২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: প্লেগের বিরুদ্ধে নারীরা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 07 May 2021, 03:06 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

প্লেগ
মধ্যযুগীয় শ্রম বিভাজনে, যাজকরা প্রার্থনা করতো, বীর যোদ্ধারা হত্যা করতো আর কৃষকরা সকলকে খাওয়াত আর সবকিছু যোগাড় করে দিত। অতিবৃষ্টি বা অনাবৃষ্টিজনিত দুর্ভিক্ষকালীন সময়ে, কৃষকরা তাঁদের নষ্ট ফসল ও ফলহীন শস্য পরিত্যাগ করে পথে নামত, তাঁরা মৃতদেহ ও শিকড়-বাকড়ের ভাগ নিয়ে মারামারি করতো। আর যখন তাঁদের গায়ের চামড়া হলুদ হয়ে যেত আর চোখ কোটর থেকে বেরিয়ে আসত, তখন তাঁরা বিভিন্ন দূর্গ অথবা মঠ আক্রমন করত।
স্বাভাবিক সময়ে, কৃষকরা কাজ করে আর সেই সাথে পাপও করে। যখন প্লেগ দেখা দেয়, তখন কৃষকের দোষ হয়। যাজকদের খারাপ প্রার্থনার কারণে দুর্ভাগ্য আঘাত করেনা, আঘাত করে তাঁদের বিশ্বস্তদের অবিশ্বস্ত হবার কারণে।
প্রচারবেদী থেকে ঈশ্বরের কর্মভারপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের অভিশাপ দেনঃ
"মাংসের দাস! তোরা ঐশ্বরিক শাস্তি পাবার যোগ্য!''
১৩৪৮ থেকে ১৩৫১ সালের মধ্যে, ইউরোপের প্রতি চারজনের একজনকে সেই ঐশ্বরিক শাস্তি শেষ করে দেয়। মাঠে-ঘাটে, গ্রাম, শহরে প্লেগ মহামারী আকার ধারণ করে। পাপীদের মতো ধার্মিকরাও আক্রান্ত হয়।
বোকাকাচিও'র মতে, ফ্লোরেন্সবাসীরা প্রাতঃরাশ করত স্বজনদের সাথে আর নৈশভোজ করত তাঁদের পূর্বপুরুষদের সাথে।


প্লেগের বিরুদ্ধে নারীরা
যেহেতু জমিন বিক্ষুব্ধ হয়েছিল, প্লেগ তাই রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, মানুষ ও প্রাণীকে বিনাশ করেছিল। ফসল তোলার কৃতজ্ঞতায় পুরুষরা হয়তো জমিনকে নৈবদ্য দিতে ভুলে গিয়েছিল, অথবা তাঁরা বেলচা চালিয়ে গর্ভবতী ভূমিকে আহত করেছিল নয়তো বরফের নীচে ঘুমিয়ে থাকা জমিনে খুঁটি পুতেছিল।
তারপর রাত গভীর হলে নারীরা এক যজ্ঞের আয়োজন করে। সকলের ভাগ্য ও উৎস যে মাটি, যার ওপর সবার বাস, সেই মাটি তার কন্যাদের গ্রহণ করে, এরা তো তার মতোই উর্বর; আর সেই যজ্ঞে কোন পুরুষের সাহস নেই যে মুখ দেখায়।
যজ্ঞের নারীদের মধ্যে একজন ষাঁড়ের মতোই কাধে তাঁর জোয়াল তুলে নেয়। এরপর লাঙল দিয়ে জমি কর্ষণ শুরু করে। বাকিরা তাঁকে অনুসরণ করে, বীজ ছড়ায়। সকলে নগ্ন, খালি পা, তাঁদের চুল খোলা। তাঁরা থালা-বাটি বাজায় আর বিশাল উদর কাঁপিয়ে হাসে। এভাবে তাঁরা ভয়, ঠান্ডা আর প্লেগ তাড়ায়।
অভিশপ্ত জল
আমরা নস্ট্রাডামুসকে তাঁর ভবিষ্যতবানীর কারণে চিনি, যেগুলি সারা পৃথিবীতে এখনও অত্যন্ত জনপ্রিয়।
