প্রবন্ধ
সংগীতের মুক্তি ও বন্ধন : রবীন্দ্রনাথ
ওমর শামস
রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত সম্বন্ধে যা ভেবেছেন– বক্তৃতা, প্রবন্ধ, চিঠিপত্র, সংলাপ – এ সবই সংগৃহীত হয়েছে বিশ্বভারতী প্রকাশিত তাঁর সংগীতচিন্তা, ১৩৭৩ নামক গ্রন্থে।১ আমার আলোচ্য এই গ্রন্থের একটি প্রবন্ধ, সংগীতের মুক্তি, – বরং এই নিবন্ধে রবীন্দ্রনাথের বিভিন্ন বক্তব্যের একটি বিশেষ বিষয় – কাব্যের ছন্দ-লয় এবং সংগীতের ছন্দ-লয়, এই দুই ক্ষেত্রের মধ্যে একতা এবং বৈষম্য। আমার বিচার এবং মতামত জানানোর আগে রবীন্দ্রনাথের প্রস্তাব-চিন্তা-বক্তব্য শুনতে এবং বুঝতে হবে। অতএব দীর্ঘ হলেও ঐ প্রবন্ধের কিছু অংশ নিচে পুনর্মুদ্রিত হলো।
'কাব্যে ছন্দের যে কাজ, গানে তালের সেই কাজ। অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে তাল সেই নিয়মে গানে চলিবে এই ভরসা করিয়া গান বাঁধিতে চাহিলাম। তাহাতে কী উৎপাত ঘটিল একটা দৃষ্টান্ত দিই। মনে করা যাক আমার গানের কথাটি এই–
কাঁপিছে দেহলতা থরথর,
চোখের জলে আঁখি ভরভর।
দোদুল তমালেরই বনছায়া
তোমার নীলবাসে নিল কায়া
বাদল-নিশীথেরই ঝরঝর
তোমার আঁখি-পরে ভরভর।
যে কথা ছিল তব মনে মনে
চমকে অধরের কোণে কোণে।
নীরব হিয়া তব দিল ভরি
কী মায়া-স্বপনে যে, মরি মরি,
নিবিড় কাননের মরমর
বাদল-নিশীথের ঝরঝর।
এ ছন্দে আমার পাঠকেরা কিছু আপত্তি করিলেন না। তাই সাহস করিয়া ঐটেই ঐ ছন্দেই সুরে গাহিলাম। তখন দেখি যাঁরা কাব্যের বৈঠকে দিব্য খুশি ছিলেন তাঁরাই গানের বৈঠকে রক্তচক্ষু। তাঁরা বলেন- ঐ ছন্দের এক অংশে সাত আর – এক অংশে চার, ইহাতে কিছুতেই তাল মেলে না। আমার জবাব এই– তাল যদি না মেলে সেটা তালেরই দোষ, ছন্দটাতে দোষ হয় নাই। কেন, তাহা বলি। এই ছন্দ তিন এবং চার মাত্রার যোগে তৈরি। এইজন্যই 'তোমার নীলবাসে' এই সাত মাত্রার পর 'নিল কায়া' এই চার মাত্রা খাপ খাইল। তিন মাত্রা হইলেও ক্ষতি হইত না, যেমন– 'তোমার নীলবাসে মিলিল'। কিন্তু ইহার মধ্যে ছয় মাত্রা কিছুতেই সহিবে না। যেমন- 'তোমারি নীলবাসে ধরিল শরীর'। অথচ প্রথম অংশে যদি ছয়ের ভাগ থাকিত তবে দিব্য চলিত, যেমন- তোমার সুনীল বাসে ধরিল শরীর'। এ আমি বলিতেছি কানের স্বাভাবিক রুচির কথা। এই কানের ভিতর দিয়া মরমে পশিবার পথ। অতএব, এই কানের কাছে যদি ছাড় মেলে তবে ওস্তাদকে কেন ডরাইব?
আমার দৃষ্টান্তগত ছন্দটিতে লাইনেই সবসুদ্ধ ১১ মাত্রা আছে। কিন্তু এমন ছন্দ হইতে পারে যার প্রত্যেক লাইনে সমান মাত্রা-বিভাগ নাই। যেমন–
বাজিবে, সখি, বাঁশি বাজিবে।
হৃদয়রাজ হৃদে রাজিবে।
বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি,
অধরে লাজহাসি সাজিবে।
নয়নে আঁখিজল করিবে ছলছল,
সুখবেদনা মনে বাজিবে।
মরমে মুরছিয়া মিলাতে চাহে হিয়া
সেই চরণযুগরাজীবে।
ইহার প্রথম দুই লাইনে মাত্রাভাগ ৩+৪+৩ = ১০। তৃতীয় লাইনে ৩+৪+৩+৪ = ১৪। অমার মতে এই বৈচিত্র্যে ছন্দের মিষ্টতা বাড়ে। অতএব উৎসাহ করিয়া গান ধরিলাম। কিন্তু এক ফের ফিরিতেই তালওয়ালা পথ আটক করিয়া বসিল। সে বলিল, ' আমার সমের মাশুল চুকাইয়া দাও।' আমি তো বলি এটা বে-আইনি আবোয়াব। কান-মহারাজার উচ্চ আদালতে দরবার করিয়া খালাস পাই। কিন্তু সেই দরবারের বাহিরে খাড়া আছে মাঝারি শাসনতন্ত্রের দারোগা। সে খপ্ করিয়া হাত চাপিয়া ধরে, নিজের বিশেষ বিধি খাটায়, রাজার দোহাই মানে না।
কবিতায় যেটা ছন্দ, সংগীতে সেইটেই লয়। এই লয় জিনিসটি সৃষ্টি ব্যাপিয়া আছে, আকাশের তারা হইতে পতঙ্গের পাখা পর্যন্ত সমস্ত ইহাকে মানে বলিয়াই বিশ্বসংসার এমন করিয়া চলিতেছে অথচ ভাঙিয়া পড়িতেছে না। অতএব কাব্যেই কী, গানেই কী, এই লয়কে যদি মানি তবে তালের সঙ্গে বিবাদ ঘটিলেও ভয় করিবার প্রয়োজন নাই।
একটি দৃষ্টান্ত দিই —
ব্যাকুল বকুলের ফুলে
ভ্রমর মরে পথ ভুলে।
আকাশে কী গোপন বাণী
বাতাসে করে কানাকানি,
বনের অঞ্চলখানি
পুলকে উঠে দুলে দুলে।
বেদনা সুমধুর হয়ে
ভুবনে গেল আজি বয়ে।
বাঁশিতে মায়াতান পুরি
কে আজি মন করে চুরি,
নিখিল তাই মরে ঘুরি
বিরহসাগরের কূলে।
এটা যে কী তাল তা আমি আনাড়ি জানি না। এবং কোনো ওস্তাদও জানেন না। গণিয়া দেখিলে দেখি প্রত্যেক লাইনে নয় মাত্রা। যদি এমন বলা যায় যে, না হয় নয় মাত্রায় একটা নূতন তালের সৃষ্টি করা যাক, তবে আর একটা নয় মাত্রার গান পরীক্ষা করিয়া দেখা যাক–
যে কাঁদনে হিয়া কাঁদিছে
সে কাঁদনে সেও কাঁদিল।
যে বাঁধনে মোরে বাঁধিছে
সে বাঁধনে তারে বাঁধিল।
পথে পথে তারে খুঁজিনু,
মনে মনে তারে পূজিনু,
সে পূজার মাঝে লুকায়ে
আমারেও সে যে সাধিল।
এসেছিল মন হরিতে
মহাপারাবার পারায়ে।
ফিরিল না আর তরীতে,
আপনারে গেল হারায়ে।
তারি আপনার মাধুরী
আপনারে করে চাতুরী
ধরিবে কি ধরা দিবে সে
কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল।
এও নয় মাত্রা, কিন্তু এর ছন্দ আলাদা। প্রথমটার লয় ছিল তিনে ছয়ে, দ্বিতীয়টার লয় ছয়ে তিনে। আরো একটা নয়ের তাল দেখা যাকÑ
আঁধার রজনী পোহালো,
জগৎ পূরিল পুলকে
বিমল প্রভাতকিরণে
মিলিল দ্যুলোকে ভূলোকে।
নয় মাত্রা বটে, কিন্তু এ ছন্দ স্বতন্ত্র। ইহার লয় তিন তিন তিনে। ইহাকে কোন নাম দিবে? আরো একটা দেখা যাকÑ'। এরপর তিন নয় মাত্রার আরো অন্যান্য উদাহরণ২ দিয়েছেন রবীন্দ্রনাথ। সেগুলো টিকা অংশে পুনর্মুদ্রিত হলো।
এবার রবীন্দ্রনাথের বক্তব্যের সারাৎসার এবং জনসাধারণের কাছে প্রস্তাবনাটিকে তাঁর প্রবন্ধের শেষাংশ থেকে উদ্ধৃত করি :
'কিন্তু হাল-আমলে এ-সমস্ত উৎপাত চলিবে না। আমরা শাসন মানিব, তাই বলিয়া অত্যাচার মানিব না। কেননা, যে নিয়ম সত্য সে নিয়ম বাহিরের জিনিস নয়, তাহা বিশ্বের বলিয়াই তাহা আমার আপনার। যে নিয়ম ওস্তাদের তাহা আমার ভিতরে নাই, বাহিরে আছে, সুতরাং তাকে অভ্যাস করিয়া বা ভয় করিয়া বা দায়ে পড়িয়া মানিতে হয়। এইরূপ মানার দ্বারাই শক্তির বিকাশ বদ্ধ হইয়া দেশের সকল শক্তিই আজ জরাসন্ধের কারাগারে বাঁধা পড়িয়াছে। তারা আছে মাত্র, তারা
