ইয়েটসের ১৫০তম জন্মদিনে
এ বছর ১৩ জুন সমগ্র পৃথিবীতে ধুমধাম করে পালিত হলো বরেণ্য আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের ১৫০তম জন্মদিন। বাংলাদেশে এর তেমন ঘনঘটা চোখে পড়েনি, যদিও সেটাই ছিলো প্রত্যাশিত। বাংলা ভাষাভাষীদের পক্ষে ইয়েটসকে বিশেষভাবে স্মরণ করার বিশেষ কারণ রয়েছে। ইয়েটস সেই কবি যিনি বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র নোবেল পুরস্কার অর্জনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির পেছনে তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। তিনি ইংরেজি গীতাঞ্জলির অনন্যসাধারণ একটি ভূমিকা না লিখলে এবং রবীন্দ্রকবিতার ভূয়সী প্রশংসা না করলে গীতাঞ্জলি নিশ্চিতভাবে নোবেল কমিটির কাছে উপেক্ষিত থেকে যেতো এবং বাংলা সাহিত্য পেতো না নোবেলের স্বাদ। নিজে একজন উচ্চমার্গের কবি হিসেবে ইয়েটস রবীন্দ্রনাথকে চিনেছিলেন, বিশ্ববাসীকে চিনিয়েছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বজয়ের পথ সুগম করেছিলেন। ইয়েটস (যিনি নিজে নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯২৩ সালে, রবীন্দ্রনাথের দশ বছর পরে)-এর কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই।
ডব্লু. বি. ইয়েটস দোর্দণ্ড প্রতাপের সঙ্গে প্রায় অর্ধ শতাব্দী ধরে কবিতাবিশ্বে রাজত্ব করেছেন এবং ইতিহাসের অন্যতম মহত্তম কবি হিসেবে আজও নিজেকে পাঠককুলের নিকট গ্রহণযোগ্য রেখেছেন। তাঁর কাব্যকৃতি আলোচনার সময় তাঁর আইরিশ পরিচয়টি বড় হয়ে ওঠে না। তিনি প্রতিনিধিত্ব করেন ইংরেজি কবিতার, এবং হয়ে ওঠেন সকল ভাষার সকল মানুষের কবি। তিনি উচ্চারণ করেছেন মানুষের হৃদয়ের কথা, গেয়েছেন মানবতার জয়গান। তাঁর কবিতা তাই যুগান্তরালে হারিয়ে যায় না, বরং জেগে ওঠে নতুন বর্ণচ্ছটায়। তাঁর কবিতা লালিত্যময়, সংবেদনশীল, সাংগীতিক এবং বুদ্ধিবৃত্তিক। ইয়েটস ছিলেন রোমান্টিকতা ও আধুনিকতার সেতুবন্ধ, ঐতিহ্য ও নতুনত্বের মিলনরেখা, বাস্তববাদ ও অধিবিদ্যার ছেদবিন্দু। কবিতা তাঁর কাছে একটা কাল্ট যা দিয়ে অনুপম শিল্পসৌধ নির্মাণ করে তার মধ্যে বসবাস করতে হয়। লৌকিক ও অলৌকিকের মিশ্রণে, আঞ্চলিকতা ও বৈশ্বিকতার টানাপোড়েনে এবং প্রতিভা ও প্রজ্ঞার সম্মিলনে তাঁর কবিতা হয়েছে প্রভাদীপ্ত, মোহনগভীর ও সর্বজনীনভাবে আবেদনময়।
