২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার শিক্ষক প্রফেসর এ কে নাজমুল করিম

onupam_sen

Published : 09 Sep 2015, 07:55 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

১৯৫৯ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হই। আমি বাংলা পড়তে চেয়েছিলাম। তৎকালীন বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান ড. আবদুল হাই আমাকে সংস্কৃত পড়ার জন্য বলেন। আমি সংস্কৃত পড়তে চাইনি। আমাকে সমাজতত্ত্ব পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন আমার দৃষ্টিতে আরেকজন মহাপ্রাণ লোক অধ্যক্ষ আবদুস সোবহান খান চৌধুরী, যার হাতে চট্টগ্রাম কমার্স কলেজ গড়ে উঠেছিল। তিনি ইন্ডিয়ান সিনিয়র এডুকেশন সার্ভিসের লোক ছিলেন। এই সার্ভিসে স্থান পাওয়া লোকের সংখ্যা সেসময় খুবই কম ছিল। তিনিও প্রকৃত অর্থে একজন অসাধারণ পন্ডিত লোক ছিলেন। দেখতে যেমন ছিলেন অসাধারণ সৌম্যকান্তি তেমনি মানুষ হিসেবেও তুলনাহীন মানবিক। তিনি আমাকে বলেছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব নতুন বিভাগ। খুলেছে ইউনেস্কো। শিক্ষকরা বেশির ভাগই বিদেশী পন্ডিত। এই বিভাগে পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে। তাঁর কথায় অনুপ্রাণিত হয়েই আমি সমাজতত্ত্ব পড়ি। আমি যখন ভর্তি হই তখন বিভাগীয় প্রধান ছিলেন একজন প্রসিদ্ধ ফরাসি নৃতত্ত্ববিদ পিআরই বেসাইনেট। আমরা তাকে নয় মাস পেয়েছিলাম। তিনি দেশে ফিরে যাওয়ার পর বিভাগীয় প্রধান হন এ কে নাজমুল করিম স্যার। যদিও বিভাগে অনেক বিদেশী শিক্ষক ছিলেন।
স্যারের উৎসাহে ও অনুপ্রেরণায় বিভাগে অনেক অনুষ্ঠান হত- ডিবেট, বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা পাঠ, নাটক ইত্যাদি। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফলে আমাকে তিনি চেনেন। আমি তাঁর কাছে যাওয়ার সৌভাগ্য ও সুযোগ পাই। বিভিন্ন বিষয়ে উৎসাহ থাকায় আমি ধীরে ধীরে তাঁর স্নেহ পেতে শুরু করি। অবশ্য আমার বন্ধু ও অন্যান্য সহপাঠীরাও তাঁর স্নেহধন্য। সেসময়ে আমরা একটি ক্লাসে ত্রিশ জনের বেশি ছাত্র ছিলাম না। তাই শিক্ষকরা প্রায় সবাইকে চিনতেন। তাঁর স্নেহধন্য হওয়ার ফলে পরবর্তীকালে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ও পড়ার সুযোগ পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি তাঁর সহকর্মী যতটুকু না ছিলাম তার চেয়ে অনেক বেশি ছিলাম উৎসুক ছাত্র। ফলে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি।