চলে না– দস্তুরের বেড়িতে তারা বাঁধা। সেই জরার দুর্গ ভাঙিয়া আমাদের সমস্ত বন্দী শক্তিকে বিশ্বে ছাড়া দিতে হইবেÑ তা, সে কী গানে, কী সাহিত্যে, কী চিন্তায়, কী কর্মে, কী রাষ্ট্র, কী সমাজে। এই ছাড়া দেওয়াকে যারা ক্ষতি হওয়ার মনে করে তারাই কৃপণ, তারাই আপনার সম্পদ হইতে আপনি বঞ্চিত, তারাই অন্নপুর্ণার অন্নভাণ্ডারে বসিয়া উপবাসী। যারা শিকল দিয়া বাঁধিয়া রাখে তারাই হারায়, যারা মুক্তির ক্ষেত্রে ছাড়িয়া রাখে তারাই রাখে।'
অবশেষে যুক্তির অবতারণা করা যাক। রবীন্দ্রনাথ এই নিবন্ধে তিনটে টেকনিক্যাল এবং সংজ্ঞা নির্ভর শব্দ ব্যবহার করেছেন :
১. ছন্দ
২. তাল
৩. লয়
এই তিনটে সম্বন্ধে সম্পূর্ণ স্পষ্ট ধারণা ব্যতিরেকে রবীন্দ্রনাথের বক্তব্য বোঝা সম্ভব নয় এবং তাঁর বক্তব্যে যে ছিদ্র, মানে অসঙ্গতি, সেটাও বোঝা সম্ভব নয়।
ছন্দ : ছন্দ শব্দটি এবং সংগীত ধারণাটি কবিতা এবং গান উভয় প্রদেশেই ব্যবহার হয়। তবে কবিতা এবং সাহিত্য জগতের অধিবাসীরা একে একটি বিশেষ এবং স্পষ্ট অর্থে বুঝে থাকেন। ছন্দ কবিতার উচ্চারণে- 'মাত্রা'র হিসাবের এক বিশিষ্ট ধরনের মিল (মুক্তক, সমমাত্রার ইত্যাদি)। এখন প্রশ্ন আসে মাত্রার সংজ্ঞা কি? মাত্রা ধ্বনি উচ্চারণ কাল (time)-এর একটি unit। কবি বৈয়াকরণিক কিংবা গাইয়ে, বাজিয়ে, তবলা বাদক উভয় সম্প্রদায়ই 'মাত্রা' শব্দ ব্যবহার করেন এবং আসলে একই অর্থে ব্যবহার করেন। মাত্রার বৈজ্ঞানিক (একেবারে ফিজিক্স-এর অর্থ) মান নিরূপণ- 'মেট্রোনোম' দিয়ে সম্ভব – যা ধ্বনির কাল পরিমাণ মেট্রোনোমের টক্ টক্ unit-এ (ঘড়ির মতো) মেপে দ্যায়। গানের জগতের লোকেরা সেই জিনিসটাকে হাতের আঙুলের দাগ গুনে
মাপে (গতি নির্দিষ্ট করে)। ইংরেজী সাহিত্যের ছন্দ-বিজ্ঞান (rhetoric prosody) -এ মাত্রা হিসেব এই গানের মাত্রার মতো কর। হয়ে থাকে। যে কারণেই হোক, বাংলা কবিতার ছন্দেসিকরা মাত্রার হিসাব শব্দের অক্ষরসংখ্যা দিয়ে গণনা করেন (এই নিবন্ধে রবীন্দ্রনাথের উল্লিখিত মাত্রা হিসাব দ্রষ্টব্য)। এই ব্যবস্থা অধিকাংশ কবিতার ক্ষেত্রে কার্যকরী হলেও উত্তর রাবীন্দ্রিক কবিতায় বিশেষ করে জীবনানন্দের ক্ষেত্রে কখনো কখনো অকেজো হয়ে পড়ে। তার কারণ একটি অক্ষরের সব সময় ক্ষমতা নেই যে সে বিশেষ লয়কে মাত্রা গণনায় resolve করতে পারে (physics-এ ব্যবহৃত resolution শব্দটি স্মরণ করুন, যেমন আলো-কে বিভিন্ন রঙে grating বা প্রিজমের resolve করার ক্ষমতা )। সারমর্ম হচ্ছে গায়ক-বাদক মন্ডলীর মাত্রা সংজ্ঞা এবং মাত্রা নিরূপণ পদ্ধতি বিজ্ঞানসম্মত। বাংলা ছান্দসিকদের একই পদ্ধতি বারো আনা অংশে কাজ চললেও সেটি সম্পূর্ণ নির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত নয় ( কিন্তু ইংরেজী rhetoric-prosody এবং সম্ভবত অন্যান্য যূরোপীয় ভাষার ছন্দ ব্যাকরণ বিজ্ঞানসম্মত )।
এ ছাড়া ছন্দের অর্থ কবি-বৈয়াকরণিকের কাছে এবং গায়ক-বাদকদের কাছে আসলে একের অন্যের চেয়ে কিছুটা পৃথক। গীত-বাদ্যের জগতে সংগীত বা বাদ্য একটি periodic cycle-এ চলে (যদি না সেই গীত-বাদ্য তাল-বিবর্জিত হয়)। অর্থাৎ সেখানে তাল শুরুর থেকে শেষ হয়ে সমে ফেরে এবং তাল পনুরাবৃত্ত হয়। এই cycle চলতেই থাকে। গায়ক-বাদক বিরাম নিয়ে তালের বাইরে যেতে পারেন কিন্তু অবশেষে সেমে তাঁকে ফিরতেই হবে। এই পদ্ধতিতেই এক-দু
ঘন্টার শাস্ত্রীয় ধ্রুপদ-ধামার-খেয়াল হতে পারে। পক্ষান্তরে কবিতা স্তবকে রচিত হয় এবং একালে স্তবক ও মাত্রা উভয়কেই কবিতা থেকে নির্বাসিত করা মোটেই অসহজ নয়। গদ্য কবিতা স্মরণ করুন। অতএব কোন কোন কবিতাকে- ভারতচন্দ্র থেকে সুধীন্দ্রনাথ অব্দি পুপষব এর মতো ছন্দে পড়া গেলেও (যদি স্তবক গুলো regular এবং cyclical থাকে) বেশির ভাগ কবিতায় এই মেট্রোনেমিক পুনরাবৃত্তি নেই ৪ কেননা স্তবকের গঠন সব সময় সমমাত্রিক নয়।
তাল : গীত-বাদ্য জগতের ক্রিয়াশীল ব্যক্তিরা তাল বলতে কি বোঝায় তারা সকলেই বোঝেন। কখনো কখনো সুর সম্পূর্ণভাবে মাত্রা-তাল-লয় এসব কাল-নির্ভর সংজ্ঞাকে এড়িয়ে বিনা মাত্রায়, বিনা তালে এমন কি লয়কে উপেক্ষা করে শুধু স্বর দিয়ে প্রকাশিত হতে পারে। উচাঙ্গ সঙ্গীতে আলাপ পর্বে তা ঘটে থাকে। সুর যখন কালক্ষেপের মধ্যে এবং সঙ্গে সঙ্গতি রেখে একটা সময়ের design-এর (উস্তাদরা একে লচক্ বা ঠুমক এমন কি চলন বলতে পারেন) সমন্বয়ে অথবা কালের সঞ্চারপথে বিকশিত হতে চায়, তখনই তাকে মাত্রাগণনার আওতায় এসে তালের ফর্মে বিন্যস্ত হতে হয়। উদাহরণ: তিন তাল ১৬ মাত্রার
ধা ধিন্ ধিন্ ধা তাল ১
ধা ধিন্ ধিন্ ধা তাল ২
না তিন্ তিন তা খালি ১
তা ধিন্ ধিন্ ধা তাল ৩
সুতরাং তিন-তালে৫ তাল রয়েছে ৩টি এবং ১টি খালি। খালির দরকার কেন? দরকার এই জন্য যে গায়ক অনির্দিষ্ট সময়ের জন্য গাইবেন; গাওয়ার যে কোন সময়ে তাঁকে জানতে হবে time cycle এর (তাল বা কাল আবর্তনের) কোন মাত্রায় বা অবস্থানে তিনি তাৎক্ষণিকভাবে আছেন। তাহলে গায়ক-গায়িকা সুর বিস্তার করে আবার সোমে ফিরে আসতে পারবেন। উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের সুর তালের সঞ্চারপম্ব সংগীত সম্পন্ন হয়।
এই আলোচনার থেকে জ্ঞাত হলো যে তাল আসলে এক গুচ্ছ মাত্রা, যেমন তিনতালে ৩টি তালি আছে যার প্রত্যেকটির মাত্রা সংখ্যা ৪। এও মান্য যে তিন তাল এবং এক খালি মিলে সম্পূর্ণ ১৬ মাত্রাকেও আমরা তাল বলি (যেমন তিন-তাল বা ত্রিতাল)।
রবীন্দ্রনাথের বক্তব্য : "কাব্যে ছন্দের যে কাজ গানে তালের সেই কাজ। অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে তাল সেই নিয়মে গানে চলিবে …. " আংশিক অর্থে "ভুল", নরম করে বললে, অসঙ্গতিপূর্ণ। রবীন্দ্রনাথ পুনরুপি বলেছেন, "কবিতায় যেটি ছন্দ সংগীতে সেইটেই লয়" এই ঘোষণাও ভুল এবং তাঁর প্রথম বক্তব্যের বিরোধী।
