না প্রেমিক না বিপ্লবী, কেবলি কবি
প্রতিটি কাব্যদশকে একগুচ্ছ নতুন কবি আসেন কবিতার নম্র আগুনে তাদের মায়াবী আঙুল পোড়াতে, কাব্যসাধনার কঠিনপথে জীবনের কড়ি খোঁয়াতে। অনেকে সারাজীবন কাব্যচর্চ্চা করেও থেকে যান আড়ালে, উপেক্ষিত; অনেকে আবিস্কৃত হন তাদের মৃত্যুর ঢের পরে, যেমন আবিষ্কৃত হয়েছিলেন জীবনানন্দ দাশ। কিন্ত কেউ কেউ আছেন সৌভাগ্যের বরপুত্র, খুব স্বল্প তারা সংখ্যায়, আবির্ভাবেই সাড়া ফেলে দেন, জীবদ্দশায় হয়ে ওঠেন কিংবদন্তি। প্রতিভা আর সৌভাগ্যের এক জাদুকরী মিশেল তাদের করে তোলে প্রবাদপ্রতীম! কবি নির্মলেন্দু গুণ সেই বিরল কতিপয়ের একজন যিনি আর্বিভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন, অল্প সময়েই কবি পরিচিতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। বস্তুতঃ স্বাধীনতার পরে যে কয়েকটি বছর কবিতা বইমেলায় শীর্ষ জনপ্রিয়তা ধরে রেখেছিলো, সে ক'টি কবিতাবসন্তে নির্মলেন্দু গুণের কাব্য হটকেকের মতো বিক্রি হতো। তিনি ও শামসুর রাহমান মিলে বইমেলাকে রীতিমতো শাসন করেছেন। তাঁর প্রেমাংশুর রক্ত চাই বইমেলায় প্রবল পাঠকপ্রিয়তা পেয়েছিলো। এরপরের গ্রন্থ না প্রেমিক না বিপ্লবীও পাঠকদের মাঝে একই উন্মাদনা ধরে রেখেছিলো। পরবর্তী সময়ে উপন্যাসের কাছে জনপ্রিয়তায় কবিতার হার হলেও ওই দু'জন কবির কাব্য কখনো অনাদরে পড়ে থাকেনি। ক্রমশঃই গুণ হয়ে উঠলেন কবিতার এক চূড়োমনি। কবিতার জন্য তিনি যাপন করেছেন এক কাব্যসম্ভব জীবন, তাকে এলোমেলো ও অনিয়ন্ত্রিত বলা যেতে পারে, বলা যেতে পারে ক্ষ্যাপাটে, কিন্তু তার জীবন আবর্তিত হয়েছে কবিতাকে কেন্দ্র করেই। এখন এই পরিণত বয়সে তার স্থিরতা আমাদের মুগ্ধ করে। বেশ কিছুকাল ধরেই তার শুভ্র শশ্রুমণ্ডিত মুখাবয়ব, দীর্ঘদেহের সাথে মিলে তাকে করে তুলেছে রবীন্দ্রনাথের একটি ছায়া। প্রবাদপ্রতীম খ্যাতির সাথে ওই রাবীন্দ্রিক আদল কবি নির্মলেন্দু গুণকে করে তোলে কাব্যসভার মধ্যমণি, তিনি যেখানেই যান সেখানেই ভক্ত পরিবেষ্টিত হয়ে ওঠেন। একথা মানতেই হবে রবীন্দ্রনাথের মতো বিপুল প্রতিভা তাঁর নেই, তিনি জীবননানন্দের মতো প্রভাববিস্তারি কবিও নন, নন শক্তি চট্টোপাধ্যায় বা শামসুর রাহমানের সমপর্যায়ের, তবু বাংলা কবিতায় সমকালে তিনি বড় এক নাম।
নির্মলেন্দু গুণের এই প্রবল জনপ্রিয়তার উৎস কী? একটি কারণ এক অস্থির সময়ে দুরন্ত টগবগে অস্থির সব কবিতা লিখেছেন তিনি, পাঠকের হৃদস্পন্দনকে ধারণ করেছেন কলমে। ষাটের দশকের শেষভাগে কাব্যাঙ্গণে আবির্ভূত এই কবি ষাটের আইয়ুবশাহী স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বাঙালির গণজাগরণের দশকে কবিতার পরিমণ্ডলে বর্ধিত হয়েছেন। যদিও তিনি উনসত্তরের অগ্নিগর্ভ সময়কে কবি শামসুর রাহমানের মতো দক্ষতায় আঁকতে সক্ষম হননি, তবু তার প্রবল জনপ্রিয় কবিতা 'হুলিয়া' সেই অবরুদ্ধ সময়ের প্রকৃষ্ট দলিল। এই কবিতাটি এবং সত্তরের প্রলয়ঙ্করী জলোচ্ছাসের সময়ে লিখিত একটি কবিতা তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। 