২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথাসাহিত্যিক জীবনানন্দ দাশ

saikat_habib

Published : 23 Oct 2014, 04:08 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

অন্তত সত্তর বছর ধরে জীবনানন্দ দাশের কবিতা আমাদের প্লাবিত করে আসছে। ১৯৫৪ সালে তাঁর দুর্ঘটনাজনিত অকালমৃত্যুর পর থেকে তাঁর কাব্যপাঠ ব্যাপক-বিস্তৃত তো বটেই, কিন্তু এরও অন্তত এক যুগ আগে থেকেই তিনি পাঠকের হৃদয় স্পর্শ করে আসছিলেন, বিশেষত বনলতা সেন প্রকাশ হবার পর থেকে। উপরন্তু তাঁর একমাত্র কাব্যগ্রন্থ বনলতা সেনই জীবদ্দশায় একটিমাত্র পুরস্কার তাঁকে এনে দেয়। আর তাঁর কবিস্বীকৃতিও সম্ভবত বনলতা-র হাত ধরেই শুরু।

কিন্তু জীবনানন্দ যে গভীরভাবে মৌলিক তা তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থর মধ্য দিয়েই স্বীকৃত হয়ে আসছে। বুদ্ধদেব বসু তাঁকে তখনই আমাদের চিনিয়ে দেন। প্রায় পুঙ্খানুপুঙ্খরূপে তিনি ধরিয়ে দেন যে, কোথায় কোথায় এই কবি একেবারে ভিন্ন সুরস্বরধ্বনি নিয়ে প্রায় হাজার বছরের বাংলা কবিতায় নিজের একটি বিশেষ জায়গা নিয়ে উপস্থিত হয়েছেন। অন্যদিকে, একই সঙ্গে বাংলা কবিতার পরম্পরা আর ইউরোপীয় কবিতার নির্যাস মিলিয়ে জীবনানন্দ যে কাব্যস্বাদ আমাদের ভেতর চারিয়ে ও ছড়িয়ে দেন, এর প্রভাব যে অমোঘ আর একে অবহেলার যে কোনোই উপায় নেই, তা তাঁর সমকালীন বহু তরুণ কবির প্রভাব থেকেও টের পাওয়া যায়। মজার ব্যাপার, এই জীবনানন্দও কিন্তু নিজেকে বারবার ভেঙেছেন। নিজের স্বভাব পাঠককে জানান দিয়ে তিনি থেমে থাকেননি কেবল, বরং প্রতিটি কাব্যগ্রন্থ নতুন নতুন বিস্ময় নিয়ে হাজির হয়, বোধের অতলস্পর্শী গভীরতার দেখা মেলে তাতে। সমকাল তার স্থানিক ও বৈশ্বিক বিরাট প্রেক্ষাপট নিয়ে খুব তীব্রভাবে উপস্থিত হয়। এইভাবে বিশ শতক তার যুদ্ধ-মারী-হত্যা-রক্ত-সাম্প্রদায়িকতা-দাঙ্গা-ক্ষুধা-বেকারত্ব-যান্ত্রিকতা-প্রকৃতিহীনতা এবং আর আর সব নেতি নিয়ে মহাকালিকভাবে তাঁর সমুখে হাজির হয়। কবি একে তাঁর সুবিশাল ইতিহাসবোধ, অনুভূতিশীল হৃদয় এবং দ্রষ্টাসুলভ পাঠ-বিশ্লেষণ এবং দূরদৃষ্টি দিয়ে অতীত ও বর্তমানের এক শেকল দিয়ে তাকে বেঁধে ফেলেন। তারপর এক গাঢ় নৈরাশ্যর বর্তমান আর স্বপ্নীল আগামীর দিকে আমাদের ধাবিত করেন।

তাই আমরা যখন জীবনানন্দের কোনো একগুচ্ছ কবিতা পাঠ করি, তখন আমরা যেন একই সঙ্গে মানবরচিত সুপ্রাচীন সভ্যতা থেকে বিশ শতকী মানবীয় অসভ্যতা, মানুষের সীমাহীন বর্বরতা এবং ব্যক্তিমানুষের পতন-ক্ষয়-বিনাশ আবার সম্মিলিত মানুষের প্রতি ভবিষ্য-আস্থা আর দূর-আগামীর কোনো সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি। এবং তাঁর কবিতা এক গভীর সাঙ্গিতীকতা নিয়ে আমাদের ভেতর অনুরণিত হতে থাকে। যেন এ কোনো গভীর রাগ যা আমাদের ভেতর জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কইতে থাকে।