লয় : তালে গান হয়। তালের অন্তর্গত ভঙ্গী বা কালাশ্রয়ী নকশাটি ছন্দ। তাল যে গতিতে প্রবাহিত হয় সেইটে লয়- বড়ো দাগে লয় জানান দ্যায় তুমি কি ধীরে যাচ্ছো। মাঝামাঝি গতিতে যাচ্ছো না দ্রুত যাচ্ছো। সংগীত লয়কে মোটামুটি ৩ ভাগে ভাগ করা হয়: বিলম্বিত মধ্য (বা বরাবর) ২ দ্রুত লয়। বড়ো খেয়াল বিলম্বিত লয়ে পাওয়া হয় (তাল যাই হোক ঝুমরা, একতাল এমন কি ঝাপতালেও আমির খান, ফতেহ আলী খান আভেগী রাগের বিলম্বিত গেয়েছেন) মধ্য লয়ে কম্পোজিশন (অস্থায়ী অন্তরা) এবং দ্রুত লয়ে বন্দিশ এবং/অথবা তারানা গাওয়া হয়ে থাকে। প্রতিতুলনা হিসেবে কবিতার অক্ষরবৃত্তকে, মাত্রাবৃত্তকে এবং স্বরবৃত্তকে দ্রুত লয় বলা যেতে পারে
: [বিলম্বিত লয় (জীবনানন্দীয় অক্ষরবৃত্ত), মধ্য লয় (রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা থেকে শুরু করে 'দুঃসময়' পর্যন্ত – মাত্রাবৃত্তে), দ্রুত লয় (স্বরবৃত্ত) ]। এটি প্রতিতুলনা মাত্র।
কবিতার ছান্দসিকরা লয়ের ব্যাপারটা কাজ-ছন্দ আলোচনায় কম অবতারণা করেন। প্রবোধচন্দ্র সেন লয় প্রায় এড়িয়ে, সব ছন্দবিচার 'অক্ষর' 'দল' ইত্যাদি দিয়ে করেন। অমুল্যধন লয় ধারণাটি ব্যবহার করেছেন (তাঁর বইটি আমার হাতে আসেনি)। রবীন্দ্রনাথের অন্য বক্তব্য : "কবিতায় যেটা ছন্দ সংগীতে সেইটেই লয়। এই লয় জিনিসটি সৃষ্টি ব্যাপিয়া আছে আকাশের তারা হইতে পতঙ্গের পাখা পর্যন্ত সমস্তই ইহাকে মানে বলিয়াই বিশ্বসংখ্যার এমন করিয়া চলিতেছে অথচ ভাঙিয়া পড়িতেছে না। অতএব কাব্যেই কী, গানেই কী, এই লয়কে যদি মানি তবে তালের সঙ্গে বিভেদ ঘটিলেও ভয় করিবার প্রয়োজন নাই।" উল্লিখিত প্রস্তাবও বিজ্ঞানসম্মত নয়। লয় পিছনের বৃহত্তর আবর্তন এবং তাল তার মধ্যেই নিবদ্ধ; প্রথমটির মধ্যে দ্বিতীয়টি সেঁধানো, এবং এমনভাবে সেঁধানো যাতে তালের সোম এমনভাবে পড়বে যাতে লয় সংরক্ষিত থাকবে। সেই জন্যই বলা হয়, 'মধ্যলয়ে একতাল', 'দ্রুতলয়ে সুলফাক্তা' – ইত্যাদি।
উল্লিখিত সংজ্ঞা এবং বিশ্লেষণের পর আবার রবীন্দ্রনাথের বক্তব্যে ফিরে যাওয়া যাক : "কিন্তু এক ফের ফিরিতেই তালওয়ালা পথ আটক করিয়া বসিল। সে বলিল আমার সোমের মাশুল চুকাইয়া দাও। আমি তো বলি এটা বেআইনি আবোয়াব।'' প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ যা বলছেন- উপমহাদেশটায় সংগীত শাস্ত্রে যা প্রায় আড়াই হাজার বছর ধরে পুষ্ট, লালিত এবং বর্দ্ধিষ্ণু – তাঁর কথাটাই বে-আইনী। সুরকে সোমে ফিরে আসতে হবে। এই বিধান গুণী-গধ্বর্ব নায়করা করেছিলেন কেননা আমাদের উচ্চ মার্গের সংগীত তিন বা পাঁচ মিনিটের গান নয়। রাগকে বিকশিত করার গান যার জন্য দু ঘন্টারও প্রয়োজন হতে পারে গায়ক-বাদক যদি সক্ষম হন এবং সুরে, তালে বৈচিত্রশালী করে রাগ-উদ্ভাসক করে তুলতে পারেন। সোম ছাড়া গান যদি কেউ করতে চান, সমস্যা নেই- শাস্ত্রও তাতে বাধা দেবে না। কিন্তু কার্যত সেটা ৩-৫-৭ মিনিটেই সম্ভব কেননা তবলিয়াকে ঐ সোমহীন মাত্রার বাঁট মুখস্থ করে রাখতে হবে – যা দীর্ঘতর কালে অসম্ভব। এবং
গায়ককেও সেটা মুখস্থ করে সুরকে লয়-তালে বসাতে হবে।
এবার নতুন তাল প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার ছন্দ-জ্ঞানের ভিত্তিতে ৯ মাত্রার তাল প্রস্তাব করেছেন- ৩+৬, ৬+৩, ৪+৫, ৩+৩+৩ বিভিন্ন মাত্রা বিভাজনে। এ সব জিনিস তবলা-নওয়াজ এবং গায়ক-বাদকরা উত্তর-ভারতীয় (এবং সম্ভবত দক্ষিণী সিল্সিলাতেও) বহু আগেই করে গেছেন। পন্ডিত চতুর লালের টেপে বাজনা শুনেছি দাদরার ৩ থেকে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ … ইত্যাদি প্রত্যেক মাত্রার তাল বাজাতে। এ মাত্রার তাল পুরোনো, মত্তা তাল :
ধিন ত্রেকেটে ধিন
ধাঘে তিন্ না
ধিধিনা ধিধিনা
এবং এই তালে গাওয়া মালকোষে উস্তাদ সালাম আলী খানের গাওয়া তারানা মুখোমুখি বসে শুনেছি। আর ৩+৩+৩ = ৯ বা ৪+৫ = ৯ এ সব বিভাজনও উস্তাদরা সহজেই করে থাকেন গান বুঝে। ছন্দের বিভিন্ন প্রয়োগে নির্দিষ্ট মাত্রার তাল যে ভিন্নরূপ পরিগ্রহ করে সেও প্রাচুর্য জ্ঞান – ১৪ মাত্রায় আড়া চৌতাল আবার ঝুমরাও কিন্তু চলন আলাদা কেননা বাট (মাত্রার বন্টন) যেহেতু আলাদা ছন্দও আলাদা। এগুলো বহু প্রাচীন জ্ঞান গান্ধর্ব সংগীতের কাল থেকে প্রবন্ধ-ধ্রুপদ খেয়াল-তারানার যুগ প্রবাহিত হয়ে এবং কাল-গণ-রঞ্জ প্রীতি-উস্তাদী এলেমের ধৌপে টিকে স্থায়ী রূপ নিয়েছে।
আসল কথা যে কোন শিল্পের সাময়িক বিচার তার আমূল ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে করতে হবে। ভারতীয় সংগীতের ট্রাডিশন অন্তত আড়াই হাজার বছরের। এতে নারদ-ভরত-মাতঙ্গ-শাঙ্গদেব, আমীর খসরো, বকসু ,তানসেন, সদারঙ্গ-অদারঙ্গ এমন কি শেষ অব্দি সবরঙ্গ, জিয়ারঙ্গের অবদান এবং ফলিত ফসল রয়েছে। গানের বৃহত্তর আলোচনায়, এই ঐতিহ্য এড়িয়ে গিয়ে কিংবা ঠাট্টা করে নূতনত্বের জয়গান একটু অসঙ্গত। এবং বিশেষ করে রবীন্দ্রনাথের পক্ষে যেখানে সাহিত্যের ব্যাপারে তিনি ঐতিহ্য ট্রাডিশনের সুশীল সমর্থক ও অনুসারী। অবশ্য "সংগীতকে …মুক্তি দিলে … তার স্বভাব তার স্বরূপ নব নব উদভাবনার ভিতর দিয়া ব্যক্ত করিতে বাকিবে"Ñ এই প্রস্তাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। শুধু বিষয়ের ক্ষেত্রদিক প্রথমে সুনির্দিষ্ট করে নেওয়ার প্রয়োজন। ৩-৫-৭ মিনিটের গানের জগত তার স্বস্থানে অবস্থিত কিন্তু সংগীত যেখানে ১-২ ঘন্টা একই রাগের বিচিত্র মহিমা বিস্তারে নিয়োজিত তার ক্ষেত্র এবং অধিষ্ঠান সম্পূর্ণ আলাদা। এ দুটোকে এক সঙ্গে না গোলানোই বুদ্ধি এবং বিচক্ষণতার লক্ষণ।
রবীন্দ্রনাথ যে, প্রস্তাব৬ করেছেন, 'ওস্তাদদের' 'শাসন' 'অত্যাচার' হইতে সংগীতকে মুক্তি দিলে তবেই তার স্বরূপ নব নব উদভাবনার ভিতর দিয়া ব্যক্ত' হইতে থাকিবে – অতি উত্তম প্রস্তাব ও বিবেচনা। কিন্তু ভারতীয় সংগীতের ইতিহাস খাটলে এইটেই প্রমানিত হয় যে গুণী-গান্ধর্ব নামক পন্ডিত উস্তাদ আড়াই হাজার বছর ধরে সেই কাজটাই করে আসছেন। এবং সেই সকল ক্রিয়াদির প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রশংসা সূচক একটি আদি বন্দিশ দিয়ে নিবন্ধ শেষ করি :
তানসেন, বৈজু, বাওরে,
বখসু, ধন্দু, হরদাস স্বোয়ামী
বাল, বুধ্, গণেশ, স্বরস্বতী-
ইনকো পায়ো শ্যাম।
ইন্ কি পূজা সিধ করিয়ে-
ইয়াহি ভেদ হো!
