২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র-কৃপায় উদ্ভাসিত এক কিশোরী কবির সাধনা

nanak_bhattacharjee

Published : 03 Jul 2015, 01:33 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

২৫ শে বৈশাখ ১৩৪৭ সাল, ইং ১৯৪০ সাল, ৮ই মে কবিগুরু রবীন্দ্রনাথ তখন কালিম্পঙ্গে। তাঁর আশিতম জন্মদিনের নানা উৎসবের নানা কথা পৌঁছুচ্ছে তাঁর কানে, আসছে অজস্র চিঠি, টেলিগ্রাম। এত ব্যস্ততার মধ্যেও এক নবীনা কিশোরী কবিকে আর্শীবাদ জানাতে ভোলেননি রবীন্দ্রনাথ। কে এই কিশোরী কবি? সেই কিশোরী কবি ছিলেন, আসামের শিলচর শহরের নবকিশোর দীননাথ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বানী রায়চৌধুরী। শিলচরের এক রবীন্দ্রজন্মজয়ন্তী অনুষ্ঠানে (২ শে বৈশাখ, ১৩৪৭ সাল) বানী রায়চৌধুরী তার স্বরচিত কবিতা 'পঁচিশে বৈশাখ- রবীন্দ্রপ্রশস্তি' পাঠ করেছিলেন। বিস্ময়করভাবে সেই শ্রদ্ধাঞ্জলি বহু দূরে কবির কাছে পৌঁছেছিল। সেই কবিতার আবৃতি শুনে, শিলচর শহরের সে সময়কার বিশিষ্ঠ নাগরিক তথা রবীন্দ্রভক্ত অরুনকুমার চন্দ্র এতই অভিভূত হয়েছিলেন যে, তিনি নিজের হাতে সেই কবিতা কপি করে, চিঠি লিখে গুরুদেব রবীন্দ্রনাথকে জানিয়েছিলেন। তিনি তার ৩০ শে বৈশাখ, ১৩৪৭ সালের চিঠিতে লিখেছিলেন–আপনার একছত্র লেখায় তাহাকে বিশেষ উৎসাহিত করিবেন বলা বাহুল্য। আপনাকে ভরসা করিয়া হয়ত সে লিখিতে পারিতেছেন না। তাই আমিই এই দ্বায়িত্ব গ্রহণ করিলাম…।

বাণী রায়চৌধুরীর কবিতাটি উদ্ধত করা হল…

পঁচিশে বৈশাখ-রবীন্দ্রপ্রশস্তি

(শিলচর শক্তিসংসদ কর্তৃক আনুষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথের আশীতিতম জন্মউৎসবে পঠিত)

ধরণী বর্ণগন্ধ গানে, ঐ বৈশাখে এসেছিলে তুমি
আলোকের উত্তরীয় পরি,
ভাবময় প্রশান্ত ললাটে মহনীয় ভাস্কর সুন্দর
প্রতিভার রাজটিকা ধরি।
বৈশাখের তান্ডবনর্তনে রুদ্রের কুটিল ভ্রূকুটি
বিশ্বজয়ী ভাবুক তোমায়।
অন্তরের মণিসৌধে অভিষিক্ত করি দিল
চিরোজ্জ¦ল আলোকধারায়।
যাহা কিছু লেগেছিল ভাল ধরীত্রির স্নেহমাখা হাসি
কবি, তব সুন্দর নয়নে,
রূপ দিলে ভাষার বন্ধনে, লেখনীর অমর পরশে
অন্দরের মাধুর্য চয়নে।
অসীমের মুখর ব্যঞ্জনা, আনন্দনের মৌন অনুভূতি
সৌন্দর্য্যরে নব আমন্ত্রনে,
পরিপূর্ণ সুন্দর সার্থক কবি, তব অমর জীবনে
এঁকে গেছে শুভ আলিম্পন।
বার্দ্ধক্যের আবরণ তলে, সবুজ কমোলতর প্রাণ,
তৃপ্তিময় পরিপূর্ণতায়,
অফুরন্ত প্রাণময় ঐশ্বর্যের মাঝে জ্বালি দীপশিখা
জেগে থাক নব মহিমায়
স্মারণীয় উজ্জ্বল প্রভাতে অমর অম্লান পঁচিশে বৈশাখ
আসে যেন বার বার ফিরে,
উচ্চারিত মন্ত্র তব 'সত্যম শিবম সুন্দরম' বাণীময় হয়ে থাক
হৃদয়ের মুখরতা ঘিরে।