আমরা অনেকেই হয়তো জানি না, তিনি একজন চিকিৎসকও ছিলেন বটে। তবে এই অসাধারণ মানুষটি নিজেই কিন্তু চিকিৎসকদের বিশ্বাস করতেন না। প্লেগ প্রতিরোধে তিনি পানি ও বাতাসের ব্যবস্থাপত্রের কথা বলেছিলেনঃ বায়ু চলাচলের সুব্যবস্থা আর বিশুদ্ধ জল।
যদিও নোংরা পরিবেশ থেকে এই রোগের উৎপত্তি, তথাপিও সারা খ্রিস্টান ইউরোপের পানির বেশ বদনাম ছিল। শুধু ব্যতিক্রম ছিল দীক্ষা দেবার সময়, তখন স্নান করা থেকে বিরত রাখা হত, কেননা স্নান করলে একটা ভালো লাগা অনুভুতি কাজ করে, যার ফলে পাপ করতে ইচ্ছা করে। পবিত্র ধর্মীয় বিচারসভার তদন্তে, বার বার স্নান করার মানে ছিল মুহাম্মদীয় উৎপথগামীতার অপরাধে অভিযুক্ত হওয়া। স্পেনে যখন খ্রিস্ট ধর্মই একমাত্র সত্যরূপে চাপিয়ে দেওয়া হল, তখন মুসলমানদের রেখে যাওয়া অসংখ্য পাবলিক স্নানাগার রাজার আদেশে গুঁড়িয়ে দেয়া হয়, কেননা সেগুলো ছিল না কি সর্বনাশের উৎস।
পুরুষ বা নারী, কোন সন্তুই কখনো স্নানাগারে পা রাখেননি, আবার রাজারাও কদাচিৎ স্নান করতেন, যেহেতু সুগন্ধিই ছিল তাঁদের স্নানের বিকল্প। কাস্টিলের রাণী ইসাবেলার ঝকঝকে একটা মন ছিল, তবে সারা জীবনে তিনি দুই তিনবারও গোসল করেছেন কি না, তা নিয়ে ঐতিহাসিকরা তর্ক করেন। ফ্রান্সের অভিজাত সান কিং হলেন প্রথম ব্যক্তি যিনি হাই হিল পরতেন, ১৬৪৭ থেকে ১৭১১ সালের মধ্যে মাত্র একবারই তিনি স্নান করেছিলেন। তা-ও আবার চিকিৎসকের আদেশে।

মধ্যযুগের সাধুরা এক রকমের শিল্প পর্যায়ের চিকিৎসা করতেন
সমসাময়িক প্রামাণিক সাক্ষ্য অনুসারে, সিলোসের সন্তু ডোমিনিক "অন্ধদের বন্ধ চোখ খুলে দিয়েছিলেন, কুষ্ঠ রোগীদের নোংরা শরীর পরিষ্কার করেছিলেন, অসুস্থ্যদের প্রত্যাশিত স্বাস্থ্য দান করেছিলেন, বধিরদের তাদের হারিয়ে যাওয়া শ্রবণ শক্তি ফিরিয়ে দিয়েছিলেন, কুঁজো মানুষদের সোজা করেছিলেন, খোঁড়াদের উল্লাসে ডিঙিয়ে চলার সক্ষমতা দিয়েছিলেন, বিকলাঙ্গদের আনন্দে লাফিয়ে ওঠা, বোবাদের চিৎকার দেবার জন্য সক্ষম করে তুলেছিলেন. . . ''
তৌলুজের ফাদার বার্ণার্ড "বারোজন অন্ধ মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, সাতজন বিকলাঙ্গ, চারজন কুঁজো রোগীকে সুস্থ্য করেছিলেন এবং আরও ত্রিশ জনেরও বেশী মানুষের ক্ষত সারিয়ে তুলেছিলেন।"
সন্তু লুইস "অসংখ্য মানুষকে সুস্থ্য করে তুলেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ শরীর ফোলা, গেঁটেবাত, ভগন্দরা, টিউমার রোগে ভুগছিলেন, আবার কেউ কেউ ছিলেন পক্ষাঘাতগ্রস্ত, অন্ধ ও পঙ্গু।"
