২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় জামানচাচা

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 17 Apr 2021, 11:27 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মোবাইল ফোনটির দিকে তাকিয়ে ছিলাম। একটি বিশেষ ফোন নাম্বার। সেখানে ফোন করলে আর কখনও উত্তর পাওয়া যাবে না। করোনা মহামারিতে আর কত গুণীজনকে হারাবো আমরা? যেদিন শুনেছিলাম বাংলা একাডেমির সভাপতি ড. শামসুজ্জামান খান করোনায় আক্রান্ত সেদিনই আশংকা জেগেছিল। সেই অশুভ আশংকাই সত্যি হলো। আমাদের লোকসাহিত্যের গুণী গবেষক, লেখক শামসুজ্জামান খান চলে গেলেন মৃত্যুর অন্ধকার জগতে।
আজ মনে পড়ছে কত কথা। আমার বাবা কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহর খুব কাছের মানুষ ছিলেন শামসুজ্জামান খান। সেই সূত্রে তাঁকে চাচা বলেই ডাকতাম। মনে আছে, তখন(২০০১) আমি জনকণ্ঠ পত্রিকায় চাকরি করি। পহেলা বৈশাখের ফিচার লেখার জন্য প্রয়োজন হয়েছিল তাঁকে ফোন করার। আমি 'স্যার' বলে সম্বোধন করতেই তিনি বলেছিলেন, 'তুমি আবার স্যার বলা শুরু করলে কেন? তুমি তো বরাবর চাচা বলতে, সেটাই শুনতে ভালো লাগে।'
লোকসাহিত্য বিষয়ে তাঁর মতো জানাশোনা সমসাময়িককালে খুব কম মানুষেরই ছিল। তিনি যেভাবে পহেলা বৈশাখ, বাংলার লোকজ ঐতিহ্য, লোকসাহিত্য নিয়ে অনায়াসে কথা বলতেন তাতেই বুঝতে পারতাম এ বিষয়ে তাঁর জ্ঞান কত গভীর ছিল।
বাংলা বর্ষপঞ্জি নিয়ে বাংলা একাডেমির সংস্কার কমিটির সদস্য হিসেবে বাবা যখন কাজ করছিলেন তখন সেই একই কমিটির নেতা ছিলেন তিনি। ফলে প্রায়ই দেখতাম দুজনে এ বিষয়ক আলোচনায় মেতে থাকতেন। সেটা নব্বই দশকের প্রথম দিকের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দুপুরে বা বিকেলে বাংলা একাডেমি থেকে বাবাকে নিয়ে দুজনে একসঙ্গে বাসায় ফিরতাম। সেই কারণে প্রায় প্রতিদিনই দেখা হতো জামানচাচার সঙ্গে। আমি ইউনিভারসিটি থেকে এসেছি, ক্লান্ত, তাই প্রায় কোনদিনই সিংগারা, বিস্কিট না খাইয়ে যেতে দিতেন না। এই স্নেহের প্রকাশটা খুব ভালো লাগতো।

এমনকি যখন তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হলেন তখনও এই সহজ সচ্ছন্দ আচরণ ধরে রেখেছিলেন। মহাপরিচালকের কক্ষে আমার মতো অনেক জুনিয়র মানুষেরই সহজ গতি ছিল। এ প্রসঙ্গে মনে পড়ছে অকাল প্রয়াত অনু হোসেন ভাইয়ের কথাও। তিনিও ছিলেন জামান চাচার খুব স্নেহভাজন। ২০১৭ সালের দিকেও অনেকদিন বাংলা একাডেমি ভবনে আমাদের কয়েকজনের আড্ডা জমেছে। হ্যা, আড্ডাই বলা যায়। কারণ তরুণদের সঙ্গে অতি সহজেই মিশে যেতে পারতেন তিনি।

আমার বাবা যখন অসুস্থ তখন হাসপাতালে এবং আমাদের বাড়িতেও বাবাকে দেখতে এসেছিলেন তিনি। তখনি তার মোবাইল নম্বরটি দিয়ে আমাকে বললেন, 'সেভ করে রাখো। যে কোন প্রয়োজন হলে ফোন দিও।' বাবার মৃত্যুর পর তাঁর মরদেহ যখন কমিউনিস্ট পার্টির অফিসে নিয়ে যাই, তখনও তিনি তাৎক্ষণিকভাবে বাংলা একাডেমি থেকে চলে আসেন এবং সেখানে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বক্তব্যও রাখেন। বাবার মৃত্যুর পর চারদিনের যে পরিবারিক অনুষ্ঠান হয় সেখানেও তিনি এসেছিলেন এবং স্মরণসভায় বক্তব্য রেখেছিলেন। বাবার প্রতি তিনি সবসময়ই শ্রদ্ধার প্রকাশ ঘটিয়েছেন এবং তাঁর অবদানের অনেক মূল্যায়নও করতেন। বাবার মৃত্যু হয় ২০১৭ সালে। ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় তিনি বাংলা একাডেমির আলোচনা অনুষ্ঠানে 'কমরেড তকীয়ূল্লাহ স্মরণে আলোচনা'র আয়োজন করেছিলেন।

