২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিলু নামের ছেলেটি

লীনা দিলরুবা লীনা দিলরুবা

Published : 17 Feb 2021, 01:04 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মিলুর বয়স যখন দু'বছর সে-সময় সে গুরুতরভাবে যকৃতের অসুখে আক্রান্ত হয়েছিল। চিকিৎসক পরামর্শ দিলেন হাওয়া বদল করতে। মিলুর মা কুসুমকুমারী লখনৌ, আগ্রা, দিল্লি ইত্যাদি স্বাস্থ্যকর জায়গায় ঘুরে শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে ঘরে ফিরেছিলেন; যদিও অসচ্ছল পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মঘাতি বলে চিহ্নিত করেছিলেন। তাদের কথাকে ভ্রুক্ষেপ করবেন কেন, তিনি ছেলেকে ঘুরিয়ে এনে ঠিক সামলে নিলেন। মিলুর মা কুসুম এমনই বিরলতম।
কুসুম কবিতা লেখেন, সংসারে অজস্র-অফুরান কাজের দায়িত্বের শেষ নেই; এর-মধ্যেও এক-হাতে খুন্তি, আরেক হাতে কলম চালিয়ে লেখার কাজটি তাঁকে শেষ করতে হয়, সঙ্গে রান্নার কাজও থেমে থাকে না। এদিকে কুসুমের ছেলে মিলু, বাঁশঝাড়ে ঘুরে বেড়ানো, খাঁ-খাঁ শূন্য মাঠে হেঁটে বেড়ানো, দিগম্বরী নিশির স্তম্ভিত বাতাসের নিচে দাপিয়ে বেড়ানো মিলু, জগৎকুয়াশার ঘন অন্ধকারে কড়িকাঠ গুনতে-গুনতে নির্ঘুম রাত পার করে দেওয়া মিলু তার জীবনে ভালোবাসার, আশার, নৈরাশ্যের, প্রশ্রয়ের, সংগ্রামের সব কিছুতে সব-সময় যাকে কাছে পেয়েছিল তিনি মিলুর মা। আরো দুটি মানুষের গল্পও তেজীয়ান হয়ে আছে মিলুর জীবনে। বেভুল আর খুকি, তার দুই ছোটো ভাই-বোন। মিলুর উদভ্রান্ত জীবনের দুটি নিরাপদ আশ্রয় ।
বিয়ের পর ভাঙাচোরা, বিপ্রুপের দাম্পত্য সম্পর্ক, সেই-সঙ্গে বেকারত্বের তীব্র গ্লানি নিয়ে জীবনটা মিলুর সমুদ্রের মতো উদ্বেল ছিল। বস্তুত দুঃখের পৃথিবীর নানা তরঙ্গে ভাসতে ভাসতে দিগ¦লয় অন্ধ পথে সে যখনই খাবি খেত, তার ভাইবোনদুটি তাকে অপরিমেয় ভালোবাসা, ভরসা দিয়ে আগলে রাখতো। ভাই অশোকানন্দ বা ভেবুল এক লেখায় জানিয়েছিল, তার দাদার ছিল হাঁটার নেশা; বরিশালের উপকণ্ঠে শ্মশানভূমির পাশ দিয়ে তারা দুই ভাই অনেক হেঁটেছেন, অবাক হয়ে কখনো বা তারা লাশকাটা ঘরের দিকে তাকিয়ে দেখেছেন। কখনও আরও দূরের জায়গা, শহর ছাড়িয়ে গ্রামের পথে চলে গেছেন। পরে মিলু লিখবে এই লাশকাটা ঘরের কথা। তার 'আট বছর আগের একদিন' কবিতায়।
মিলুর জন্ম ফাল্গুনে (১৮৯৯)। বরিশাল শহরে। কীর্তিনাশার তীরের নদীভাঙা গ্রাম বিক্রমপুর থেকে তাদের পূর্বপুরুষ বরিশালে থিতু হয়েছিল। এখানে নিস্তরঙ্গ জীবন; বাড়িতে মায়ের তত্ত্বাবধানে গোল চাতালের নিচে চলছিল মিলুর লেখাপড়া। ১৯০৮ সালে মিলু বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ে সরাসরি পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরু করে। মিলুর বাবা সত্যানন্দ দাশ অল্পবয়সে সন্তানদের বিদ্যালয়ে যাবার ঘোর বিরোধী ছিলেন, মিলুর স্কুলে যেতে তাই এত দেরী। মিলুদের বাড়িটি ছিল সূর্যালোকে পরিপূর্ণ। সকালে ঘুম ভাঙলে শিশুরা শুনতে পেত তাদের বাবা উপনিষদের শ্লোক আওড়াচ্ছে, মা মিহি সুরে গান করছে। বাগানের শখ ছিল মিলুর, গুচ্ছ-গুচ্ছ ফুলের কোমল আলিঙ্গনে কেটে যেত তার সারাবেলা। মিলুদের বাড়িতে মতির মা নামে একটি মেয়ে কাজ করতো; তার সঙ্গে খুব ভাব জমেছিল মিলুর। মতির মা মিলুকে রূপকথার গল্প, ডাইনীর গল্প, প্লাবনের গল্প শোনাতেন। তাঁর দুই পুত্র মতিলাল আর শুকলালের সঙ্গে বাঁশঝাড়ে ঘুরে-ঘুরে বাঁশ কেটে ছিপ তৈরি করে পুকুরে বা ডোবায় মাছ ধরতো মিলু। মিলু গল্প করতো রাজমিস্ত্রী মুনিরউদ্দিনের সঙ্গে, বাগানের মালি ফকির আর আলি মামুদের সঙ্গে, গল্পের আসরে বাড়ির গোয়ালা প্রহ্লাদও জুটে যেত কখনো কখনো। এদের সঙ্গে মিশে-মিশে মিলুর আত্মা বলীয়ান হয়ে গিয়েছিল, সে-কারণে হয়ত একলা রাত্রির আঁধারের নিচে একা বিছানাকে মিলুর ভয়ংকর মনে হত না, বৃষ্টিঘন মেঘের শব্দ মিলুর কখনো অচেনা লাগে নি। সোনালি সরিসৃপ, মাটির নীলপিঙ্গল রং, তৃতীয়া চাঁদ, গূঢ় বাতাস, জীবনের অপার কৌতূহল… এসব কল্লোল আস্তে আস্তে মিলুর জীবনে থিতু হয়ে যায়। মিলু প্রবেশ করে এক অভূতপূর্ব শিল্পের জগতে। যেখানে শব্দেরা তার চারপাশে ভিড় করে থাকে, কথা বলে উঠতে চায় কবিতার মত। একদিন উঠোনে মেঘ ভেঙে বৃষ্টি নেমেছিল; একাকী বসে বিমনা মিলু লিখে ফেলে দুই লাইনের একটি কবিতা–