আমি মনে করি, প্রফেসর এ কে নাজমুল করিম ১৯৪০ এর দশকের মধ্যভাগ থেকে ১৯৬০ এর দশকের প্রায় শেষ পর্যন্ত বাংলাদেশে যে বুদ্ধিবৃত্তিক আন্দোলন, সাংস্কৃতিক মুক্তির আন্দোলন হয়েছে তার অন্যতম পুরোধা পুরুষ ছিলেন। সরদার ফজলুল করিম তাঁর আত্মজীবনী ও অন্যান্য গ্রন্থে অধ্যাপক নাজমুল করিমের এ ভূমিকাটি বারবার তুলে ধরেছেন। অন্যান্য লেখকের লেখায়ও তা ফুটে উঠেছে।
সৈয়দ ওয়ালীউল্লাহর প্রসিদ্ধ গ্রন্থগুলোর মধ্যে লালসালু অন্যতম। বলা চলে, লালসালু বাংলাদেশের উপন্যাসের ইতিহাসে একটি মাইলফলক। ওয়ালীউল্লাহর উপন্যাসগুলোতে বিশেষভাবে লালসালু ও কাঁদো নদী কাঁদো উপন্যাস দুটিতে সামাজিক ও দার্শনিক বক্তব্য এত অসাধারণ শিল্পাশ্রয়ী যে, তা আমাদের মুগ্ধ করে। প্রফেসর নাজমুল করিম আমাকে বলেছিলেন- লালসালু উপন্যাসের আখ্যানটি ওয়ালীউল্লাহ পেয়েছিলেন চৌদ্দগ্রাম হয়ে ঢাকা যাওয়ার পথে অধ্যাপক নাজমুল করিমের পিতার নির্মিত কবরটি ঘিরে জনৈক ফকিরের কার্যকলাপ থেকে।

নাজমুল করিম ছিলেন অসাধারণ সমাজ সচেতন, সমাজ নিরীক্ষক- বস্তুত একজন সমাজ-দার্শনিক। সরদার ফজলুল করিম তাঁর আত্মজীবনীতে উল্লেখ করেছেন ৫০ ও ৬০ এর দশকের প্রথমদিকে কিভাবে এ কে নাজমুল করিম বাংলাদেশের প্রগতির আন্দোলনকে এগিয়ে নিয়েছিলেন। তিনি বাঙালি সংস্কৃতির একজন একনিষ্ঠ গবেষকই ছিলেন না এক অর্থে তার অসাধারণ ধারকও ছিলেন। চর্তুদশ-পঞ্চদশ শতক থেকে বাঙালি সংস্কৃতি, সমাজ কাঠামো কিভাবে গড়ে উঠেছে তার আলোচনায় তিনি যে অসাধারণ কৃতিত্বের অধিকারী তা তাকে উপমহাদেশের প্রসিদ্ধ ইতিহাসবিদ ও সমাজতত্ত্ববিদদের পাশেই স্থান দিয়েছে। তাঁর স্থান বিনয় সরকার, নীহার রায়, বিনয় ঘোষ, নরহরি কবিরাজ ও রাধাকমল মুখোপাধ্যায় প্রমুখের সঙ্গে।

বলা চলে, বাঙালি মুসলিম সমাজকাঠামো বিশ্লেষণে তিনিই অগ্রপথিক। তাঁর লেখা 'দ্যা চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান' (পরে যার নাম হয় 'দ্যা চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ') আপাত দৃষ্টিতে একটি ছোট গ্রন্থ হলেও এটি অনুপুঙ্খভাবে পড়লে বোঝা যাবে, মুসলিম সমাজ বিন্যাস ও মুসলিম সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে তার পর্যবেক্ষণের কি অসীম গভীরতা রয়েছে। তাঁর 'ডিনামিকস অব বাংলাদেশ সোসাইটি' গ্রন্থটিও অমূল্য। তিনি যে গবেষক হিসেবে খুব বড় ছিলেন তাই নয়, তিনি তার অনেক ছাত্রকেও সমাজ মানস ও জীবন অন্বেষায় জীবনের নিহিতার্থ তুলে ধরার ব্যাপারেও অনুপ্রাণিত করেছেন। তিনি একজন বহুমাত্রিক শিক্ষকও ছিলেন। তাঁর সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনো ভালোভাবে জানে না। তাঁর অবদানও জানে না। তাঁর যথার্থ পরিচয় বাঙালির কাছে তুলে ধরার কাজটি এখনো অসমাপ্ত রয়ে গেছে। তাঁর ছাত্র এবং শিষ্যদেরই (যারা তার ছাত্র নয়) তা করতে হবে।