আমি যখন চীনে চাকরি নিয়ে ২০১৮ সালে চলে যাই কুনমিং তখনও তাঁর সঙ্গে দেখা করে গিয়েছি। আশীর্বাদ করেছিলেন। তাঁর চীন ভ্রমণের একটা পরিকল্পনাও হচ্ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে সেমিনারের অয়োজন করার কথা চলছিল এখানে বাংলা সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর আসার কথা ভাবা হচ্ছিল। এর মধ্যেই করোনা এসে গেল।
গতবার লকডাউনের সময়ও কথা হয়েছে। বলেছিলেন 'মহামারী কমলেই এসো, তকীভাইয়ের ক্যালেন্ডার গবেষণা বিষয়ে নতুন করে কিছু জানার রয়েছে।' আর যাওয়া হয়নি।
বাংলা নববর্ষের দিন তাঁর চলে যাওয়া ছিল অত্যন্ত শোকাবহ। বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে তাঁর মতো নিষ্ঠায় আর কেউ কাজ করেছে কিনা আমার জানা নেই।
তাঁর শ্রেষ্ঠ কর্ম ছিল বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহকে সম্পাদনা করা। ১১৪ খণ্ডে প্রকাশিত বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনাও তাঁর অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত এ দুটি গ্রন্থমালা আমাদের সাহিত্য ও সংস্কৃতির চিরায়ত মহামূল্যবান সম্পদ।
২০০৯ সালের ২৪ মে থেকে ২০১৮ সালের ২৩ মে পর্যন্ত তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের গুরুদায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে বাংলা একাডেমিতে অনেক উল্লেখযোগ্য কাজ হয়েছে যার কৃতিত্ব অবশ্যই তাঁর। বিশেষ করে লোকজ সংস্কৃতির গ্রন্থমালা প্রকাশের ধারণা, এমন একটি বৃহৎ যজ্ঞ সার্থকভাবে বাস্তবে রূপ দেয়ার কৃতিত্ব তাঁকে বাংলা সাহিত্যের ইতিহাসে অবশ্যই অমরত্ব দিবে। বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি, আমাদের বিভিন্ন জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত যে লোকসাহিত্য, লোকজ জীবন তাকে ধরে রাখার প্রয়াস অতুলনীয় সন্দেহ নেই। লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে অনেক জায়গাতেই। বিভিন্ন জেলার খাদ্য, পোশাক, গৃহনির্মাণ রীতি, সাহিত্য, মেলা, চিকিৎসা পদ্ধতি, তন্ত্রমন্ত্র, কুটির শিল্প গীত, বাদ্য এ সবই লোকজ সংস্কৃতির অমূল্য উপাদান। এগুলোর পরিচিতি গ্রন্থভুক্ত করা ভাবীকালের কাছে আমাদের দায়বদ্ধতা। সেই দায় পালন করেছেন শামসুজ্জামান খান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সমৃদ্ধ লোক সংস্কৃতিকে তুলে ধরার এই গুরুদায়িত্ব বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে তিনি পালন করেছেন।
বাংলা একাডেমি নিয়ে অনেকেরই অনেক অভিযোগ। কিন্তু আমার কাছে মনে হয়, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা এবং বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালার মতো দুটি বৃহৎ সিরিজ সম্পাদনা ও বাংলা একাডেমি থেকে প্রকাশ করে তিনি সকল সমালোচনার মুখ বন্ধ করে দিতে পেরেছিলেন।
ব্যক্তিগত জীবনে মানুষটি ছিলেন অমায়িক, হাসিখুশি, অত্যন্ত ভদ্র আচরণের। বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে তার যোগ্যতা ও কৃতিত্ব নিয়েও সন্দেহের অবকাশ নেই। লেখক হিসেবেও তিনি গুণীমানুষ ছিলেন। বিশেষ করে পহেলা বৈশাখ, ঈদ, পূজায় আমাদের লোকজ সংস্কৃতি বিষয়ে তার প্রবন্ধগুলো তথ্যসমৃদ্ধ ছিল। ভাষাও ছিল গতিশীল। আমার মনে পড়ে, যখনি পত্রিকার জন্য তাঁর কাছে লেখা চেয়েছি বা সাক্ষাৎকার নিতে চেয়েছি কখনও নিরাশ করেননি। ঠিক সময়ে লেখাটি পাঠিয়ে দিতেন। বিশেষ করে তাঁর প্রবন্ধ বা সাক্ষাৎকার চাইতাম পহেলা বৈশাখের সময়। আর সেই পহেলা বৈশাখেই চলে গেলেন তিনি।
লোক সংস্কৃতির গবেষনায় তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুর সংবাদে শোক ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেবলি মনে হয়েছে চলে গেলেন আমাদের পরিবারের প্রিয় সুহৃদ। যখনি তাঁকে ফোন করতাম স্নেহ সম্ভাষণ জানাতেন। স্নেহ ও আশীর্বাদ জানানোর এই বড় মানুষেরা চলে যাচ্ছেন একে একে।
যেখানেই থাকুন, ভালো থাকুন জামান চাচা। বাঙালি জাতির কৃতী সন্তান হিসেবে আপনাকে মনে রাখবে বাংলাদেশ।