রেম আর দ্রোহের আগুন–দুটোই তিনি আমাদের হাতে তুলে দিলেন, যেন আমরা ছিলাম সেই জ্ঞানার্থী আরুণি, গুরুর আদেশে আমরা কালের পঙ্কিলস্রোতকে যেন নিজের শরীর দিয়ে রোধ করতে পারি। কি করে ভুলবো সে-সব উক্তি যা তৎক্ষণাত আমাদেরকে রূপান্তরিত করতো অন্য মানুষে!
আমাকে ভুবন দাও আমি দেব সমস্ত অমিয়!
কবিতায় আমাদেরকে তিনি সেই অমিয়'র সন্ধান দিয়েছিলেন। এমনকি, আমরা যখন প্রেমের জন্য সমস্ত হৃদয়কে আগুনের আঁচে উজ্জীবিত করতে চাই তখনও তিনি পবিত্র আগুন হাতে আমাদের আত্মাকে উতরোল করে তোলেন এই উচ্চারণে:
যুবতী কিছু জানে না, শুধু
প্রেমের কথা ব'লে
দেহ আমার সাজিয়েছিলাম
প্রাচীন বল্কলে।

আমিও পরিবর্তে তার
রেখেছি সব কথা:
শরীর ভরে ঢেলে দিয়েছি
আগুন, প্রবণতা।

(প্রতিহিংসা)
শরীর ভরে 'আগুন ও প্রবণতা'কে ঢেলে দেয়ার মাধ্যমে শঙ্খ ঘোষ এক অভাবনীয় কিন্তু চাঞ্চল্যকর উন্মোচনের দিকে আমাদেরকে নিয়ে যান। এই চাঞ্চল্য আমাদের প্রেমস্পর্শী আত্মার কম্পন। হঋদয়কে অনর্গল ও দুরন্ত করে তোলার এক মন্ত্র হয়ে ওঠে জময ভাইয়ের মতো ওই দুটি শব্দ।
কত সব বর্ণময় উচ্চারণে তিনি আমাদের প্রজন্মকে আক্রান্ত করেছিলেন! তার সমমাসয়িক– এক অলোকরঞ্জন ছাড়া — আর কে বহু কবিতার সফল ব্যঞ্জনে আমাদের রুচির রসনাকে তৃপ্ত করতে পেরেছেন? কত সব পংক্তি যে আমাদের স্মৃতির ভাণ্ডারকে আলোয় উজালা করে রেখেছে, তার হিসেব দেয়া কঠিন।
লোকে তো কোথাও যাবে, তাই আসি, এমন কিছু নয়
নিহিত পাতালছায়া ভরে ছিল আকাশপরিধি।
( ‍সুন্দর)
তুমি দিয়েছিলে ভার, আমি তাই নির্জন রাখাল। (জাবালা সত্যকাম)
পাথর, নিজেই আমি দিনে দিনে তুলেছি এ বুকে
আজ আর নামাতে পারি না।
( পাথর)
সকলেরই চোখ ছিল লোভে লোভে মণিময়
মুখে ফোটে খই
চিতা, জ্বলে ওঠো
(চিতা)
ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো?
চতুরতা, ক্লান্ত লাগে খুব?

মনে হয় ফিরে এসে স্নান করে ধুপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে
বসে থাকি?

মনে হয় পিশাচ পোষাক খুলে পরে নিই
মানবশরীর একবার?

…….
লোকে বলবে মূর্খ বড়, লোকে বলবে সামাজিক নয়।( মূর্খ বড়ো, সামাজিক নয়)

আর 'বাবরের প্রার্থনা'ও অর্জন করেছিল সেই প্রবাদপ্রতিম জনপ্রিয়তা। না, একটি দুটি কবিতা নয়, উপরোক্ত বহু কবিতার অসংখ্য পংক্তি আমাদের পাঠের মৌচাককে ঘিরে মৌমাছির মতো গুনগুন করেছে। আমাদের কালের প্রবল প্রতাপশালী বিজ্ঞাপনের চরিত্র, সেও তো শঙ্খ ঘোষেরই উচ্চারণে আমাদের মনোজগতে জায়গা করে নিয়েছে:
একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি অমাার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।

আমাদের কালের যে-চরিত্র, শঙ্খ ঘোষ তার আবিস্কর্তা, আবার একই সঙ্গে সেই চরিত্র সংহারের প্রণোদনাও তিনিই:
আমাদের পথ নেই আর
আয় আরো বেঁধে বেঁধে থাকি।