ইয়েটস সম্পর্কে টি. এস. এলিয়ট বলেছেন, তিনি কবি হিসেবে নিজের যতোটা না যত্ন নিয়েছেন, তার চেয়ে ঢের বেশি যত্ন নিয়েছেন তার শিল্পের, কবিতার। অসীম নিষ্ঠায় ও নিমগ্নতায় ইয়েটস কবিতা লিখেছেন মানুষের জীবন ও তার গভীর উপলব্ধি নিয়ে, সামাজিক ও রাজনৈতিক চেতনার উৎসারণ নিয়ে, শিল্প ও সংস্কৃতির সম্পর্ক নিয়ে। তাঁর শব্দতুলিতে জীবন্ত হয়ে উঠেছে আইরিশ প্রকৃতি ও জীবনাচরণ। অপার্থিব সৌন্দর্যে বিভূষিত হয়েছে কেলটিক টোয়াইলাইট। যেমন, "The Fisherman" কবিতায় আমরা দেখি আইরিশ পাহাড়-নদীর পটভূমিতে এক সাধারণ জেলের জীবনসংগ্রাম। আঞ্চলিক মিথ-মুক্তোকে তিনি সযতনে ব্যবহার করেছেন তাঁর কাব্যের অলংকাররূপে। তিনি বলেন, 'I made my song a coat / Covered with embroideries / Out of old mythologies / from heel to throat' ("A Coat")। ১৮৮৯ সালে প্রকাশিত The Wanderings of Oisin and Other Poems কাব্যগ্রন্থে লোকাল কালারিংয়ের চমৎকার কারুকর্ম খুঁজে পাওয়া যাবে। ওশিন এক আইরিশ কিম্বদন্তীর নায়ক। পরিরাজকন্যা নিয়ামের সঙ্গে তার প্রণয় ও দীর্ঘ রোমাঞ্চকর ভ্রমণশেষে সে প্রাণের টানে আয়ারল্যান্ডে ফিরে আসে, যেখানে ঘটে তার জীবনের ট্রাজিক পরিণতি। রোমান্টিক ও প্রি-রাফায়েলাইট কবিদের প্রভাব এখানে সুস্পষ্ট। লৌকিক বিশ্বাস, জাদুটোনা, গ্রামীণ সংস্কার ইয়েটসের কবিতায় অঙ্গীভূত হয়েছে অনন্য দীপ্তিতে। The Rose এবং The Wind Among the Reeds আইরিশ ভূগোলের প্রাণবন্ত গীতিকা।
ইয়েটস ছিলেন রাজনীতিসচেতন কবি। রাজনীতিকে তিনি শিল্পসত্তা থেকে বিচ্ছিন্ন করেননি, বরং শিল্পকে গণ্য করেছেন রাজনৈতিক উত্তরণের হাতিয়ার হিসেবে। তাঁর অনেক কবিতা মার্ক্সিস্ট দর্শনচেতনার সাক্ষ্য দেয়। তিনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন। তবে রাজনীতি তাঁর কাব্যসাধনার অন্তরায় না হয়ে বরং সহায়ক ভূমিকা পালন করেছে। প্রতিটি রাজনৈতিক ঘটনা তিনি তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করেছেন এবং কখনো কখনো সেগুলোর ভাব-তাৎপর্য নিয়ে কবিতা লিখেছেন। তাঁর রাজনৈতিক ভাবনাসমৃদ্ধ কবিতাগুলোর মধ্যে আছে "An Irish Airman Foresees His Death", "A Meditation in Time of War", "On a Political Prisoner", "In Memory of Major Robert Gregory", "September 1913", "Easter 1916", "Nine Hundred and Nineteen", "Politics", "A Prayer for My Daughter", "To a Shade".