এই কথা কওয়া যে আজও চলমান তা এই একুশ শতকেও পাঠকের ওপর নয় কেবল, তরুণতর কবির ওপরও তাঁর প্রভাব থেকেই টের পাওয়া যায়। বরং কখনো কখনো খুব সমকালীন হয়ে তাঁর কবিতাসকল আমাদের ভেতর প্রবিষ্ট হয়। আমরা মোহাবিষ্ট হয়ে এই অতিযান্ত্রিক যুগেও লক্ষ করি জীবনানন্দ কী নিবিড়ভাবেই না আমাদের অন্তর ছেনে চলেছেন। আমাদের রক্তের ভেতর এক গভীর ও নিবিড় তরঙ্গ তুলেছেন। আমাদেরকে এই রিক্ত-তিক্ত-রক্তাক্ত বাস্তবের ভেতর ফেলেই আবার কোন স্বপ্নের ভিতর চুবিয়ে দিচ্ছেন, স্নাত করছেন। এবং বোধ করি, আরও বহুকাল কবি জীবনানন্দ এভাবে আমাদের উত্তরপুরুষদেরও স্নাত করে যাবেন। আর সম্ভবত তিনি আমাদের কাব্যপরম্পরার ভেতর যুগপৎ দৃশ্য ও অদৃশ্য সেতু হিসেবে বিরাজ করবেন।

সৃষ্টির এক গভীর উৎসার আমরা দেখি জীবনানন্দে। কেবল, যদি কেবল কবিতাই লিখতেন তিনি তাতেও আমাদের বিস্ময়ের সীমা থাকত না। কিন্তু তাঁর জীবদ্দশাতেই অনেকগুলো গদ্য আর প্রবন্ধও প্রকাশিত হতে দেখি। সেগুলোর বিষয় নয় কেবলই কবিতা বা সাহিত্য, বরং বাংলা ও ইংরেজিতে রচিত সেসব গদ্যে ছড়ানো রয়েছে জীবনের বিস্তর বিষয়, এমনকি শিক্ষক ও শিক্ষকতার সমস্যাও।

কিন্তু তাঁর রচনার বিপুল খনি আসলে আবিস্কৃত হয় তাঁর মৃত্যুর পরপর। এবং প্রকাশিত হয় তারও বহুকাল পর। সেখানে কবিতা-প্রবন্ধ ছাড়া আর যা কিছু ছিল তার ভাণ্ডার বিশাল। সেগুলো তাঁর গল্প-উপন্যাস। বিস্ময়কর ব্যাপার, তিনি যে এত গল্প-উপন্যাস লিখেছেন এটা এমনকি, তাঁর পরিবারের কাছেও ছিল অনেকটাই অজ্ঞাত (অথচ জানা যায়, তিনি দু-একটি গল্পের প্রেস কপিও তৈরি করেছিলেন)। সেসব গচ্ছিত ছিল তাঁর পারিবারিক ট্রাঙ্কে। এই আবিষ্কারকে সাহিত্যের ইতিহাসের দিক থেকে স্বর্ণখনি আবিষ্কারের মতোই বিস্ময়কর মনে হয়, যখন আমরা এর বিপুলতা ও বৈচিত্র্য দেখি। অথচ আমাদের বিস্মিত করে এই তথ্য যে, সাল-তারিখ থেকে মনে হয় এত গল্প-উপন্যাস জীবনানন্দ কেবল তাঁর জীবনের দুই দীর্ঘ বেকারত্বকালে লিখেছেন। অবশ্য তাঁর দুরুহ-দুষ্পাঠ্য এই সব রচনার সাধকপ্রতিম পাঠোদ্ধারকারী ভূমেন্দ্র গুহ এমত ধারণা করেন যে, তিনি অন্য সময়ও লিখেছেন হয়তো, তবে তা কোনো কারণে বিনষ্ট হয়েছে বা খোয়া গেছে। কিন্তু তাঁর বেকারত্বকালেই যে তিনি কথাসাহিত্যে অনেক বেশি স্বর্ণফসল ফলিয়েছেন তাতে আমাদের কোনো সন্দেহ থাকে না সেগুলোর সন-তারিখের উল্লেখ লক্ষ করলে।