অনুবাদ: তানসেন, বৈজু-বাওরা, বখসু, ধন্দু, হরিদাস স্বামী, বাল, বুধ্, গণেশ, স্বরস্বতী (কথিত নায়ক)Ñ এঁদের কৃষ্ণ-শ্যাম (গুণীজন হিসাবে) পেয়েছেন। (সর্বদা) এঁদের পূজা করো। এবং স্রষ্টার কোন ভেদাভেদ নেই। —- [ মালকোষ, তিনতাল ]
টিকা ও গ্রন্থপঞ্জী :
১. রবীন্দ্রনাথ ঠাকুর সংগীতের মুক্তি, সংগীত চিন্তা।
২. দুয়ার মম পথপাশের
সদাই তারে খুলে রাখি।
কখন্ তার রথ আসে
ব্যাকুল হয়ে জাগে আঁখি।
শ্রাবণ শুনি দূর মেঘে
লাগায় শুরু গরগর,
ফাগুণ শুনি বায়ুবেগে
জাগায় মৃদু মরমর –
আমার বুকে উঠে জেগে
চমক তারি থাকি থাকি।
তখন তার রথ আসে
ব্যাকুল হয়ে জাগে আঁখি।
সবাই দেখি যায় চলে
পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে
পথের গান গেয়ে গেয়ে।
শরৎ মেঘ ভেসে ভেসে
উধাও হয়ে যায় দূরে
যেথায় সব পথ মেশে
গোপন কোন সুরপুরে Ñ'
স্বপনে ওড়ে কোন দেশে
উদাস মোর প্রাণপাখি।
কখন তার রথ আসে
ব্যাকুল হয়ে জাগে আঁখি।
এও তো আর-এক ছন্দ। ইহার লয় পাঁচে চারে মিলিয়া। আবার এইটেকে উলটাইয়া দিযা চারে পাঁচে করিলে নয়ের ছন্দকে লইয়া নয়-ছয় করা যাইতে পারে। চৌতাল তো বারো মাত্রায় ছন্দ। কিন্তু এই বারো মাত্রা রক্ষা করিলেও চৌতালকে রক্ষা করা যায় না এমন হয়। এই তো বারো মাত্রাÑ
বনের পথে পথে বাজিছে বায়ে
নূপুর রুনুরুনু কাহার পায়ে
কাটিয়া যায় বেলা মনের ভুলে,
বাতাস উদাসিছে আকুল চুলে
ভ্রমরমুখরিত বকুল-ছায়ে
নূপুর রুনুরুনু কাহার পায়।
ইহা চৌতালও নহে, একতালাও নহে, ধামারও নয়, ঝাঁপতালও নয়। লয়ের হিসাব দিলেও, তালের হিসাব মেলে না। তালওয়ালা সেই গরমিল লইয়া কবিকে দায়িক করে।
৩. ক. ইংরেজী কবিতার ছন্দের আধুনিক ব্যাখ্যা দিয়েছেন এজরা পাউন্ড :
খ. Ezra Pound, ABC of Reading, New Directions;
Nigel Fabb and Morris Hale, Meter in Poetry: A New
Theory, Cambridge University Press.
৪. ক. রবীন্দ্রনাথের উদাহরণ নেয়া যাক– যে কাঁদনে হিয়া কাঁদিছে বাংলা ছন্দেসিকদের অক্ষর গণনার হিসাব ( কবিতার ছন্দের মাত্রা সংজ্ঞা মাফিক ) অনুযায়ী সব লাইন-ই ৯ মাত্রার। কিন্তু লয় ঠিক রেখে (ধি না ধি ধি না -ঝাঁপতালে, হাতে গণনা করুন) পুরো কবিতাটিকে ৯ মাত্রার (কবিতার) বদলে ৫ মাত্রার (সংগীতের) ঝাঁপতালে পড়া যাবে। আবার পড়ার লয় যদি এমন হয় যে "কাঁদিল"-র ল (ও)-র স্বরবর্ণ একটু টানা হয় তবে ঐ ১ মাত্রা বেশী যোগে পুরো কবিতা ১২ মাত্রা বা একতালে পড়া যাবে। অতএব কবিতার ছন্দ ও গানের তাল সব সময় এক জিনিস নয়।
বাজে খোল করতাল কেহ বলে ভাল ভাল
কেহ কাঁদে ভাবে গদগদ।
বীণা বাঁশি আদি যন্ত্রে বেদ পুরানাদি তন্ত্রে
নানামতে গান বিষ্ণুপদ ॥
(ভারতচন্দ্র, হরিনামাবলী)
বাদ্য-গীতের মাত্রা হিসেবে (৪+৪+৫) এই হিসাবে পড়া যায় লয় রেখে মাত্রা হাতে গুণে।
অতএব এখানে ৪ মাত্রার বৃত্তে কাহারবায় গাওয়া সম্ভব না। কেউ যদি ১৩ মাত্রায় নিবিষ্ট সোম নির্ধারণ করে, তখন ঐ তালে গাওয়া সম্ভব হবে যদি সুরকে সে ভাবে বোলে-তালে বন্দিশ করা হয়।
কাব্য ছান্দসিকদের মাত্রা-হিসাব এই তথাকথিত ত্রিপদী কবিতায় হবে : (৮+৮++১০)।
৫. একতাল ৪+৪+৪ ছন্দে :
ধিন ধিন ধাঘে তেরেকেটে
তু না কৎ তা
ধাঘে তেরেকেটে ধিনা ঘিনা
(কৎ তা) বা মধ্যের ৪ মাত্রা খালি।
৬. রবীন্দ্রনাথের নবোন্মেষশালিনী গীতিকাব্য-সুর-কাম্পোজিশন রচনার প্রতিবাদী কেউই নয়। যে কেউই নতুন যাই কিছু করতে চাক – যে কোন শিল্পে – আমরা তাকে স্বাগত জানাই। তবে বিস্ময়ের ব্যাপার এই যে, রবীন্দ্রনাথ যিনি ভারতচন্দ্র-বিহারীলাল-এর পরবর্তী প্রায় আশি ভাগ বাংলা কাব্য-ছন্দের মৌলিক চিন্তায় ক্রিয়াশীল এবং ফলোৎপাদক ছিলেন (প্রভাত-সংগীত থেকে শেষ সপ্তক অবধি বিশেষ করে মানসী এবং বলাকা সমেত) এবং সঙ্গে-সঙ্গে ঠাকুর বাড়ীর গানের ঐতিহ্যে লালিত (অন্তত: "ছোড়ো ম্যাঁয় ব্রজ কি বাঁশরী" শুনেছিলেন এবং শিখেছিলেন), তিনি কি করে বাংলা কবিতার মাত্রা এবং সুর-তালের মাত্রা এ দুটোকে গুলিয়ে ফ্যালেন!
প্রতিবন্ধীদের জন্য উৎসব চাই
ফরিদ আহমদ দুলাল
'বারোমাসে তের পার্বণ'-এর দেশ বাংলাদেশ। উৎসবপ্রবণ বাঙালি তার প্রতিটি আচার-অনুষ্ঠানকে উৎসব হিসেবে দেখতে এবং উদযাপন করতে ভালোবাসে। যখন চৈত্র বিদায় নেয়, বৈশাখ আসে। বাংলার ঘরে ঘরে যেমন বর্ষবরণের তোড়জোড় চলে, বর্ষবিদায়ের তোড়জোড়ও কিন্তু কম নয়। নতুনের আবাহনে সবাইকে বরণ করে নেবার আগে নিশ্চয়ই পুরোনোকে সসম্ভ্রমে বিদায় করে নেবার প্রয়োজন আছে। বর্ষবরণ আর বর্ষবিদায়ের আয়োজনকে বাঙালি উৎসবে রূপান্তরিত করতে উদ্যোগী। আমাদের গ্রামীণ জীবনে বর্ষবিদায় উপলক্ষে অকল্যাণ-অমঙ্গলের মুখ পোড়াতে খড়ের বেণিতে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছড়ানো হয় এবং ছন্দের তালে বলা হয়Ñ"বালা আয়ে বুড়া যায়/ মশা-মাছির মুখ পুড়া যায়"। চৈত্রসঙক্রান্তির মেলা বসে, চরক পুজার আয়োজন হয়। আবার নববর্ষকে আবাহন জানাতে ঘর-দোর পরিস্কার করা হয়, লেপা হয়, নতুন বছরের নতুন সকালে গবাদি পশুদের স্নান করানো হয় এবং তাদের গায়ে কলকির ছাপ দিয়ে নকশা আঁকা হয়। নতুনের মাঝে যখন পুরোনোর আত্মাই নবায়িত হয়, তখন সঙ্গত কারণেই লক্ষ রাখতে হয় বিদায়ের সময় পুরোনো আত্মার হৃদয়ে যেন কোন গোপন ক্ষত থেকে না যায়। নতুনকে আবাহন করতে গিয়ে যেন পুরোনো পাপের জীবানু অবশিষ্ট থেকে না যায়। বিষয়টি তো এমন নয় যে আমরা সমস্বরে 'এসো হে বৈশাখ এসো এসো/ তাপস নিঃশ্বাস বায়ে/ মুমূর্ষূরে দাও উড়ায়ে/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক/ এসো এসো……' রবীন্দ্র সঙ্গীত গাইলাম আর আমাদের সমস্ত কালিমা দূর হয়ে গেল। পুরোনো বছরের যা কিছু জঞ্জাল, যা কিছু ক্লেদ, যাকিছু গ্লানি সব কর্পুরের মতো পলকে উবে গেল হাওয়ায়; বরং উৎসবের দিনটি কোনভাবে পাড়ি দিয়েই নিজেরা পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ-ঘৃণা-প্রতিহিংসা ছড়াতে তৎপর হয়ে গেলাম। যে দৃশ্য আমরা ফি-বছর দেখছি। সুতরাং বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব যেন মুখরতায়ই ফুরিয়ে না যায়, নতুনের সাথে যেন প্রাগ্রসর চেতনাও উজ্জীবিত হয় সবার অন্তরে, তার প্রতি লক্ষ রাখাও আবশ্যক।
গ্রাম-জনপদের পাশাপাশি বাঙালির উৎসবকে অর্থবহ করে তুলতে ঢাকায় চারুকলার আযোজনে নববর্ষের প্রথম প্রভাতে বেরোয় 'মঙ্গল শোভাযাত্রা'। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে শোভাযাত্রায়। ঢাকার বাইরেও প্রতিটি জেলায়-উপজেলায় বেরোয় শোভাযাত্রা; সর্বত্রই শোভাযাত্রার নাম 'মঙ্গল শোভাযাত্রা' নয়। কোথাও 'আনন্দ শোভাযাত্রা', কোথাও 'বর্ণাঢ্য শোভাযাত্রা', কোথাও বা 'স্বাগতম নববর্ষ' ইত্যাদি শিরোনামে। এ ভাবেই বাঙালির নববর্ষ ও চৈত্রসঙক্রান্তি বাঙালির সর্বজনীন উৎসবের রূপলাভ করে।