বাণীর কবিতা পড়ে, রবীন্দ্রনাথ তাঁর ভক্ত অরুনকুমারের চিঠির জবাব দিয়েছিলেন কালিম্পঙ থেকেই। অরুনকুমারকে কবিগুরু লিখেছিলেন… 'শ্রীমতী বাণী রায়ের কবিতাটি ভাল লাগল। তাকে আমার আর্শীবাদ জানিও'।
ইতি ১৫.০৫.১৯৪০।

এছাড়া কবিগুরু শ্রীমতী বাণী রায়চৌধুরীকেও তাঁর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন অরুনকুমারের মাধ্যমে আলাদা একই চিঠি লিখে ঐ দিনই। সেই চিঠি পেয়ে অরুনকুমার বাণী রায়চৌধুরীকে লিখলেন, 'তোমার কবিতাটি পড়ে আমার ভাল লেগেছে- তাই কবিগুরুর কাছে পাঠিয়েছিলাম। তিনি তোমায় আশীর্বাদ করেছেন, সঙ্গে আমিও তোমায় আর্শীবাদ জানাই'।

কবিগুরুর চিঠির কথাগুলো নিচে দেয়া হলো:

ওঁ
কল্যাণীয়াসু
তোমার কবিতাটি
পেয়ে খুশি হলুম, তোমার সাহিত্য
সাধনা সার্থক হোক এই আমার
আশীর্বাদ। ইতি ১৫/৬/১৯৪০।
শুভ্যার্থী
-রবীন্দ্রনাথ ঠাকুর

কবিগুরুর আশীর্বাদবাণী, বাণী রায়চৌধুরীর জীবনে আলোকিত হয়েছিল; তার সাহিত্য সাধনা সাথর্ক হয়েছিল। তারই ফলশ্রুতি হিসাবে একমাত্র নিজের চেষ্টায় পরবর্তী সময়ে, মেট্টিকুলেশন পরীক্ষা পাশের ১৯ বৎসর পর বিবাহিত জীবনের মাঝামাঝি সময়ে ১৯৬৩ সাল থেকে আবার পড়াশুনা আরম্ভ করে পরপর পরীক্ষা পাশ করে, প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বাংলা সাহিত্যে এম. এম. পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন ও পরিশেষে একই বিশ্ববিদ্যালয় থেকে 'মর্ডান ইন্ডিয়ান ল্যঙ্গুয়েজ' (MIL)-এ অসমীয়া কবি মাধবকোন্দলী রচিত বাল্মীকি রামায়ণের উপর গবেষণামূলক কাজের জন্য পি. এইচ. ডি. ডিগ্রী লাভ করেন।
অধ্যাপনা করেছেন অসমের বিভিন্ন কলেজে 'সাহিত্যের অধ্যাপক পদে'। অসমের বিভিন্ন পত্রপত্রিকায় পাঁচ দশক ধরে কবিতা প্রবন্ধ লেখালেখি করেছেন। এখনও ৮৫ বৎসর বয়সে সময় করে লেখালেখি করছেন।
তাঁর কবিতার বই 'হৃদয় সংবাদ' প্রথম প্রকাশিত হয় বইমেলা কোলকাতা ২০০৩ সালে। জীবনের দীর্ঘপথ পরিক্রমার তর্জমা 'স্মৃতির গোধুলী' প্রকাশিত হয় নভেম্বর ২০০৮ সালে। একই ছন্দে ১৯৮৮ সাল থেকে তাঁর নিজের বাড়ি 'তপোবন', শরৎ সরণী/ নেতাজী রোড, আলিপুরদুয়ার–এই ঠিকানায় শ্রীমতী বাণী ভট্টাচর্য (রায় চৌধুরী) তাঁর স্বপ্নের ও ধ্যানের মহাকবির আশীর্বাদ পাথেয় করে তাঁর জীবনতরী বেয়ে চলেছেন।

গ্রন্থপঞ্জী
১। 'হৃদয় সংবাদ', বাণী ভট্টাচার্য্য, মনচাষা, ২/৪৬৭ নিউ টাউন আলিপুরদুয়ার।
২। 'স্মৃতির গোধূলী', বাণী ভট্টাচার্য্য, জয়শ্রী প্রেস, ৯১/১ বি বৈঠকখানা রোড,
৩। 'সার্ধ-শতবর্ষে রবীন্দ্র প্রসঙ্গঃ', … আলোচিত তথ্যকণা, উষারঞ্জন ভট্টাচার্য্য।