এল বৃষ্টি এল
পায়রাগুলো উড়ে যায় কার্নিশের দিকে এলোমেলো।

এই তো শুরু! ত্রিলোকের অলীক ছবি জোড়া দিয়ে, সকালে-দুপুরে-অপরাহ্নে কিংবা রা্ত্তিরে, সময় নেই, অসময় নেই মিলু মেতে থাকলো কবিতা লেখায়। ব্রহ্মবাদী পত্রিকায় ছাপা হল মিলুর প্রথম কবিতা–'বর্ষ-আবাহন'।

ওই যে পূর্ব তোরণ-আগে
দীপ্ত-নীল, শুভ্র রাগে
প্রভাত রবি উঠল জেগে
দিব্য পরশ পেয়ে…।

কবিতা তো লিখছেই। একে-একে মিলু প্রাতিষ্ঠানিক লেখাপড়ার একটি-একটি সিঁড়ি পার করতে থাকে। বরিশালের ব্রজমোহন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে মিলু। দু'বছর পর ব্রজমোহন কলেজ থেকেই আই.এ পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স-সহ বি.এ ক্লাসে ভর্তি হয় সে। ১৯২১ সালে মিলু ইংরেজিতে এম.এ পাশ করে। পরের বছরই ১৯২২ সালে কলকাতার সিটি কলেজে মিলুর কর্মজীবনও শুরু হয়ে যায়।
সফলতার আর সচ্ছলতার এসব গল্প অবশ্য মিলুর জীবনে এক-রকম থাকে নি। ১৯২৮ সালে হঠাৎ করেই সিটি কলেজ থেকে মিলুর সর্বকনিষ্ঠ অধ্যাপকের চাকরিটি চলে যায়। তার কবিতায়ও কেউ-কেউ অশ্লীলতার গন্ধ খুঁজে পায়। গভীর সমুদ্রে পড়ে যায় মিলু। এরপর সারা-জীবনে মিলু চাকরি পেয়েছে আর হারিয়েছে, একটানা বহুবছর বেকারও থেকেছে। চাকরি নেই, অর্থ সংস্থান নেই; দারিদ্রের অপরিসীম ভার মিলুকে বিরক্তিকর অন্ধকারে ঠেলে দিচ্ছিল। নানা রকম যুদ্ধে যুদ্ধে জীবনের সঙ্গে মিলুর সম্পর্কটা কেমন যেন ঝিমিয়ে এসেছিল। চোখের সামনে হাহাকারের পর্দা ঝুলছে, এর মধ্যেই বিয়ে। খুলনা জেলার সেনহাটির রোহিনীকুমার গুপ্তের কন্যা লাবণ্যের সঙ্গে ঢাকার রামমোহন লাইব্রেরিতে গাঁটছড়া বাঁধেন মিলু। কিন্তু জীবন থেকে দুশ্চিন্তার মেঘ দূর হল না। সংসারটা জমেনি, সম্পর্কটিও নয়; মিলু প'ড়ে রইল ঘাস, শালিক, নীলাকাশ আর অন্তহীন ময়দান নিয়ে, একা; সঙ্গে থাকে মিলুর লেখার খাতা।
মিলুর হৃদয়ে নানা পটভূমিকায়, স্তব্ধতায় কোনো কোনো হারিয়ে যাওয়া মুখ ধরা দিতে চায়। এরা তার নারী। এরা একদিকে অসহ সব দাবিতে মিলুকে ক্ষতবিক্ষত করে দিতে চায়, আবার প্রাণের আকুতিতে, প্রত্যাশায়, প্রয়োজনে দাঁড়িয়ে থাকে মিলুর চোখের কাছে। সমরাগে, অনুরাগে ভেসে যায় মিলুর দিন-রাত্রি।