বাঙালির জীবনে চৈত্রসঙক্রান্তি আর নববর্ষ তাদের সামাজিক উৎসব, অন্যদিকে ধর্মীয় বিভিন্ন আয়োজনের সাথেও উৎসব আয়োজনের প্রবণতা লক্ষ করা যায়। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজা, শ্যামাপুজা ছাড়াও বেশকিছু আচার অনুষ্ঠানের সাথে উৎসবের যোগ দেখতে পাই; অষ্টমীস্নান, ভাইফোঁটা, জামাইষষ্টি, রথযাত্রা, সব আয়োজনেই উৎসব যুক্ত থাকে। আবার মুসলমান সম্প্রদায়ের ঈদুল ফিতর, ঈদুল আযহা, শব-ই-বরাত, মোহররম-আশুরা, ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) সবকিছুতেই উৎসবের আমেজ; খ্রিষ্ট সম্প্রদায়ের বড়দিন বা ইস্টার সানডে, বা বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা সেখানেও দেখি উৎসবের আমেজ; আর উৎসবের সাথে নিজেদের ইতিহাস-ঐতিহ্য-সৌর্য-বীর্যকে সম্পৃক্ত করার প্রচেষ্টা। বাঙালির এ সব উৎসবের সাথে যুক্ত হওয়া চাই সবার, যুক্ত হতে চায় সবাই। বাঙালির এই উৎসব প্রবণতা বাঙালির হাজার বছরের ঐতিহ্যÑহাজার বছরের সংস্কৃতি-কৃষ্টি। বাঙালির এই ঐতিহ্য-সংস্কৃতি ও কৃষ্টিকে যদি কেউ বদলে দিতে চান, তিনি আবাহমানতাকেই অস্বীকার করলেন। সমাজপ্রগতি ও প্রবহমানতার প্রশ্নে সংস্কৃতিকে অস্বীকার কোন সমাজেই শুভ লক্ষণ নয়। বাঙালি তার প্রাণের উত্তাপ থেকে; বাঙালির সৌর্য-বীর্য, ইতিহাস-ঐতিহ্য পৃথিবীর সামনে তুলে ধরতে চান। তাদের এই আত্মনিবেদনকে যারা যৌক্তিক মনে করেন তারাই পর্যায়ক্রমে এইসব আনন্দ শোভাযাত্রা অথবা মঙ্গল শোভাযাত্রার সাথে যুক্ত হয়ে পরম্পরার পতাকা এগিয়ে নিয়ে যান; তারাই ধর্মীয় নানা আচারের সাথে অন্যদেরও যুক্ত করতে চান; কিন্তু এই শুভপ্রবণতার বিরুদ্ধেও অপতৎপরতা আছে; অপতৎপরতা পশ্চাৎপদদের-কূপমণ্ডুকদের। যারা যুক্তি ও বিজ্ঞানকে ঔদার্য নিয়ে ধারন করে না, তারা প্রকাশ্যে না হলেও বাঙালির স্বপ্ন ও সংস্কৃতির বিরোধিতা করে যায় গোপনে গোপনে।
তাই বলছিলাম নতুনের আবাহনে পুরোনোকে যখন পেছনে ফেলে যাবো, তখন যেন যা-কিছু জঞ্জাল-দুর্গন্ধময়, যাকিছু ক্লেদাক্ত-বর্জ্য তার সবটাকেই যেন পরিত্যাগ করি, পাশাপাশি যা আমার গৌরব-যা আমার অহংকার, যা আমার ইতিহাস, যা আমার ত্যাগের-সম্ভ্রমের তাকে যেন অন্তরে ধারন করি শ্রদ্ধায়। বাঙালির সম্বৃদ্ধ সংস্কৃতিকে আমরা যদি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, তাহলে বিশ্ব হয়ে উঠতে পারে এক 'সম্প্রীতিরগ্রাম'। বাঙালির উৎসবকে বিশ্বময় ছড়িয়ে দেবার শক্তি-সামর্থ অবশ্যই আমাদের আছে; মুহম্মদ নূরুল হুদার সেই পংক্তির কথা আমরা স্মরণ করতে পারি। যেখানে তিনি বলেছেন– 'যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ'। আমাদের প্রতিটি উৎসব আয়োজনে এ সত্যটি যেন মনে রেখে বারবার নবায়ন করে নিই নিজেকে। নতুনের আবাহনে বাঙালির লোকজীবনের যে সম্প্রীতির চেতনা, যে চেতনা আমাকে শেখায় 'নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ/ জগৎ ভরমিয়া দেখি একই মায়ের পুত' অথবা 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'। এই সত্যকে যে অন্তরে লালন করি ঔদার্যের মহিমায়।
আমাদের সমাজে সাধারণের পাশে বেড়ে ওঠে প্রতিবন্ধী মানুষেরা, যারা কেউ বুদ্ধি-প্রতিবন্ধী, কেউ দৃষ্টি-প্রতিবন্ধী, কেউবা বিকলাঙ্গ; তারাও আমাদের এসব উৎসবে যুক্ত হতে চায়, কিন্তু অন্যের মুখাপেক্ষি হবার কারণে উৎসবে যুক্ত হবার সামর্থ তাদের থাকে না। যদি তাদের উৎসব-আয়োজনে যুক্ত করা যায়, দেখবো তাদের উৎসবের দিনটিও কেমন রঙিন হয়ে ওঠে। অসহায় মানুষের একটি দিনকে আনন্দময় করে তোলার তৃপ্তি কতো বিস্তৃত, একবার তার উদ্যোগ নিলেই বুঝতে পারি। আসুন সকাই মিলে তেমন একটি উদ্যোগের সাথে যুক্ত হই। আসুন আমাদের প্রতিটি উৎসবকে যথার্থই সর্বজনীন করে তুলতে অবদান রাখি।
প্রতিটি উৎসবে যেন আমরা ঔচিত্যের সংস্কৃতির সাথে সহাবস্থানে অঙ্গীকারাবদ্ধ হই। প্রমাণ করি, 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'
জাপানের শীর্ষ রবীন্দ্রপ্রেমী কাজুও আজুমা স্মরণে
প্রবীর বিকাশ সরকার
কাজুও আজুমা। জীবিতকালেই যিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন জাপানসহ পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিক-শিল্পী এবং সারস্বত সমাজে। তার উজ্জ্বল স্বাক্ষর হচ্ছে ২০০১ সালে অধ্যাপক আজুমার ৭০তম জন্মবর্ষে কলকাতাস্থ দি বেঙ্গল বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন এর বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা কর্তৃক প্রকাশিত JAGAJJYOTI: PROFESSOR KAZUO AZUMA, FELICITATION VOLUME শীর্ষক প্রায় ২০০ পৃষ্ঠার ডিমাই সাইজের স্মারক সংকলনটি। এ গ্রন্থে বাণী দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং। তাঁকে নিয়ে লিখেছেন, যথাক্রমে হেমেন্দুবিকাশ চৌধুরী, ড. মোতোতাকা হিরোইকে, ড. প্রতাপচন্দ্র চুন্দার, ড. কেইজি তাকেগুচি, ড. নিমাইসাধন বসু, ড.রামারঞ্জন মুখোপাধ্যায়, ড. রাজেন্দ্র রাম, ড. ছেনতারোও হিরোইকে, এইচ. কোবায়াশি, মঞ্জু দুগার, ড. সুনীতিকুমার পাঠক, ড.দীপককুমার বড়ুয়া, অধ্যাপক হিরোইউকি উমেদা, অধ্যাপক শুনতারোও ইতোও. অধ্যাপক কেইও আরাই, অধ্যাপক ইউকিহিকো নিশিকাওয়া, ড.সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ধর্মপাল মহাথেরো, ড. অজিতকুমার ঘোষ, ড. অজিত মন্ডল, মিহিরবরণ বড়ুয়া, ড. শোভন সোম, সৈয়দ আবুল মকসুদ, স্বপনকুমার ঘোষ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শিমুল বড়ুয়া, ড. কবীর চৌধুরী, বীণা দে, ড. বিনয়েন্দ্রনাথ চৌধুরী, হেনা মুখোপাধ্যায়, ডাঃ সুমনসেবক বড়ুয়া, হিরন্ময় মুখোপাধ্যায়, অমিতা সেন (অমর্ত্য সেনের মা), শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, ড. পবিত্র সরকার, ড. দিলীপকুমার সিংহ, কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ। এঁদের বাইরেও অধ্যাপক মুনীর চৌধুরী, শহীদ অধ্যাপক আনোয়ার পাশা, হরিপ্রভা তাকেদা, অধ্যাপক সুজিতকুমার বসু, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, অমিত্রসূদন ভট্টাচার্য, সুমন চট্টোপাধ্যায়, বিমান বসু, ড. আনিসুজ্জামান, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, কবি আশীষ সান্যাল, শামসুজ্জামান খান প্রমুখের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের সময় তিনি ছিলেন তাঁর দোভাষী এবং সার্বক্ষণিক সঙ্গী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে তিনি মানসিকভাবে প্রচন্ড আঘাত পান যেকারণে বাঙালিকে দেখলেই অভিযুক্ত করতেন ঘাতক হিসেবে। পিতৃমাতৃহীন শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য সবসময়ই তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, আমার সঙ্গে সাক্ষাৎ হলেই তাঁদের খবরাখবর রাখতেন। ২০০৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হলে পরে তিনি অসুস্থ অবস্থায় অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। বিরোধীদলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা তাঁর বিদেশি শুভাকাঙক্ষীদের যে চিঠি দিয়েছিলেন তারই একটি কপি নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সাধারণ সম্পাদক শেখ এমদাদ হোসেইন যেটা তিনি রোগশয্যায় শুয়েশুয়ে ইংরেজি থেকে জাপানি ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন আমার অনুরোধক্রমে। সেই চিঠির জাপানি অনুবাদ নিয়ে শেখ এমদাদ তৎকালীন বিরোধী দলীয় নেতা আবে শিনজোও'র সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিশিষ্ট জাপানি রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুভক্তদের হাতে পৌঁছে দেন। এখানেই অধ্যাপক আজুমা থেমে থাকেননি, সেই চিঠির অনুবাদসহ একটি প্রতিবেদন তিনি লিখেন বৌদ্ধধর্মীয় প্রচারবহুল পত্রিকা 'চুউগাই নিপ্পোও'তে। তিনি যে কতবড় বন্ধু ছিলেন বাঙালি জাতির তার মূল্যায়ন ভারত যতটুকু করেছে তার তুলনায় কিছুই করেনি বাংলাদেশ। একমাত্র বাংলা একাডেমীর 'ফেলোশিপ' প্রদান করে যার জন্য আমাকেই অনুরোধ করতে হয়েছিল একাডেমীর মহাপরিচালককে। জেনে বিস্মিত হয়েছি যে, এই একুশ শতকে বাংলা একাডেমীর কোনো বিধান নেই বিদেশিদের পুরস্কার বা পদক দিয়ে সম্মানীত করার!