ইয়েটসের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রমূলে কাজ করেছে ইতিহাস ও নিয়তির দ্বন্দ্ব। বিশ্বাস-অবিশ্বাসের দোদুল্যমানতার ধূসর প্রান্তরে দাঁড়িয়ে তিনি সেই দ্বন্দ্ব প্রত্যক্ষ করেছেন, যা প্রতিবিম্বিত হয়েছে তাঁর কাব্যিক শিল্পকাঠামোতে। তিনি জীবনকে দেখেছেন থিয়োসফির জটিল বিন্যাসে, অকাল্টীয় গুঢ়তত্ত্বে, মিস্টিক আলো-আঁধারিতে। তাঁর আধ্যাত্মিকতার উদ্ভাসন দেখতে পাওয়া যাবে The Tower, The Winding Stair and Other Poems এবং A Vision গ্রন্থে, যা পরাপৃথিবীর গুপ্ত সংকেতকে ধরার এক কাব্যিক প্রচেষ্টা। ভারতীয় গুপ্তবিদ্যার প্রতি ছিলো তাঁর দুর্ণিবার আকর্ষণ এবং তা চর্চাও করেছেন ব্যক্তিগত ও শৈল্পিক জীবনে। অতিপ্রাকৃতে বিশ্বাস তাঁর কবিতাকে দিয়েছে এক অবিশ্বাস্য ঐন্দ্রজালিক শক্তি। "A Dialogue of Self and Soul", "Leda and the Swan", "The Second Coming", "Byzantium", "Sailing to Byzantium", "The Magi", "Among School Children" এসব কবিতা তাঁর অন্তর্জগতের উর্মিকোলাহলকে শ্রুতি ও দৃষ্টিগ্রাহ্য করে। তিনি নিয়ত ঘুর্ণনের মধ্যে নিজের আত্মাকে নিবদ্ধ করেছেন, যেখানে তিনি জায়ার (gyre)-কে দেখেছেন মুক্তির সোপান হিসেবে। চক্রাকারে ঘুরে ঘুরে আসে শব্দ, চিন্তা, বিধিমালা ও মুক্তির মার্গ। ইতিহাস আবর্তিত ও বিবর্তিত হয় মহাচক্রে, দৃশ্য ও অদৃশ্যলোকে, বিদ্যুৎঝলকে ধাবিত হয় হেগেলের অমর্ত্যলোকে। "Phases of the Moon" প্রতীকব্যঞ্জনায় আমাদেরকে অবধারিতভাবে স্মরণ করিয়ে দেয় সেই মহাচক্রের কথা।
রোমান্টিক কবি হিসেবেই ইয়েটস তাঁর যাত্রা শুরু করেছিলেন। কল্পনাসুন্দরীর বিভায় নিষিক্ত তাঁর শব্দাবলি। সুমধুর লিরিকপ্রবাহে ভেসে গেছে চরাচর। তিনি প্রকৃতির সান্নিধ্যে নিবিড়ভাবে দেখেছেন জীবন ও জগতকে। মড গনের প্রেমনিক্কণ শুনেছেন বাতাসের সূক্ষ্ম তন্ত্রীতে এবং গেয়েছেন সৌন্দর্যের জয়গান। অভিসার ও বিরহজাত প্রেমরসের মাধুরিমা নিঃসৃত হয়েছে "The Sorrow of Love", "The Lover Tells of the Rose in His Heart", "Never Give all the Heart", "He Wishes for the Cloths of Heaven", "No Second Troy", "Words", "A Woman Homer Sung", "The Song of Wandering Aengus" এবং "A Bronze Head"-এ। সফেদ রাজহাঁস ভাসে শান্ত সরোবরে আর কবি মুগ্ধ হয়ে তাদের গণনা করেন: এক দুই তিন … উনষাট। রাজহাঁস চিরন্তন যৌবন ও শাশ্বত সৌন্দর্যের প্রতীক। The Wild Swans at Coole স্মরণ করিয়ে দেয় জীবন-যৌবনের ক্ষণস্থায়িত্বের কথা, পাঁজরের নিচে সঞ্চারিত করে বিস্ময়বিষাদের ঢেঊ। কবি ইনিসফ্রি ইউটোপিয়ায় নিমজ্জিত হন, শান্তির খোঁজে, মুক্তির দিকচক্রবালে:
আমি এখন যাবো চলে সেই সুদূরে ইনিসফ্রিতে
খড় বিচালি কাদা দিয়ে বানাবো এক ছোট্ট কুঁড়ে
নিজের হাতে শাকসব্জি ফলাবো সে দ্বীপ-মাটিতে
কাটাবো দিন নেচে গেয়ে মৌমাছিদের সুরে সুরে।
("The Lake Isle of Innisfree")
ইয়েটস অবশ্য পরবর্তীতে রোমান্টিকতাকে পরিহার করে আধুনিকতাবাদী কাব্য আন্দোলনে যোগ দেন। তাঁর কবিতা হয়ে ওঠে সূক্ষ্ম ব্যঞ্জনাময়, প্রতীকি ও বিরোধাভাসপূর্ণ। এ পর্যায়ে তিনি টি. এস. এলিয়ট এবং এজরা পাউণ্ডের সমান্তরালবর্তী। অন্যান্য আধুনিক কবিদের মতো তাঁর কবিতার বিরুদ্ধে যেটুকু অস্পষ্টতার অভিযোগ উত্থাপিত হয় তা মূলত এই পর্যায়ের কবিতাকে ঘিরেই। আধুনিক নাগরিক জীবনের বিবিধ জটিলতাকে তিনি ধারণ করার চেষ্টা করেছেন কবিতার ক্যামেরায়। আধুনিক জীবন-জটিলতার চিত্র খুঁজে পাওয়া যাবে বাস্তবতা ও পরাবাস্তবতার মিশেলে তৈরি The Green Helmet; Responsibilities; The Tower; The Winding Stair and Other Poems কাব্যে।
কাব্যসাধনার মধ্যপর্বে ইয়েটস আকাশে ভাসমান মেঘপুঞ্জ থেকে কঠিন বাস্তবভূমিতে অবতরণ করেন। তাঁর বাচন-বীক্ষণ হয়ে ওঠে বাস্তবমুখী। তিনি সাধারণ মানুষের দিকে তাকান এবং তাদের সাধারণ সমস্যাবলি বোঝার চেষ্টা করেন। "Crazy Jane Talks with the Bishop" মানুষের শরীরি আবেদনের বাস্তব সমস্যাকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে। যুগযন্ত্রণা ও পলায়নপর মনোবৃত্তির ছবিটিও ধীরে ধীরে স্পষ্ট অবয়ব লাভ করে, সাক্ষ্য: "The Man Who Dreamed of Fairyland", "Stolen Child" ইত্যাদি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে জীবনের অসহায়তা। নিউরন নেটওয়ার্কে অচলাবস্থা সৃষ্টি করে চিন্তার ভঙ্গুরতা। "The Tower", "The Circus Animals' Desertion" এবং "When You are Old" বৃদ্ধাবস্থাকে আমাদের সামনে হাজির করে দীর্ঘনিঃশ্বাস ও হাহাকারের আর্দ্রতায়।
নিজেকে অতিক্রম করার প্রয়াসে ইয়েটস সময়ে সময়ে কবিতার ফর্ম পালটেছেন। তাঁর প্রস্থানবিন্দুটি আমরা সহজেই চিহ্নিত করতে পারি, তাঁর কবিতাসৃষ্টির পর্যায় বিবেচনা থেকে। ভিক্টোরিয় রুচির কৃত্রিম পারিপাট্যে যেদিন তিনি আস্থা হারান, সেদিনই তিনি আধুনিকতার মন্ত্রে দীক্ষিত হন। যুগের দিকে, সমাজের দিকে তাকান রোমান্টিকতার রঙিন চশমা খুলে। তিনি বলেন, 'Come, let me sing into your ear / Those dancing days are gone / And all the silk and satin gear / crouch upon a stone' ("Those Dancing Days Are Gone")। তবে রোমান্টিকতা থেকে সরে আসলেও কখনোই তিনি পুরোপুরি গদ্যে সমর্পিত হননি। পদ্যধর্মিতা তিনি আজীবন লালন করে গেছেন, অনেকটা রবার্ট ফ্রস্টের মতো প্রাত্যয়িক দৃঢ়তায়। এক্ষেত্রে কিয়দংশে তাঁর যৌবনকালের রাইমার্স ক্লাবের প্রলম্বিত প্রভাবও কাজ করেছে। ইয়েটস রোমান্টিকতার মায়া কখনোই পুরোপুরি ত্যাগ করতে পারেননি। একারণেই তিনি নিজেকে মনে করতেন 'দ্য লাস্ট রোমান্টিক'।