এই বেঁধে বেঁধে থাকার কথার আগেই আমরা দেখতো পাবো তিনি বলছেন:
আমাদের ডান পাশে ধ্বস
আমাদের বাঁয়ে গিরিখাদ
আমাদের মাথায় বোমারু
পায়ে পায়ে হিমানীর বাঁধ

অতএব, 'বেঁধে বেঁধে' থাকাই হচ্ছে আত্মরক্ষা, প্রতিরোধ আর প্রতিবাদেরও উপায়।
জানি, কবিতা কেবল প্রতিবাদের বলেই কবিতা হয়ে ওঠে না, তাকে সমকালের সব দায় মিটিয়ে ভাবী কালের পাথেয় অর্জন করে ভবিষ্যতের মানুষের মনকেও জয় করতে হয়। শঙ্খ ঘোষ সেই জয়ে কতটা সক্ষম হয়েছিলেন, সেসব বিচার এখন পুঙ্খানুপুঙ্খভাবে শুরু হবে। ৮৯ বছর যথেষ্ট সময় একজন শিল্পীর জন্য। তার সমস্ত সৃজন এখন অখন্ড করপুটে এনে দেখার সময়।
ওই দেখার সময় আমাদের আরও কিছু জিনিসও বিবেচনায় নেয়ার থাকবে, সেগুলো কালোত্তর কর্ম যদি নাও হয়, তবু তা শঙ্খ ঘোষের আদলের সামগ্রিকতাকে দেখার জন্য দরকার হবে। সেগুলো হচ্ছে তার গবেষণাঋদ্ধ অনুবাদগুলো, যেমন ওকাম্পোর রবীন্দ্রনাথ কিংবা ইকবাল থেকে। এসব গ্রন্থও তার সামগ্রিক আদলেরই একটি দিক। মাত্রই কয়েক মাসের জন্য আয়ওয়াতে গিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে বিক্তোরিয়া ওকাম্পোর একটি ছোট্ট বই অনুবাদ করার জন্য শিখেছিলেন স্প্যানিশ ভাষা। যদিও তিনি বলেছেন যে সাহায্য নিয়েছিলেন অধ্যাপক রিচার্ড বার্কারের। তারপরও ভেবে অবাক হতে হয়, ওই জানাকে কাজে লাগিয়ে তিনি প্রায় নির্ভুল তর্জমা করেছিলেন বইটির। তার চেয়েও বড় কথা, এটি নিছক তর্জমা নয়, গবেষণাও, যেমনটা আমরা তার ইকবাল থেকে বইটিতেও দেখতে পাই। তার জার্নালধর্মী লেখাগুলোও সাহিত্য ও তথ্যমূল্যে অসাধারণ। ওই লেখাগুলোও আছে নতুন নতুন উন্মোচন। আছে বহু কিছু পুনরুদ্ধার ও আবিস্কারের আনন্দ। আমরা যেসব লেখাকে খানিকটা অবহেলা ও অমনোযোগে রচনা করতে চাই, তিনি সেসব রচনায়ও ছিলেন সমান মনোযোগী। তার কোনো শব্দ, বাক্য, অধ্যায়, গ্রন্থ- তা সে যে-জনরারই হোক না কেন, সবই গড়ে উঠেছে মাতৃপ্রতিম অপক্ষপাতে; বৈষম্যহীন মমতায় ও যত্নে। অর্থাৎ, শঙ্খ ঘোষ-এর লেখা মানেই নিশ্চিত এক ভালো লাগার নিশ্চয়তা এবং নিশ্চিত নির্ভরতা।

২.


আলোকচিত্র: বাতিঘরের সৌজন্যে
ভরদুপুরে শঙ্খ ঘোষের সাথে নামক বইটির মূখবন্ধে বলেছিলাম যে তার সাথে দুবার সাক্ষাৎকারের সূত্রে দেখা হয়েছিল। কিন্তু সাক্ষাৎকার ছাড়াও, আরও অন্তত তিনবার দেখা হয়েছে। একবার ১৯৯৭ সালে ফেব্রুয়ারিতে বইমেলায়, দ্বিতীয়বার ২০০৮ সালে মার্চ বা এপ্রিল মাসে আজিজ মার্কেটে। আমি মাত্রই দুই সপ্তাহের জন্য ছুটে এসেছিলাম মেক্সিকো থেকে ঢাকায়। এই সময়েই আজিজ মার্কেটে সম্ভবত বইপত্র কেনার জন্য গিয়েছি। তখনই শুনতে পেলাম কোলকাতা থেকে শঙ্খ ঘোষ এসেছেন এবং আজিজ মার্কেটের দ্বিতীয় বা তৃতীয় তলায় মানুষের হাটাচলার শূণ্য জায়গাটিতেই সবাই মিলে আসন গেড়ে বসে আছেন কবিকে ঘিরে। ওই দিনই রাতের বেলা আমার ফিরে যাওয়ার তারিখ, ফলে ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। অল্প কয়েক মিনিট তার কথাবার্তা শুনে চলে যেতে হয়েছিল। তবে চলে যাওয়ার আগে তার একটা দুটো ছবি তুলেছিলাম। এখনও আছে সেই ছবি। এরপর তৃতীয়বার ২০১১ সালে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে দেখা হয়েছিল চিনমৈত্রী হলে, অমর্ত্য সেনসহ শঙ্খ ঘোষও এসেছিলেন বক্তৃতা দিতে।