বিশ্বভারতীর 'দেশিকোত্তম', পশ্চিমবঙ্গ সরকারের 'রবীন্দ্র পুরস্কার', কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের 'রবীন্দ্রতত্ত্বাচার্য', রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট, দিল্লি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক বাচস্পতি (ডি.লিট); জাপান-ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানস্বরূপ জাপানের রাষ্টীয় স্বীকৃতি 'কোক্কা কুনশোও' পদকসহ অনেক সম্মানে ভূষিত পন্ডিত ও শিল্পাচার্য ওকাকুরা তেনশিনের ভাবশিষ্য অধ্যাপক কাজুও আজুমা বাংলা, বাঙালি এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে কাজসমূহ করে গেছেন ৪০ বছরেরও অধিককাল মূল্যবান সময় ও অর্থ ব্যয় করে তা এককথায় তুলনারহিত। বিস্ময়কেও হারা মানায়! বিশেষ করে গুরুদেব রবীন্দ্রনাথের প্রতি তাঁর আগ্রহ, অতল অভিনিবেশ এবং কবিকে জানার অদম্য-অতন্দ্র তৃষ্ণা আর কোনো রবীন্দ্রভক্ত বিদেশি মনীষীর ছিল কিনা আমার মনে গভীর সন্দেহ জাগায়। তিনি জাপান ও রবীন্দ্রনাথের অলিখিত ইতিহাসের প্রথম ও প্রধান আবিষ্কারক ও ভাষ্যকার। বাংলাদেশের জাতীয়সঙ্গীত 'আমার সোনার বাংলা / আমি তোমায় ভালোবাসি'র জাপানি অনুবাদক।
রবীন্দ্রনাথকে কী পরিমাণ ভালোবেসেছিলেন এই অধ্যাপক-গবেষক মানুষটি এবং তাঁর আমৃত্যু দাম্পত্যসঙ্গী মাদাম কেইকো আজুমা যদি আমি তাঁদের উষ্ণমধুর সান্নিধ্য না পেতাম বুঝতে পারতাম না। ১৯৮৯ সালের শেষদিকে এক বিকেলবেলা যখন অধ্যাপক কাজুও আজুমার সঙ্গে সাক্ষাৎ ঘটলো একটি অনুষ্ঠানে নানা কথার মধ্যে তিনি আমাকে যুগপৎ বিষণ্ন এবং উষ্মার সঙ্গে অভিযুক্ত করেছিলেন নির্ভেজাল বাংলা ভাষায়, "বঙ্গবন্ধুকে চেনেন, তাঁকে জানেন?' আমি মাথা নেড়ে সায় দিলে তিনি বিষণ্ন কন্ঠে বললেন, 'না না, আপনারা তাঁকে চিনতে পারেননি, তাই নির্মমভাবে হত্যা করেছেন। কী অপরাধ ছিল তাঁর বলনু তো? এত বড় মাপের একজন ন্যাশনালিস্ট লিডারকে হত্যা করে আপনারা এশিয়া মহাদেশকে অন্ধকার করে দিয়েছেন। যে পাপ আপনারা করেছেন তার জন্য ভুগতে হবে।"
আমি হতবাক হয়ে গিয়েছিলাম তাঁর মুখে এই অমোঘ সত্য কথাটি শুনে! একজন বিদেশি এভাবে আমার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মূল্যায়ন করবেন এটা স্বপ্নেও ভাবতে পারিনি! আমি বললাম, 'ঠিকই বলেছেন স্যার। সেই পাপের প্রায়শ্চিত্বই তো করে চলেছি, করতে হবে আমাদেরকে চিরকাল।'
এই ঘটনা থেকেই তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠতে লাগল। ১৯৯১ সালে জাপানে প্রথম বাংলা কাগজ 'মানচিত্র' প্রকাশ করলে তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে দুটি প্রবন্ধ লিখেন এবং পত্রিকার প্রশংসা করেন। ১৯৯৩ সালের গ্রীষ্মকালে তিনি আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান বিশেষ এক প্রয়োজনে। সেদিন দুপুরবেলা আমার বাসার কাছেই তাঁর কাঠ-কংক্রিটের তৈরি নিরাভরণ দ্বিতল বাড়িতে উপস্থিত হলে পরে কেইকো মাদাম একতলার সদর দরজায় এগিয়ে নিতে এলেন। এই প্রথম বিদূষী এবং মহীয়সী মাদাম কেইকো আজুমার সঙ্গে পরিচিত হলাম। সুমিষ্ট বাংলায় তিনি "ভেতরে আসুন, তিনি উপরে আছেন!" বলে সম্ভাষণ জানালেন। আমি চমৎকৃত হয়ে মুর্হূতে ভাবলাম: আমি কি কোনো জাপানি গৃহে এলাম, নাকি বাঙালি গৃহে!
সেই দিনটি জীবনে এত বেশি উজ্জ্বল যে ভুলে যাওয়া সম্ভব নয়। কত বিস্ময় যে আমার জন্য অপেক্ষা করছিল সেদিন জানা ছিল না। দেশ-বিদেশে অনেক রবীন্দ্রগবেষক আছেন তাঁকেও আমি তাই ধরে নিয়েছিলাম। কিন্তু একি! সদর দরজা থেকে একতলার রান্নার জায়গাটুকু বাদে একতলা-দোতলা-সিঁড়ি মিলিয়ে বই আর বই! নানা ভাষার বই! বইয়ের তাকগুলো ভেঙ্গে পড়ার অবস্থা। স্যারের পা ছুঁয়ে প্রণাম করে তাঁর সামনে যখন বসে আমি আবার বইয়ের তাকে সাজানো দুর্লভ বইগুলোর দিকে তাকাচ্ছিলাম তখন স্যার শিশুসুলভ সরল হাসি হেসে বললেন, "অবাক হয়েছেন? আমার বাড়িতে শুধু বাংলা বইই আছে দশ হাজার। শুধু বইই নয়, কয়েকশ আছে বাংলা ম্যাগাজিন এবং সাহিত্য সংকলন। আর পত্রপত্রিকা তো আছেই।" দেখলাম রবীন্দ্রগ্রন্থাদি ছাড়া রবীন্দ্রবিষয়ক গ্রন্থাদিই অধিকাংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক কমপক্ষে ৫০০ বই আমি স্যারের বাসায় দেখেছিলাম একতলার গ্রন্থাগারে। কত পুরনো বই, কত পুরনো সাহিত্য সংকলন স্যার সংগ্রহ করেছিলেন পশ্চিমবঙ্গ, দিল্লি এবং বাংলাদেশ থেকে দেখে বিস্মিয়ে থ হয়ে গিয়েছিলাম! আরও বিস্মিত হয়েছিলাম, কেইকো মাদাম এত সুন্দর বাঙালি খাবার রান্না করতে পারেন! এত সুললিতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন! দুজনেই বাংলায় অনর্গল কথা বলতে পারেন! বাংলাভাষা, বাঙালি এবং রবীন্দ্র-প্রিয় এমন বিদেশি জুটি আমার জীবনে আর কখনো দেখিনি! এই বিস্ময়ের ঘোর আজও আমার কাটেনি এই জাপান প্রবাসজীবনে।
সেদিন জাপানি 'সেমি' বা 'ঝিঁঝিপোকা'র একটানা ডেকেচলা তপ্ত দুপুরে আজুমা স্যারের বাসায় সুগন্ধী, সুস্বাদু ইলিশমাছ, সবজিভাজি, ডাল দিয়ে ভোজন গ্রহণের পর একাধিকবার বাংলার চিরাচরিত দুধ-চা এবং জাপানি সবুজ-চা পান করতে করতে আলাপ-আলোচনা হলো নানা বিষয়ে ঘণ্টা দু-তিন। কত যে অজানা জীবনস্মৃতি তাঁর জেনে পুলকিত হলাম। মূল কথাটি সব শেষে বললেন তখন বিকেল অপসৃয়মান। স্যার পশ্চিমবঙ্গ, দিল্লি এবং বাংলাদেশের কতিপয় লেখক নিয়ে 'আন্তর্জাতিক সাহিত্য সংস্থা' গঠন করেছিলেন। তারই প্রথম সম্মেলন করতে চান টোকিওর বিখ্যাত গিনজা গ্যাস হলে, সহযোগিতা করতে হবে। 'তথাস্তু' এবং 'এ আমার পরম সৌভাগ্য' বলে তাঁকে আশ্বস্থ করেছিলাম এবং সহযোগিতা করেছিলাম সহযোগী সজল বুয়া, পিআর প্ল্যাসিড এদেরকে নিয়ে। কী চমৎকার একটি সম্মেলনের তিনি আয়োজন করেছিলেন জাপান, ভারত ও বাংলাদেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক ও গবেষকদের আমন্ত্রণ জানিয়ে সে এক অনন্য অভিজ্ঞতা আমার জীবনে, আজ পর্যন্ত দ্বিতীয়টি নেই।
সেই দুপুরে স্যারের বাসায় দোতলার কক্ষে যেখানে স্যার অসুস্থ অবস্থায়ও গবেষণাসহ একাধিক কর্মতৎপরতায় ব্যস্ত থাকতেন, তাঁর বসার টেবিলের কাছেই একটি খোপে ছিল একাধিক দেবদেবীর মূর্তি–তাদের মধ্যে রবীন্দ্রনাথেরও একটি মৃন্ময়মূর্তি আমাকে আরেকবার বিস্মিত করেছিল এই ভেবে যে, আজুমা স্যারের কাছে রবীন্দ্রনাথ ছিলেন প্রতিদিনকার আরাধ্য দেবতা! কৌতূহলের বশে রবীন্দ্রনাথকে কেন ভালোবাসেন জিজ্ঞেস করলে সেই কারণ বলেছিলেন। প্রধান কারণ গুরুদেবের সর্বজনীনতা।