বাংলা ভাষার আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ইয়েটসের সঙ্গে তুলনীয়—ব্যক্তিত্ব, চিন্তন, প্রতিভা ও কাব্যদর্শনের সাযুজ্যে। উভয়েই ছিলেন রোমান্টিক-আধুনিক, ইতিহাস ও ঐতিহ্যস্পন্দিত, প্রতীকবাদিতা ও পরাবাস্তবতা আশ্রিত, প্রকৃতির সান্নিধ্যপ্রার্থী, যান্ত্রিকতার সমালোচক ও মানবতার উদ্বোধক। উভয়ের অবস্থান মিটার্ড পোয়েট্রি ও ফ্রি ভার্সের মধ্যবর্তী বলয়ে। জীবননানন্দ ইয়েটস দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু কালক্রমে তৈরি করেছিলেন কবিতার এক নিজস্ব শৈলি, যা বর্তমান সময়ের যে-কোনো বাঙালি কবিকেও আলোড়িত ও অনুপ্রাণিত করে। উভয়ের কবিতাতেই আছে রাঁজহাসের উপমা ও প্রতীক। ইয়েটস লিখেন, 'Upon the brimming water among the stones / Are nine-and-fifty swans' ("The Wild Swans at Coole")। আর জীবনানন্দ লিখেন, 'আমাদের হৃদয়ের নদীর উপর দিয়ে ধীরে / এখনো যেতেছে চ'লে কয়েকটি শাদা রাজহাঁস' ("বিভিন্ন কোরাস")। ইয়েটস হেলেনকে দেখেন প্রেমসৌন্দর্যের আকর হিসেবে, আর জীবনানন্দ দু'দণ্ডের শান্তি খোঁজেন বনলতা সেনের চোখে।
ইয়েটস কেবল রোমান্টিকতার সঙ্গে আধুনিকতার যোগসূত্রই রচনা করেননি, আধুনিকতার সঙ্গে উত্তরাধুনিকতার উড়ালসেতুটিও তিনি নির্মাণ করেছিলেন। ১৯২০ সালে যখন তিনি উচ্চারণ করেন 'সবকিছু ভেঙে পড়ে, কেন্দ্র ধরে রাখতে ব্যর্থ' ("The Second Coming"), তখনই আভাসিত হয়ে ওঠে আধুনিকতা ও উত্তরাধুনিকতার মৌল লক্ষণ। বিশৃঙ্খলা অপসারিত করে শৃঙ্খলাকে, উন্মার্গগামিতা ও উদ্দেশ্যহীনতায় ধীরে ধীরে হারিয়ে যায় মানবজীবনের সকল মহৎ আকাঙ্ক্ষা। রচিত হয় একটি কেন্দ্রহীন মহাবিশ্ব, যেখানে কোনো অথরিটি নেই, ভালত্ব নির্ণয়ের কোনো স্থির মানদণ্ড নেই। 'Things fall apart; the centre cannot hold' আসলে আধুনিকতা ও উত্তরাধুনিকতার অমোঘ বীজমন্ত্র। ইয়েটসের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিখ্যাত নাইজেরিয় ঔপন্যাসিক চিনুয়া আচেবে তাঁর একটি উপন্যাসের শিরোনাম করেন Things Fall Apart (১৯৫৮), যেখানে তিনি এঁকেছেন ইউরোপিয় সভ্যতার আঘাতে সনাতনি আফ্রিকি সমাজে ভাঙনের চিত্র। গভীর দিব্যদৃষ্টি না থাকলে কেউ ভবিষ্যলক্ষণ এভাবে বলতে পারেন না। জন্মের ১৫০ বছর এবং মৃত্যুর অর্ধশতাধিক বছর পর আজও আমরা তাই 'মহাকবি' ইয়েটসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।