মৃত্যু সাধুদের চিকিৎসাবিদ্যায় লাগাম টানতে পারেনি। ফ্রান্সের কবরস্থানগুলো সেখানকার পবিত্র সমাধিতে আগন্তুকদের অলৌকিক নিরাময়ের কড়া হিসাব রেখেছেঃ "মৃতদের ৪১% লোকের শরীরের এক পার্শ্ব ও নিম্নাংশ বিকলাঙ্গ, ১৯% অন্ধ, ১২% পাগল, ৮% বধির, মূক অথবা বধির-মূক দু'টোই ছিল এবং ১৭% জ্বর ও অন্যান্য রোগে ভুগছিল।"

শৈশবের শুরু
প্লেগ তাদের ছুঁতে না পারলেও, ঠান্ডা অথবা ক্ষুধা তা পেরেছিল। গরীব শিশুর শৈশবের শুরুতেই ক্ষুধার সাথে পরিচয় ঘটে, যদি না ধনী শিশুদের দুধ খাওয়ানোর পরে তাঁর মায়ের বুকে পর্যাপ্ত দুধ অবশিষ্ট না থাকে।
তবে এমন না যে আরামদায়ক অবস্থানে থাকা শিশুরদের জীবন সহজতর ছিল। সারা ইউরোপেই, বয়স্করা শিশু মৃত্যুর হার বৃদ্ধিতে সহায়তা করেছিল, কেননা তাঁরা শিশুদেরকে এমন একটি শিক্ষা ব্যবস্থার অধীনে রেখেছিল যা তাঁদেরকে চূড়ান্ত এক পরিণতির দিকে ধাবমান করেছিল।
শিশুদেরকে মমিতে পরিণত করার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার শুরু হয়েছিল। প্রতিদিন চাকররা তাঁদেরকে পা থেকে মাথা পর্যন্ত জামা-কাপড়ে মুড়িয়ে শক্তভাবে বেল্ট ও টাই দিয়ে নিরাপদ করত।
এভাবে প্লেগের সংক্রমন ও শরীরের সুক্ষ্ণ কোন গর্ত দিয়ে বাতাসে ভেসে বেড়ানো শয়তানী বাস্প যেন প্রবেশ করতে না পারে তার জন্য শিশুদের দেহের খোলা অংশ বন্ধ করে রাখা হতো, অধিকিন্তু শিশুরা কোন কারণে যেন বিরক্ত না করে। এ রকম বন্দী থাকাকালীন অবস্থায় তাঁরা কোনমতে দম নিতে পারত, কখনো কান্নাকাটি করতে পারত না আর হাত-পা ছুঁড়ে লাথি মারতে বা গোলমাল করতে পারত না।
দীর্ঘ মেয়াদে শরীরকে চেপে রাখার ফলে সৃষ্ট ক্ষত অথবা গ্যাংগ্রিন যদি তাঁদেরকে শেষ করতে না পারে, তবে এই মানব প্যাকেজগুলো বা গাঁটবন্দি মানব সন্তানরা পরবর্তী ধাপে উন্নীত হতো। বেল্ট তাঁদেরকে খাড়া করে ধরে রাখতো, ঈশ্বরের আজ্ঞার মতোই তাঁরা শিখত কীভাবে দাঁড়াতে ও চলতে হবে। এভাবে তাঁরা হামাগুড়ি দেয়া পশুর অভ্যাসকে অতিক্রম করতে সক্ষম হতো। এরপর তাঁরা আরেকটু বড় হলে, নয়টি-চর্মরজু বিশিষ্ট চাবুক, বেত, চড় মারা, কাঠ অথবা লোহার লাঠি ও অন্যান্য পন্ডিতিপনামূলক হাতিয়ারের নানামূখী ব্যবহারের এক নিবিড় কোর্স শুরু করতো।
রাজারাও তখন আর নিরাপদ থাকত না। ফ্রান্সের চতুর্দশ লুই তাঁর অষ্টম জন্মদিনে রাজা হিসেবে মুকুট পড়েছিলেন, এবং তিনি দিনটি শুরু করেছিলেন তাঁর ভাগের চাবুকের মার খাওয়া দিয়ে।
রাজা শৈশবে বেঁচে গিয়েছিলেন।
অন্যান্য শিশুরাও বেঁচে গিয়েছিল, কে জানে কীভাবে, তাঁরাই আবার এক সময় তালিমপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে তাঁদের নিজেদের শিশুদের শিক্ষিত করার জন্য ভালো স্কুলে পাঠায়।
(চলবে)