মিলুর মনে পড়ে কিশোরবেলার মনিয়ার কথা। মনিয়া ছিল বরিশালের একটি সাধারণ খৃষ্টান পরিবারের মেয়ে। জলে ডুবে মনিয়ার করুণ মৃত্যু হয়েছিল। মিলুর সঙ্গে প্রেমটা অবশ্য তার আগেই মরে যায়। মিলুর পরিণত বয়েসের কবিতাতে জল-শায়িত নারী হয়ে মনিয়া বার বার ফিরে এসেছে। মিলুর এসব গল্প অবশ্য জানা হয় ভূমেন্দ্র গুহের কারণে, যিনি ভবিষ্যতের পাঠকের জন্য অন্ধকার বাক্স থেকে অন্য সব লেখার সঙ্গে মিলুর ডায়েরিও পড়ার ব্যবস্থা করেছিলেন। ভূমেন্দ্র জানিয়েছিলেন, তখন তাঁর বয়স কুড়ি-একুশ, মিলুর কনিষ্ঠ ভগ্নী খুকির স্নেহানুকূল্যে বছর দুয়েক ধরে ভূমেন্দ্র তাঁদের পরিবারটির আশেপাশে প্রায় সম্মোহিতের মতো ঘোরাঘুরি করছিলেন, পরে তিনিই মিলুর লেখার বাক্সের প্রত্নখননের দায় মিটিয়ে গেছেন।
মনিয়াকে স্মরণ করে দিনলিপি বা ডায়েরিতে কোডেড ভাষায় মিলু লিখেছিল How loves died(poem):- আর না no more (poem).
ভূমেন্দ্র বের করে আনে খুন্তি বা লীলাময়ীর গল্পও। খুন্তি ছিল মিলুর একমাত্র মামা প্রিয়নাথ দাসের বড় মেয়ে। তার প্রেমে পড়েছিল মিলু। খুন্তির কথা মনে হলেই পুরোনো অশথগাছটাকে প্রদীপের মতো মনে হত তার। পরবর্তীতে দিনলিপিতে খুন্তিকে পাওয়া যায় হেমন্তের কুয়াশার বিবর্ণ সুদূরের মত। ভূমেন্দ্র গুহ জানান, মিলু তখন বি.এ ক্লাসে পড়ছেন প্রেসিডেন্সি কলেজে, খুন্তির ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফল প্রকাশিতব্য, ফলাফল প্রকাশিত হলে এ বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন মিলু। বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার ফলাফলের গেজেট বেরিয়ে গেলে তা জোগাড় করতে ব্যস্ত থেকেছেন। মা'কে উদ্বিগ্ন সব চিঠিপত্তর লিখছেন। খুন্তির সঙ্গে মিলুর সম্পর্কটা উৎকট নির্দয়তায় শেষ হয়। স্বেচ্ছায় অনূঢা থেকে সেই দায় মিটিয়েছে খুন্তি একাই। খুন্তির মিলুদা বিয়ে করে খুলনার মেয়ে লাবণ্যকে।
খুন্তির কথা ভেবে নানা বাসনায় মিলু লিখেছিল –'যে কামনা নিয়ে'।
যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা !
খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি,
রঙের মাঝারে হেরি রঙডুরি !
পরাগের ঠোঁটে পরিমলগুঁড়ি,
হারায়ে ফেলি গো দিশা !