'হুলিয়া' কবিতাটি, যার অসম্ভব সুন্দর শুরু 'আমি যখন বাড়ি পৌঁছলাম, তখন দুপুর', এবং শেষাংশের মায়ের স্নেহের বন্ধনের ভেতর এক তুমুল বিপ্লবীর ধরা পড়ার নাটকীয়তা পাঠকদের রোমাঞ্চিত করেছিলো। সেসময়ে মঞ্চে মঞ্চে পঠিত হতো কবিতাটি, হয়ে উঠেছিলো সাহসের প্রতীক। সত্তরের সামুদ্রিক জলোচ্ছাস নিয়ে অনেক কবিতাই সেসময়ে রচিত হয়েছিলো, কিন্তু গুণের কবিতাটি ছিল সবচেয়ে প্রখর আবেদনসম্পন্ন। সেখানে একটি বিস্মরণঅযোগ্য পঙক্তি আছে, 'না, না, আমি কিছুতেই ফটো তুলবো না।' একটি দৃশ্যছবি, একটি করুণ কাহিনী, নাটকীয়তা, একের ভেতর সমগ্রকে প্রতিফলিত করা, বিশেষ থেকে সাধারণে উত্তরণ– সবই আছে সে কবিতায়, যা কবিতাটিকে গভীর হৃদয়স্পর্শী করে তুলেছিলো। মূলত বর্ণনাধর্মী কবিতার রচয়িতা নির্মলেন্দু গুণের কবিতায় এসব উপাদান বিপুল পরিমাণে প্রত্যক্ষ করা যায়। শামসুর রাহমান যেমন 'আসাদের শার্ট', 'স্বাধীনতা তুমি' প্রভৃতি কবিতা লিখে বিখ্যাত হয়েছেন, নির্মলেন্দু গুণ সেভাবেই এসব কবিতা লিখে বিখ্যাত হয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যখন বিভিন্ন ব্যর্থতা, স্বপ্নভঙ্গ আর বিতর্ক ঘিরে ধরেছে তরুণ সমাজকে, তখন তিনি লিখলেন সেই অবিস্মরণীয় কবিতা যার বারুদময় পঙক্তি 'হৃদয়ের মতো একটি মারাত্মক আগ্নেয়াস্ত্র, যা আমি দিইনি জমা' চমকে দিয়েছিলো শাসকগোষ্ঠিকে আর নতুন আশায় উদ্দীপ্ত করেছিলো তরুণদের। তবে যে কবিতা নির্মলেন্দু গুণকে কোটি কোটি বাঙালির প্রাণে চিরকাল বাঁচিয়ে রাখবে তা বাঙালি জাতির এক ঐতিহাসিক জনসভা আর এর মহানায়কের ঐতিহাসিক ভাষণের উপর লিখিত অবিস্মরনীয় কবিতাটি। ১৯৭১-এর ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর কণ্ঠে 'এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম' বাঙালির স্বাধীনতা ঘোষণার যে অমর দলিল উচ্চারিত হয়েছিলো তাকে উপজীব্য করে তিনি লিখলেন 'স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো' শীর্ষক কবিতাটি। জাতির জনককে কবির ভূমিকায় আর তাঁর ঘোষণাকে কবিতার রূপকে তিনি এই কালজয়ী কবিতাটি রচনা করলেন। সেটি এমন এক সময় যখন বঙ্গবন্ধুর নামোচ্চারণ নিষিদ্ধ ছিলো। আজীবন বিদ্রোহী এবং অকুতোভয় নির্মলেন্দু গুণের দ্রোহী স্বর সময়ের এক তীব্র প্রতিবাদ।
গণমানুষের প্রতি দরদী, শোষকের প্রতি রুদ্রচক্ষু এই কবি ছিলেন শোষনহীণ সমাজের স্বপ্নদেখা পুরুষ। বাম আদর্শে বিশ্বাসী কবি লিখেছেন 'তার আগে চাই সমাজতন্ত্র' নামের কাব্য। দ্রোহের পাশাপাশি তিনি প্রচুর প্রেমের কবিতা লিখেছেন। লিখেছেন 'আমি যেখানেই হাত রাখি তোমার শরীর' এর মতো শিহরণজাগানো পঙক্তি, কিংবা 'খোঁপার মতো কোনো ফুলদানী নেই'এর মতো মুগ্ধকর চরণ। না প্রেমিক না বিপ্লবী মানুষটি হয়তো পুরোপুরিভাবে কোনটিই হননি, হয়েছেন পুরোদস্তুর তাই যা তিনি হতে চেয়েছেন আজীবন- কবি। কিন্তু এক বর্ধিষ্ণু জীবনের সড়কে তিনি যত হাঁটছেন ততই পল্লবিত হয়ে উঠছে তার বিবিধ রচনার সম্ভার। তাঁর গদ্য আমাদের মুগ্ধ করে, কবিতার পাশাপাশি তাঁর রচিত ভ্রমণকাহিনী, স্মৃতিকথা, গল্প, সাহিত্য আলোচনা প্রভৃতির পরিমাণও কম নয়। এক কবিতাআক্রান্ত সুপরিসর জীবনে তিনি রচনা করেছেন বিপুল পরিমান কবিতা, অনুমান করি রবীন্দ্রনাথ ও শামসুর রাহমানের পরে বাঙলা ভাষায় সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাঙলা কবিতার জগৎকে কিছু পরিমাণে হলেও শাসন করা কবি নির্মলেন্দু গুণকে তাঁর ৭১তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই।