——————–
ডব্লু. বি. ইয়েটসের কয়েকটি কবিতা
(অনুবাদ: বিনয় বর্মন)
তীর
(The Arrow)
ভেবেছিলাম আমি তোমার লাবণ্যময় দেহের কথা
ক্ষেপাটে সেই ভাবনা আজও হাড়ের মধ্যে নৃত্যরতা
সবুজ পাতার আড়ালে সে অর্ধফোটা ফুলের কুঁড়ি
আমি ছাড়া কোনো পুরুষ দেখেনি তার রূপমাধুরি
আপেল বরণ দীর্ঘকায়া স্বর্গলোকের সে অপ্সরা
অভিজাত বংশ হেতু কোমল হাসি মুখটি ভরা
পুরনো সেই মুখচ্ছবি আজও যখন মনে পড়ে
নিমীলিত দুচোখ বেয়ে শ্রাবণ ধারা অঝোর ঝরে।
দীর্ঘ সময় ধরে বেসো না ভালো
(O Do Not Love Too Long)
দীর্ঘ সময় ধরে বেসো না ভালো
আমার প্রণয় ছিলো দীর্ঘকালের
পুরনো গানের মতো হয়েছি বাতিল
আমি আর নই কোনো বিষয় হালের।
প্রেমের পরশ মাখা যৌবন মৌ
অগোচরে কেটে গেছে বছর বছর
দুইটি হৃদয় মিলে মিশে একাকার
আনন্দে ভরা ছিলো প্রতিটি প্রহর।
তারপর কীযে হলো হঠাৎ করে
হয়ে গেছে সবকিছু ওলটপালট
দীর্ঘ সময় ধরে বেসো না ভালো
হয়ে যাবে নির্ঘাৎ এক ভাঙা পট।
চাকা
(The Wheel)
শীতের সময় আকুল হয়ে আমরা ডাকি বসন্তকে
বসন্তটা এলে বলি, গ্রীষ্ম তুমি আসবে কবে
সূর্যালোকে আকাশ মাটি পাহাড় নদী কী ঝকঝকে
ভাবতে থাকি সবার চেয়ে শীতঋতুটাই ভালো হবে।
তারপরে আর বাস্তবে কি কোনোকিছু ভালো থাকে
বসন্তসুখ কোনোদিনও আসে না এই পৃথিবীতে
আমরা পড়ি আমাদেরই রক্তদোষের জটিল পাঁকে
সুদূরপানে তাকিয়ে থাকি শীতল মাটির পরশ নিতে।
নির্বাচন
(The Choice)
মানব মনীষা তার এক পরিণতি
নিখুঁত জীবন চাই, চাই উন্নতি
উন্নতি আসে যদি পার্থিব ধনে
স্বর্গের কথা আর পড়ে কারো মনে?
একদিন শেষ হয় গল্পের ঝুড়ি
পদতলে পড়ে থাকে ঝুরঝুরে নুড়ি
খালি থলে, খালি হাত, পু্রাতন ধাঁধা
দিবসের অহমিকা, রাত শোকে বাঁধা।
যখন তুমি বৃদ্ধ
(When You Are Old)
যখন তোমার শ্রী বুড়োটে, ধূসর আর ঘুমে মাখামাখি
আগুনের পাশে বসে ঝিমাও, তখন হাতে নাও এই বই
ধীরে ধীরে পড়ে যাও কোমল স্বপ্নভরা চোখে থৈথৈ
কবেকার বিস্মৃত গভীর ছায়ারা এসে করে ডাকাডাকি।
কতো লোক দেখেছিলো তোমার সে বয়সের প্রসন্ন রূপ
সত্য বা মিথ্যা, অনেকে তোমায় তারা ভালোবেসেছিলো
ভেতরে বসত করা তীর্থের আত্মাটা কে যে ছূঁয়ে দিলো
তোমার বদলে যাওয়া চেহারার বিন্যাসে দুঃখের ধূপ।
জানালার পাশে বসে একা একা বিষণ্ণ মাথা করে নিচু
উনুনের উত্তাপে মনে করো মৃদু মৃদু কলকল ধ্বনি
মাথার ওপরে সেই পাহাড়চূড়ায় গিয়ে বসলো তখনি
তারায় লুকানো মুখে শূন্যতা ছাড়া আর জেগে নেই কিছু।