আলোকচিত্র: রাজু আলাউদ্দিন
এই সাক্ষাতে আমি তার এবং অমর্ত্য সেন-এর ছবি তুলেছিলাম। শঙ্খদার সাথে সামান্য কথাও হয়েছিল, কিন্তু তা সৌজন্য বিনিময়ের অধিক কিছু ছিল না, কারণ ওরকম লোকারণ্যে নক্ষত্রপ্রতিমদের সাথে কথা বলার সুযোগ থাকে কম। কিন্তু যতবার দেখা হয়েছে, তা সংখ্যায় অল্প হলেও, এর অভিঘাত ছিল অনেক বড়। বিশেষ করে সর্বশেষ সাক্ষাৎটি ছিল দীর্ঘ সময়ের জন্য এবং সপরিবারে। ওই সময় তাকে রবিবাসরীয় সমবেতদের কাছ থেকে কিছু সময়ের জন্য ছিনিয়ে নিয়েছিলাম অতিথির অধিকারে। সেই সাক্ষাতের বিবরণ ধরা আছে তাকে নিয়ে রচিত আমার ভরদুপুরে শঙ্খ ঘোষের সাথে বইটিতে।

শঙ্খ ঘোষের মাত্র দুটি সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছিল আমার। প্রথমটা ১৯৯৭ সালে যখন পর্যন্ত তার তেমন কোনো সাক্ষাৎকার বের হয়নি, দু একটি অতি ক্ষুদ্র কৃত্রিম কথোপোকথন ছাড়া। আমার প্রথম সাক্ষাৎকারটি ছিল এক ঘন্টারও বেশি সময়ব্যাপী। এবং বলা উচিত যে আমি প্রায় তার ইচ্ছার বিরুদ্ধেই সাক্ষাৎকারটি নিয়েছিলাম(সেটা সাক্ষাতকারে তার জবানীতে এক জায়গায় উল্লেখিতও হয়েছে)। তিনি সাক্ষাৎকার দানে ছিলেন পুরোপুরি অনীহ। আমি সেই অনীহার দেয়াল গুড়িয়ে প্রবেশ করেছিলাম তার ভেতরে। আর তার ফল ছিল ওই জহরতভরা কথার লহরী। ওই সাক্ষাৎকারেরই একটি অংশ প্রকাশিত হয়েছিল তার সাক্ষাৎকার সমগ্র কথার পিঠে কথা নামক বইটিতে। আর সবশেষ যে সাক্ষাৎকারটি নিয়েছি, ওটাকে সাক্ষাৎকার না বলে আমি বরং তাকে দেখার ও তার সাথে কথা বলার অভিজ্ঞতাই বলবো। ওই দেখা ও বলার অভিজ্ঞতা থেকেই খানিকটা গল্পের মেজাজে লিখেছিলাম একটি বিবরণ। সেটা পাঠ করে অনেকেই আমার খানিকটা তারিফ করেছিলেন। পরে ওই দুটি সাক্ষাৎকার নিয়েই বেরিয়েছিল কথিত বইটি। বইটি যখন ২০১৮ সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত হলো, তখন ঘটনাক্রমে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ভাই কোলকাতার কী এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এই বইয়ের প্রকাশক এবং কবি তারিক সুজাত সুযোগটি হাতছাড়া না করে বাচ্চু ভাইয়ের হাতে দুকপি ধরিয়ে দিলেন শঙ্খ ঘোষের কাছে পৌঁছে দেয়ার জন্য। বাচ্চু ভাই ওখানে পৌঁছেই সেই দিন বা পরেরদিন বইটি তার হাতে তুলে দেন। বইটি দেখে নাকি তিনি বেশ খুশী হয়েছিলেন। আমি অনেক পরে, সম্ভবত মাসখানেক পরে তাকে ফোন করেছিলাম। তিনি বইটির প্রাপ্তি সংবাদ জানালেন আর তার স্বভাবসুলভ সলজ্জ স্বরে শুধু এইটুকুই বললেন যে 'ভূমিকায় আমার সম্পর্কে একটু অতিকথন আছে।' আমি একটু দুষ্টুবুদ্ধি খেলিয়ে জবাবে বলেছিলাম, 'আপনি যে বলেছিলেন রবীন্দ্রাথের কবিতায় অতিকথন