কাজুও আজুমা ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন টোকিওতে। রবীন্দ্ররচনার সঙ্গে তাঁর প্রথম পরিচয় ঘটে যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের শেষদিকে ১০ই মার্চ টোকিওর ওপর মার্কিনি বিমানহামলার চিরুণী বোমাবর্ষণে রাতারাতি প্রায় এক লাখ লোক মারা যায়। ধূলিসাৎ হয়ে যায় রাজধানী টোকিওর অধিকাংশ জায়গা। সেই সময় চারদিকে শুধু আগুন, অঙ্গার, ধ্বংসস্তূপ আর মৃতদেহ। কাজুও আজুমা তখন থাকতেন টোকিওর এদোগাওয়া-ওয়ার্ডের উপশহর কোমাৎসুগাওয়া মহল্লায়। তাঁর অধ্যয়নরত মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ ছাত্রছাত্রী নিহত হয়েছে। অগণিত মৃতদেহ সৎকার করতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন। অভাব-অনটন চূড়ান্ত রূপ ধারণ করে সংসারে। সেই অবস্থায় অসুস্থ বালক কাজুও আজুমা রবীন্দ্রনাথের 'ডাকঘর' পাঠ করে নায়ক 'অমলে'র সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেন। এক এক করে 'গীতাঞ্জলি', 'রক্তকরবী' ইত্যাদি পড়ে গভীরভাবে রবীন্দ্রপ্রেমে নিমজ্জিত হন। বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৫৯ এবং ১৯৬০ সালে যথাক্রমে ভারতীয় দর্শন এবং জার্মান ভাষা ও সাহিত্যে দুবার এমএ ডিগ্রি অর্জন করেন জাপানশ্রেষ্ঠ টোকিও বিশ্ববিদ্যালয় থেকে। তারপর য়োকোহামা সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। এখানে কয়েক বছর অধ্যাপনায় থাকাকালীন জার্মানি ও ভারত থেকে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ আসে। তিনি জার্মানিতে গেলে পরে আর্থিকভাবে অধিক লাভবান হতেন ঠিকই কিন্তু একমাত্র গুরুদেবের টানে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে চলে যান সপরিবারে ১৯৬৭ সালে। এর আগে জাপানেই তিনি বহুভাষাবিদ অধ্যাপক ড.শোওকো ওয়াতানাবে এবং অধ্যাপক ড.ৎসুজি নাওশিরোর কাছে বাংলা ও সংস্কৃতভাষা শিক্ষালাভ করেন। নির্ধারিত সময়ের অধিককাল বিশ্বভারতীতে থাকার ফলে জাপানে ফিরে এসে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন ১৯৭১ সালে। তিনি ও তাঁর স্ত্রী কেইকো আজুমা এনএইচকে বেতারে খন্ডকালীন চাকরি করে কষ্টেসৃষ্টে সংসার চালান। জীবনে হেরে যাবার পাত্র ছিলেন না অধ্যাপক কাজুও আজুমা তাই 'একলা চলোরে' নামে একটি সংগঠনও দাঁড় করিয়েছিলেন স্থানীয় বন্ধুদের নিয়ে নিজ শহর ইচিকাওয়া'তে। তারপর অধ্যাপনার চাকরি হয়েছে মর্যাদাসম্পন্ন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে। একসময় জাতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান 'জাপানের ম্যাসাচুসেটস' বলে পরিচিত ৎসুকুবা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর হয়েছেন। ১৯৭১ সালেই প্রতিষ্ঠা করেছেন জাপান টেগোর সমিতি (বর্তমানে জাপান-ভারত রবীন্দ্র সংস্থা), পাশাপাশি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমতগঠন এবং তহবিল সংগ্রহে অংশগ্রহণ করেছেন। টেগোর সমিতির চেয়ারম্যান ছিলেন আজীবন রবীন্দ্রভক্ত মাদাম ড.তোমি কোওরা, প্রেসিডেন্ট ছিলেন রবীন্দ্রঅনুরাগী অধ্যাপক ড. ৎসুশো বিয়োদোও আর তিনি ছিলেন কর্মসচিব। কত কাজই না করেছে এই সংস্থাটি জাপানে পরবর্তীকালে, ভারতে ও বাংলাদেশে! বিশেষ করে জাপানে বাঙালি 'কাবাডি' খেলাকে পরিচিত করা, এদেশে প্রতি বছর রবীন্দ্র জন্মবার্ষিকীর আয়োজন, জাপানি ভাষায় ১২ খন্ডে নির্বাচিত রবীন্দ্ররচনার অনুবাদ প্রকাশ, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মননে লালিত স্বপ্ন 'জাপান ভবন' তথা 'নিপ্পনভবন' প্রতিষ্ঠা, কলকাতার সল্টলেকে 'জাপান-ভারত সংস্কৃতি কেন্দ্র: রবীন্দ্র-ওকাকুরা ভবন' উল্লেখযোগ্য। বাংলাদেশের সিলেটেও 'বাংলাদেশ-জাপান সাংস্কৃতিক কেন্দ্র' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন শান্তিনিকেতনে ঘনিষ্ঠ হওয়া তরুণ দারাদ আহমেদের সঙ্গে, যাকে বিশ্বাস করে সাড়ে ছয় কোটি টাকা দিয়েছিলেন তিনি। পুরো তহবিল আত্মসাৎ করে দিয়ে বাংলাদেশের মানমর্যাদাকে কলঙ্কিত করেছে ছেলেটি। প্রতিটি উদ্যোগের পেছনে অধ্যাপক আজুমার অক্লান্ত পরিশ্রম, কর্মনিষ্ঠা আর অজস্র বাধাবিপত্তিকে ডিঙিয়ে যাওয়ার সাহসী কাহিনী খুব কম বাঙালিই জানেন। সেসব অভিজ্ঞতা স্যার আমাকে নিভৃতে বহুদিন বলেছেন তাঁর বাড়িতে বসে। স্যারের পরিবারের সঙ্গে আমার পরিবারের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আমার স্ত্রী নোরিকো মিয়াজাওয়া বাংলা শিখেছে তাঁর স্ত্রী মাদাম কেইকো আজুমার কাছে এক বছর। আমার বাড়ি থেকে স্যারের বাড়ি সাইকেলে করে এক ঘণ্টার পথ। যখনই গিয়েছি দেখেছি নিবিষ্ট মনে তাঁরা দুজন কাজ করছেন রবীন্দ্রনাথ না হয় বাঙালি সংস্কৃতি নিয়ে। আজুমা স্যারের লিখিত গ্রন্থ এবং গবেষণায় ধরা পড়েছে গুরুদেব রবীন্দ্রনাথ, বাঙালির মনন এবং বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা, জার্মান, হিন্দি, সংস্কৃত, পালি, পাঞ্জাবি, উড়িয়া, সিলেটি, সাঁওতালভাষাসহ নানা ভাষা তিনি জানতেন, জানতেন ব্যাকরণ পর্যন্ত!
২০১১ সালের ২৮শে জুলাই তারিখে সুপন্ডিত এবং সব্যসাচী-কর্মবীর এই মানুষটি লোকান্তরিত হন। যে বছর তাঁর জীবনের আরাধ্য দেবতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন সময় স্যারের সাক্ষাৎকার গ্রহণ এবং তাঁকে নিয়ে একাধিক প্রবন্ধ-নিবন্ধ লেখার। কিন্তু তাঁর গবেষণার বিষয় শুধু রবীন্দ্রনাথ ছিল না–বেদসমূহ, প্রাচীন ভাষা ব্রাহ্মী, মহাকাব্য রামায়ণ, মহাভারত, উপনিষদ, কবি কালীদাস, রাজা রামমোহন রায়, পন্ডিত বিদ্যাসাগর, মহির্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, ড.আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু; বাংলা ভাষা, ছন্দ, ব্যাকরণ, প্রাচীন ও সমকালীন সাহিত্যের ইতিহাস নিয়ে গভীরভাবে চিন্তা এবং গবেষণা করেছিলেন। তারই কিছু নমুনা খুঁজে পেয়েছি সম্প্রতি আজুমা স্যারের নতুন বাড়িতে অনেক পুরনো দলিলদস্তাবেজের মধ্যে।
একবার আজুমা স্যার আমাকে বলেছিলেন, বাংলা ভাষা শেখার প্রারম্ভে তিনি জাপান প্রবাসী উচ্চ শিক্ষারত পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি শিক্ষকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি বিভাগে অধ্যাপনা করতে যাওয়ার পূর্বে ১৯৬৪ সালেই রাজশেখর বসুর রচনা থেকে 'বেনগারু বুনপোউ গাইসেৎসু' বা 'বাংলা ভাষা ব্যাকরণের রূপকথা' আওইয়াগি সেইজোও এবং কাজুও আজুমা যৌথভাবে অনুবাদ করেন। পাশাপাশি অধ্যাপক আজুমা পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। তারই প্রমাণ হচ্ছে সম্প্রতি তাঁর নতুন বাড়িতে আবিষ্কৃত একটি প্রকাশনা-দলিল। ৪২ পৃষ্ঠার ডিমাই সাইজের প্রকাশনাটি বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক। জাপানি ভাষায় যার নাম "হিগাশি পাকিস্তান নি ওকেরু: বেনগারু গো তো বেনগারু বুনগাকু নো কেনকিউ" অর্থাৎ "পূর্ব পাকিস্তানে প্রচলিত বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের গবেষণা।"
বইটি থেকে জানা যাচ্ছে যে, ১৯৬৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে "বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের এক সপ্তাহ" শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান হয়েছিল। সেটা উপস্থাপনা করেন বাংলা বিভাগের অধ্যাপক উপমহাদেশের খ্যাতিমান ধ্বনিতত্ত্ববিদ মুহাম্মদ আবদুল হাই। তিনি তাঁর দীর্ঘ উপস্থাপনাবক্তব্যে "বাংলা ভাষার গবেষণা এবং অধ্যাপনা" বিষয় তুলে ধরেন। অধ্যাপক ড.মুহম্মদ শহীদুল্লাহ্ আলোচনা করেন "প্রাচীন বাংলা সাহিত্য" সম্পর্কে; অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক আলোচনা করেন "মধ্যযুগের বাংলা সাহিত্য" এবং অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান আলোচনা করেন "সমকালীন বাংলা সাহিত্য" বিষয়ে।