তবে মিলুর বিবাহপূর্ব তিনটি প্রেমের সবচেয়ে যন্ত্রণার সম্পর্ক ছিল শোভনার সঙ্গে।
মিলুর কাকা অতুলানন্দ দাশের কন্যা শোভনা দাশ। ডাকনাম বেবি। বিশের দশকের মাঝামাঝিতে মিলু চার-পাঁচ মাস শোভনাদের ডিব্রুগড়ের বাড়িতে থেকেছিলেন, তখন শোভনা ক্লাস এইট-নাইনে পড়তেন। সেই সময়েই শোভনার সঙ্গে মিলুর একটি গাঢ় সম্পর্ক গড়ে ওঠে।

 
১৯২৭ সালে প্রকাশিত হয় মিলুর প্রথম কাব্যগ্রন্থ। ঝরা পালক নামের সেই গ্রন্থটি শোভনাকে উৎসর্গ করা হয়। গ্রন্থোৎসর্গের পাতায় মিলু শুধু একটি শব্দই লিখেছিল,– কল্যাণীয়াসু। বইটি ডাকযোগে শোভনার কাছে পাঠিয়েছিলেন শোভনার মিলুদা। শোভনা সেই খবরটিকে অনেকদিন গোপন করে রেখেছিলেন পরিবার পরিজনের কাছ থেকে। ডিব্রুগড় থেকে মেট্রিক পরীক্ষার পর ১৯৩০-৩১ সালে কলকাতায় হোস্টেলে থাকতেন তিনি। ১৯৩০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত মিলু যখন বেকার, সঙ্গিহীন, একা-একা হিম বাতাসে দেহ টেনে শোভনার হোস্টেলের কাছে এসে দাঁড়িয়ে থাকতেন শোভনা বা বেবিকে দেখবেন বলে, যদিও বেবি মিলুর সঙ্গে দেখা করতে খুব বেশি উৎসাহিত হতেন না। মিলু ঘন ঘন বেবিকে চিঠি লিখতেন, উত্তর মিলতো না।
ভূমেন্দ্র গুহ জানান, এই প্রেমটার অসার্থকতা ছাড়া আর কোনও পরিণতি থাকতে পারত না, তা মিলু জানতো বা বুঝতো, তবু মিলু ঘটনাটাকে এড়িয়ে যেতে পারেন নি, বরং খুব বেশি ভাবে পাকে-পাকে জড়িয়ে পড়েছিলেন, এবং নিজেকে জড়িয়ে থাকতে দিয়েছিলেন, হতাশায়-ক্ষোভে-ক্রোধে-বিষণ্ণতায় ও অবাস্তব ব্যর্থতাবোধে ভুগতে-ভুগতে। বেবি খুব বাস্তবতা-সচেতন নারী ছিলেন, এবং বৈষয়িক ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষীও; মিলু তা ছিলেন না। সুতরাং যা হবার তাই হয়েছে। প্রেমটি ভেঙে যায়। দু'জন যার-যার মত অন্যত্র বিয়ে করে ফেলে। যদিও মিলুর জীবনে এই পূর্বরাগের ঘটনার জের রয়ে গিয়েছিল।
বেবিকে নিয়ে টেলিগ্রাফিক ভাষায় লেখা কোডেড নোটস দিয়ে তাঁর দিনলিপিতে মিলু লিখেছিল,
-I am dying, but she will live: to end her: she has been this & this to me: philosophy of life: finally ending her before another mood of renunciation etc. dawns.
(This is a spider web, a frog in a serpent's mouth)
-The pity is : these reflections, associations of ideas, images etc. etc. which are mine will never be hers.