আছে, তাতে করে তো রবীন্দ্রনাথ অপাঠ্য ও গুরুত্বহীন হয়ে পরছেন না।' তিনি নিশ্চিতভাবেই আমার দুষ্টামিটা বুঝেছেন। ফলে খামোশ হয়ে গেলেন। মনে মনে শ্লাঘাবোধ করেছিলাম তাকে এক কথায় খামোশ করে দিতে পেরে। আসলে শঙ্খ ঘোষকে যারাা চেনেন তারা সহজেই ‍বুঝতে পারবেন যে ওতে আমার কোনো কৃতিত্ব নেই, বরং শঙ্খ দা নিজের প্রসঙ্গ বলেই ওটাকে আর বাড়তে দেননি। সেটা কি আমিও বুঝিনি? বুঝেছি। তবে ওরকম জবাব দেয়া ছাড়া আমারও আর কোনো অস্ত্র ছিল না। বাইরে থেকে মনে হবে আমি বুঝিবা খুব একটা কামান দাগিয়েছি। আসলে ওটা কামান নয়, পটকা মাত্র। এবং তিনি ওই পটকায়ও আনন্দ পেয়েছেন নিশ্চয়ই। তবে, এরপরই আমি তাকে বলেছিলাম, "এই বইটি আসলে আপনার সম্পর্কে একটি ভূমিকার মতো মাত্র। আমার আরও বহু প্রশ্ন জমে আছে, বিশেষ করে আপনার কবিতা সম্পর্কেই। আপনি যদি আমাকে একদিন কিছু সময়ের জন্য সহ্য করেন তাহলে আবার কিছু প্রশ্ন নিয়ে হাজির হতে চাই আপনার বাসায়।" তিনি সম্ভবত খুব ভালো মেজাজে ছিলেন, অন্তত আমাকে প্রত্যাখ্যানের মতো কোনো কঠিন আবহে ছিলেন না বলেই হয়তো বলে ফেলেছিলেন, "ঠিক আছে। আপনি যখন আসবেন, আমাকে কয়েকদিন আগে একটু জানিয়ে আসবেন।" শঙ্খদার এই মৃদুস্বরের আশ্বাসের বিরাট হীরকখন্ডটি হাতে পেয়ে আনন্দে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছিলাম প্রায়। প্রতিদিন ওই আশ্বাসের হীরকখণ্ডটি নিয়ে নাড়াচাড়া করতাম আর অপেক্ষা করতাম কখন সেই সময় আসবে। কিন্তু সময় যতই পার হচ্ছিল, ধীরে ধীরে হীরকখণ্ডটি ফিকে হতে হতে হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল, ওটায় আর কোনো আলো পরছিল না যাতে করে তা বহুবর্ণে জীবন্ত হয়ে উঠতে পারে। খবর আসছিল, তিনি বাকশক্তি হারিয়ে ফেলছেন, কথা বললেও, তার পাঠোদ্ধার করা যাচ্ছিল না্। আফসোস হয় এই ভেবে, কেন ওই আশ্বাস পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ছুটে যাইনি। তিনি তো সম্মতি দিয়েছিলেনই। আমি চাইলেই দুই তিন ঘন্টার সাক্ষাৎকার নিতে পারতাম। তাতে করে অকথিত এক ভাণ্ডার আমার নিজের জন্য যেমন, তেমনি পাঠকদের জন্যও উদ্ধার করা যেত। কিন্তু এখন আর এসব আফসোস করেই বা কী লাভ। 'কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে।'
জানতাম মৃত্যু হবে। কে না জানে! ৮৯ বছর বয়সে মৃত্যু অস্বাভাবিক নয়। কিন্তু শঙ্খ ঘোষের মৃত্যু ৮৯ নয়, ২০০ বছর বয়সে হলেও আমাদের কাছে অকাল-মৃত্যুই মনে হবে। তার মৃত্যুর সাথে সাথে এমন একটি প্রজন্মের সমাপ্তি ঘটলো যারা ছিলেন বহু বিদ্যায় পণ্ডিত আবার সৃষ্টিশীলতায় তুখোড়। কিন্তু আজ শবের উপরে শামিয়ানা। বহুস্বর স্তব্ধ পড়ে থাকবে তার প্রয়াণে।