এই চারজনের চারটি তথ্যসমৃদ্ধ প্রবন্ধ জাপানি ভাষায় অনুবাদ করেন যৌথভাবে আওইয়াগি সেইজোও এবং কাজুও আজুমা ১৯৬৭ সালের জুলাই মাসের ২০ তারিখে। তৃতীয় প্রচ্ছদে উল্লেখিত তথ্যাদি থেকে জানা যায় যে এটা প্রকাশ করেন দুজনেই 'বেনগারু বুনগাকু.বুনকা কেনকিউকাই' অর্থাৎ 'বাংলা সাহিত্য.সংস্কৃতি সংস্থা'র পক্ষ থেকে, যার দপ্তর ছিল 'টোকিও কিয়োইকু দাইগাকু গেনগো কেনকিউ শিৎসুনাই' অর্থাৎ 'টোকিও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ভাষা গবেষণা অধিদপ্তর', বুনকিয়োকু ওয়ার্ডের ওৎসুকা শহরে। মনে হচ্ছে অধ্যাপক আজুমারাই এই সংস্থাটি গঠন করেছিলেন এবং উপরোক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে তখন তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আমরা সাধারণত জানি রবীন্দ্রনাথের 'গীতাঞ্জলি' নিয়ে গবেষণা হয়েছে দেশে-বিদেশে মূলত এর কবিতা বা গানগুলো নিয়ে। এগুলোর ভাবার্থ, উদ্দেশ্য, রচনাকাল, চিন্তা-চেতনা ইত্যাদি নিয়ে, কিন্তু গীতাঞ্জলির 'ছন্দ' নিয়ে গবেষণা করেছেন এমন কারো নাম অজ্ঞাত। তাঁর রচিত অভিসন্দর্ভের দুটি প্রকাশনা বা বুলিটিনে ২৬ ও ২৭ নম্বর থেকে গবেষণার সময়কাল জানা যাচ্ছে। ২৭ নম্বরটির শেষ পৃষ্ঠায় ছোট্ট একটি নোট থেকে পাওয়া যাচ্ছে, অধ্যাপক আজুমা ১৯৮৮ সাল থেকে অভিসন্দর্ভের অধ্যায়গুলো প্রতি বছর একটি একটি করে প্রকাশ করেছেন 'নারিতা বুক্কিয়োও কেনকিউজো' অর্থাৎ 'নারিতা বৌদ্ধধর্মীয় গবেষণা সংস্থা' থেকে। মনে হচ্ছে এই নারিতাসান শিনশোওজি তান্ত্রিক বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানটির অর্থানুকল্যে তিনি এই গবেষণাকাজটি সম্পাদন করেছিলেন। উল্লেখ্য যে, জাপানে 'গীতাঞ্জলি' শতবর্ষ ধরেই জনপ্রিয়। এই পর্যন্ত কমপক্ষে বাংলা ও ইংরেজি থেকে এগারো বার জাপানি ভাষায় অনুবাদ হয়েছে বলে বিভিন্ন উৎস থেকে জানা যায়।
গীতাঞ্জলিরও আগে তিনি যে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সেটাকে বিরল বলেই আমার মনে হয়েছে। রাজা রামমোহন রায় রচিত 'গৌড়ীয় ব্যাকরণ' যা কোনো বাঙালি রচিত প্রথম ব্যাকরণ। তাঁর অভিসন্দর্ভের শিরোনাম দিয়েছেন "বাংলা সাংস্কৃতিক ও ভাষাতাত্ত্বিক ইতিহাসের দৃষ্টিতে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ"। ১৯৮৪ এবং ১৯৮৫ সালে তিনি দুটি ভিন্ন অভিসন্দর্ভের দুটি খন্ড যথাক্রমে ৬ষ্ঠ এবং ১-৩ খন্ড প্রকাশ করেছেন উপরোক্ত একই গবেষণা কেন্দ্র থেকে। বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব নিয়েও গভীর পান্ডিত্যপূর্ণ বিশ্লেষণ তিনি করেছেন তারই প্রমাণ বিধৃত আছে অভিসন্দর্ভে। গবেষণাকালে তিনি যেসকল গ্রন্থাদির উদ্বৃতি উল্লেখ করেছেন তার তালিকা বিস্ময়ের উদ্রেক করে। অধ্যাপনা, সংসার, সামাজিকতা, সভা-সেমিনার এবং বিভিন্ন প্রকল্পের কাজে অধিকাংশ সময় ভারতে অবস্থানকালীন প্রচন্ড ব্যস্ততার মধ্যেও তাঁর বাংলা ভাষা, সাহিত্য ও রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণার জন্য বিস্তর গ্রন্থপাঠের তৃষ্ণা এক বিরল উদাহরণ হয়ে আছে বাংলাপ্রিয় বিদেশিদের কাতারে বলে বিশ্বাস করি।
রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ছাড়া আরও একটি গবেষণাপত্র পাওয়া গেছে যেটা অধ্যাপক কাজুও আজুমা এবং তাঁর ছাত্রী ইশিই চিকাকো যৌথভাবে রচনা করেছেন। এটা প্রকাশিত হয়েছে স্যারের শেষ জীবনের কর্মরত প্রতিষ্ঠান রেইতাকু বিশ্ববিদ্যালয় বুলেটিনের ৮০ খন্ডে ২০০৫ সালের জুলাই মাসে। আমার স্মরণে আছে ২০০৩ সালে স্যার এই ছাত্রীটিকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, "ইশিইসান আমার ছাত্রী, রাজা রামমোহন রায়ের রচনাবলি নিয়ে গবেষণা করছে।" তিনি শুধু ইশিই চিকাকোকেই নয়, আরও বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও পরিচিত তরুণকে বিশ্বভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য পাঠিয়েছিলেন। একাধিক ভারতীয় ছাত্র-ছাত্রীর ডক্টরাল বা পিএইচডি কোর্সের থিসিস পেপার তাঁকে পরীক্ষা করতে দেখেছি বিশ্ববিদ্যালয়ে তাঁর কক্ষে এবং বাড়িতে। তিনি রেইতাকু বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়াতেন। প্রতিভার গুণে মর্যাদাসম্পন্ন ৎসুকুবা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর হওয়ার বিরল গৌরব অর্জন করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি ভারততত্ত্ব, ভারতীয় দর্শন পড়াতেন।
বাংলা ভাষার প্রতি নিবেদিতপ্রাণ অধ্যাপক কাজুও আজুমা জাপানিদের জন্য বাংলা ভাষা শিক্ষার পাঠ্যপুস্তকও রচনা করেছেন। তাঁর প্রতিভা ও মেধার জ্যোতি কতখানি গভীর এবং বিস্তীর্ণ ছিল তা নিজস্ব রচনা, অনুবাদ এবং সম্পাদনাগ্রন্থ পাঠ করলে অনুভব করা যায়। তাঁর রচিত এবং সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে: 'তাগোর-রু: জিনরুই নো চিতেকি ইসান রোকুজুইচি' বা 'টেগোর: মানবজাতির বুদ্ধিবৃত্তিক সম্পদ ৬১' (১৯৮১); 'তাগো-রু: শি.শিসোও. জীবন' বা 'টেগোর: কাব্য.চিন্তা.জীবন' (২০০৬); 'হিকারু নো কুনি: ইনদো সাই হাক্কেন' বা 'আলোকোজ্জ্বল ভারত: নবআবিষ্কার' (২০০৫),; 'গোরা' অনুবাদ (১৮৮২), 'তাগো-রু নো এ নি ৎসুইতে' বা ড.সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'রবীন্দ্র-চিত্রকলা: রবীন্দ্রসাহিত্যের পটভূমিকা'র যৌথ অনুবাদ নিশিওকা নাওকি ও ড.উসুদা মাসাইউকির সঙ্গে 'তাগো-রু নো এ নি ৎসুইতে' ( ১৯৮৮); কাওয়াবাতা ইয়াসুনারি'র 'নিজি' উপন্যাসের বাংলা অনুবাদ 'ইন্দ্রধনু' (১৯৯৯); ইনদো নিক্কি / আরাই কাম্পোও, 'ভারত-ভ্রমণ দিনপঞ্জি' বাংলা অনুবাদ (১৯৯৩); ইনদো নিক্কি / হোরি শিতোকু, 'শিতোকু হোরির দিনপঞ্জি' বাংলা অনুবাদ (১৯৯৬),Les Literature de I'Índe (The Literature of India) ফরাসী থেকে জাপানিতে অনুবাদ (১৯৯৬); 'উজ্জ্বল সূর্য' (১৯৯৬), 'রবীন্দ্রনাথের টুকরো লেখা (১৯৯৬), 'প্রসঙ্গ: রবীন্দ্রনাথ ও জাপান' (১৯৯৮), 'জাপান, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র ও অন্যান্য (২০০০), 'জাপান ও রবীন্দ্রনাথ: শতবর্ষের বিনিময়' (২০০৪) প্রভৃতি।
তাঁর রচনাসমূহ নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ সংকলনসমগ্র প্রকাশিত হয়নি যদিওবা কমপক্ষে ইংরেজি, বাংলা ও জাপানি ভাষায় লিখিত ১২১টি প্রবন্ধ এবং ১৯টি অনুবাদের কথা জানা যায়। অধ্যাপক কাজুও আজুমার জীবনের সবচে বড় স্বপ্ন ছিল রবীন্দ্ররচনাবলি তাঁর মাতৃভাষা জাপানিতে প্রকাশ যা তিনি করেছিলেন ১৯৭২ সালেই। তাঁর উদ্যোগে এবং সুসম্পাদনার গুণে ১২ খন্ডে প্রকাশিত বাংলা থেকে জাপানি ভাষায় অনূদিত নির্বাচিত রবীন্দ্ররচনাবলি একটি ঐতিহাসিক মহৎ কাজ যা প্রমাণ করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে কতখানি আরাধ্য দেবতাস্বরূপ ছিলেন!