ভূমেন্দ্র গুহ'র বরাতে জানা যায়, এসব কথার মাধ্যমে নিজের সে-সময়ের প্রেম-অভিজ্ঞতার কথাই বলেছেন মিলু। ততদিনে মিলু লিখে ফেলেছে 'ধূসর পাণ্ডুলিপি'র সেসব কবিতা, যা সমগ্র বাংলা কবিতাকে, সমগ্র বাংলা সৃজনশীল সাহিত্যকে সজাগ করে তুলেছিল।
ডায়েরিতে শোভনা বা বেবিকে মিলু বিওয়াই বলে সম্বোধন করেছিল, বেবির কথা ভেবে মিলু লিখেছিল সেসব কবিতা, যেখানে মুঠি ভরা প্রেম আছে, প্রথম বিশ্বাস আছে, বিপুল ধ্যান আছে, মিলনবেলার সন্ধ্যার স্মৃতি আছে। মিলু এলোমেলো জীবন কাটায়। মাতাল ঝঞ্ঝার মত এই প্রেম মিলুর বিকেলবেলার প্রসন্নতাকে উড়িয়ে দিয়ে চলে যেতে চায় বধির সময়ের দিকে।

বেবিকে নিয়ে মিলুর কবিতা–

তুমি তা জান না কিছু,– না জানিলে,–
আমার সকল গান তবুও তোমারে লক্ষ করে !
যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে,
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের 'পরে শুয়ে র'বে?
(নির্জন স্বাক্ষর)

মিলু লেখে —

আমার এ-গান
কোনও দিন শুনিবে না তুমি এসে,–
ভেসে যাবে পথের বাতাসে,–
তবুও হৃদয়ে গান আসে!
ডাকিবার ভাষা
তবুও ভুলি না আমি,–
তবু ভালোবাসা
জেগে থাকে প্রাণে !
পৃথিবীর কানে
নক্ষত্রের কানে
তবু এই গান কোনও দিন শুনিবে না তুমি তাহা,– আমি জানি,–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে,–
তবু হৃদয়ে গান আসে !
(সহজ)
 
আকাশ আঁধার করে মিলুর প্রেম ক্রমশ প্রবীণ হয়ে যায়। খুঁজে নিতে চায় অদর্শনের অতীত কোনো কিছু। মিলুর কবিতায় আসে রাঙা রাজকন্যারা–শঙ্খমালা, চন্দ্রমালা, মানিকমালা, কাঞ্চনমালা, কঙ্কাবতী, অনুরাধা, রোহিনী কিংবা বনলতা সেন, অরুণিমা সান্যাল, শেফালিকা বোস, মৃণালিনী ঘোষাল, আকাশলীনা, সরোজিনী, সুরঞ্জনা, সুচেতনা, সুদর্শনা, শ্যামলী, সবিতা…বিবিধ সব ভাবনায় তারা জলের ভাষায় কথা বলতে চায়।

মিলু লেখে–
সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ
বিকেলের নক্ষত্রের কাছে;
সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে
নির্জনতা আছে।
এই পৃথিবীর রণ রক্ত সফলতা
সত্য; তবু শেষ সত্য নয়।
কলকাতা এক দিন কল্লোলিনী তিলোত্তমা হবে;
তবুও তোমার কাছে আমার হৃদয়।
(সুচেতনা)

সুচেতনা, যে দূরতম দ্বীপের মতো, যেন দূরের এক নারী। সে থাকে বিকেলের নক্ষত্রের কাছে, যেখানে বৃক্ষ রয়েছে, রয়েছে দারুচিনি গাছ, রয়েছে নির্জনতা। মিলু জানায়, আজকের পৃথিবীতে সত্য বলতে হয়তো আমাদের কেবল মনে হয় রক্ত-যুদ্ধ বিস্তৃত সাম্রাজ্য..এসব কিছু। কিন্তু এটিই শেষ কথা নয়। আরও অনেক অকম্পন সত্য আছে। রয়েছে ঘটনা। বিশুদ্ধ বসন্তে কলকাতা একদিন সুন্দর হয়ে উঠবে। সুন্দর হবে সুচেতনাও, সেই সুদূর দ্বীপের দূরত্বে যে আছে, সেই নারীর কাছে মিলু নিজের হৃদয়টাকে দিয়ে রেখেছে।
স্থিরতায়-উজ্জ্বলতায় ধরিত্রীর প্রণত আলো দেখে দেখে কেটে যায় মিলুর দিন। মিলুর রাত্রি। বেদনারা মিলুকে ছেড়ে যায় না। মিলু গাঢ় দুপুরে বাবলার গাছে রোদ খোঁজে, হলুদ পাখির কণ্ঠে শুনতে যায় নতুনের গান, বেলফুলের ছায়ায় খুঁজে বেড়ায় বরিশালের নীরব দিনগুলো। যেখানে নিজের শিয়রে মিলু কল্পনা করে বৈশাখী মেঘ, শাদা-শাদা কড়ি শঙ্খের পাহাড়। মিলু ভাবে, কোনো চাল-ধোয়া স্নিগ্ধ হাত হয়ত তৃপ্তি দেবে তাকে, যখন নিমপাখি উড়ে আসবে কাতর আবেগে। মাদারের, ডুমুরের সোঁদা গন্ধ, পরথুপী-মধুকূপী ঘাসের প্রান্তর ছড়ানো শোভা কল্পনা করতে করতে মিলু ঘুমিয়ে পড়তে চায় নক্ষত্রের রাতে, মিলু জানে পৃথিবীতে এক স্থান আছে–সবচেয়ে করুণ সুন্দর, সে যেন ফিরে যেতে চায় সেই সুন্দরের কাছে।
মিলু, সব হারিয়েও কেবল নিরীহ কবিতা দিয়ে যে জয় করেছিল পাঠকের হৃদয়, তার পোষাকী নাম জীবনানন্দ দাশ!
গটফ্রিড বেন শ্রেষ্ঠ কবির কাছে সবশুদ্ধু পাঁচটি শুদ্ধ কবিতা আশা করেছিলেন। এ কথার সূত্র ধরে কবি অলোকরঞ্জন দাশগুপ্ত বলেছেন, জীবনানন্দ দাশ অন্তত পঞ্চাশটি উত্তীর্ণ কবিতা লিখে গেছেন। অসামান্য সংবেদনশীলতা আর প্রখর মনস্বিতা দিয়ে তিনি জয় করেছিলেন অসংখ্য পাঠকের হৃদয়।


আজকে মিলুর জন্মদিন। সেই মিলু, সবার অবহেলার মিলু। সবার অনাদরের মিলু। চকচকে একশ টাকার একটা চাকরি খুঁজতে জুতোর তলা খুঁইয়ে ফেলা মিলু। প্রেম নয়, কাম নয়, বাসনা মেটানো নয়; স্ত্রীর কাছ থেকে রাশি রাশি অপমান ছিল যার প্রাপ্তি। যেন পথভুলে ধূসর এই পৃথিবীতে এসেছিল মিলু। অন্যমনে, কেমন এক হেলাফেলায় যাপন করেছেন জীবন, তারপর প্রবল এক অন্যমনস্কতার ঘোরে কলকাতার রাস্তায় ট্রামের চাকার নিচে পিষ্ট হয়েছে জীবনের অবশেষ। তাঁর সময়ের বাঙালি মিলুকে চেনেনি, পাপমোচনের চেষ্টায় উত্তরকালের বাঙালি এবং যেখানে যত কবিতাপ্রেমী আছেন তাঁরা চেনার চেষ্টা করছেন মিলু নামের ধোঁয়াশাটিকে। কুসুমকুমারী দাশের অভিমানী সন্তানের তাতে অবশ্য কিছু আর যায় আসে না। হেমন্তের ঝড়ে ঝরে যাবার আগে অনন্তকালের গায়ে অমোঘ চিহ্ন এঁকে দিয়ে গেছেন তিনি। অমোচনীয় সে চিহ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে কবিতাপ্রেমীদের ঘুমঘোরে জাগিয়ে রাখবে।