কিন্তু কী আছে তাঁর এই সব গল্প-উপন্যাসে? বিষয় হিসেবে দেশভাগ-সাম্প্রদায়িকতা-উদ্বাস্তু জীবন; বেকারত্ব-মেসজীবন-জীবনযাপনের সংকট; প্রেম ও দাম্পত্যসমস্যা-মধ্যবিত্ত ও উচ্চবিত্তের জীবনের ফারাক-জীবনের নিষ্ফলতা; বিশ শতকের তিরিশ-চল্লিশ-পঞ্চাশ দশকের জীবন ও আর্থ-সামাজিক-রাজনৈতিক জটিলতা– মোটা দাগে এসবই। কিন্তু সূক্ষ্মদাগে মানবজীবনের গভীরতর সংকট, বিশশতকী মনোবাস্তব; দু-চারজন মানব-মানবীর জীবনের ভেতর দিয়ে বৃহৎ মানব ও শ্রেণীর নিবিড় জীবনবোধ আর এমন সব গহন-গভীর বিশ্লেষণ, যা বাংলা সাহিত্য ইতিপূর্বে এমনভাবে দেখেনি আর। তবে আমরা অবশ্যই ভুলে যাব না যে, তাঁর এই রচনারাশির অধিকাংশই খসড়া কেবল; এমনকি অনেক রচনার শিরোনামও দেননি তিনি। যে জীবনানন্দকে কবিতায় আমরা দেখি বড় বেশি খুঁতখুঁতে, এক-একটি কবিতাকে ঘিরে তাঁর আমানুষিক শ্রম ও সাধনা (উদাহরণস্বরূপ বলা যায়, 'বনলতা সেন' কবিতার আরও চারটি খসড়ারূপের কথা)– তাঁর কথাসাহিত্যে দু-একটি ব্যতিক্রম বাদে এর নমুনা পাওয়াই মুশকিল। কিন্তু আমরা সবিস্ময়ে লক্ষ করি, জীবন ও সৃষ্টির অনিঃশেষ পিপাসা কী তীব্রভাবে ছড়িয়ে আছে তাঁর এই সব সাহিত্যে।

এ প্রশ্ন আসতেই পারে যে, জীবনানন্দ সাহিত্যিক প্রতিষ্ঠার জন্যই কথাসাহিত্য করতে চেয়েছিলেন; এমনকি এক্ষেত্রে পরামর্শের জন্য দেশ-সম্পাদক সাগরময় ঘোষ ও বুদ্ধদেবপত্নী সেকালের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রতিভা বসুর কাছেও ধরনা দিয়েছিলেন। কিন্তু তাঁর সাহিত্যিক সততা আমরা লক্ষ করি শেষ পর্যন্ত ও-পথে তিনি কেবল পা বাড়াননি তা-ই নয়, একটি রচনাও কোথাও প্রকাশ করার জন্য পাঠাননি। তাই এ থেকে আমরা কি এ সিদ্ধান্তে আসতে পারি না যে, কথাসাহিত্যও তিনি শেষ পর্যন্ত, কবিতার মতোই, তাঁর জীবনের রক্তবিন্দু দিয়েই লিখে যেতে চেয়েছেন? আর সেজন্যই সাহিত্যিক খ্যাতির জন্য হুড়মুড় করে প্রকাশ করার চেয়ে বরং ট্রাঙ্কে তালাবদ্ধ করে রাখাকেই শ্রেয় মনে করেছেন? তাঁর অকাল ও করুণ এই মৃত্যু না এলে আমরা হয়তো এই সব রচনা তাঁর কবিতার মতোই অনেক সংহত ও সুগঠিতভাবেই মুদ্রিত অবস্থায় পেতাম। কিন্তু যতই হোক খসড়া কিংবা ছেঁড়াখোঁড়া, শেষ পর্যন্ত, এসব তো আসলে জীবনানন্দেরই রচনা এবং এমন সব রচনা যা তাঁর মতো কবির কাছ থেকে অনেকটাই অভাবিত!

তবে এসব আজকাল অনেকটাই পুরনো প্রসঙ্গ। কিন্তু বেদনাদায়ক সংবাদ হচ্ছে, যদিও গত শতকের আশির দশক থেকেই জীবনানন্দের এই সব গল্প-উপন্যাস ব্যাপকভাবে প্রকাশিত হয়ে চলেছে এবং বহু খণ্ডে এইসব রচনা 'প্রতিক্ষণ পাবলিকেশনস' থেকে দেবেশ রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে, এবং পরে ভূমেন্দ্র গুহর সম্পাদনায় নানাভাবে আরও অনেক বইপত্র বেরিয়েছে। তারপরও আজও অনেক জীবনানন্দ-ভক্ত লেখক-পাঠককে বলতে শুনি জীবনানন্দ গল্প-উপন্যাসও লিখেছেন নাকি? শুধু তাই নয়, তাঁর বিপুল ভাণ্ডার সম্পর্কে কেবল যে পাঠহীনতা আছে তা নয়, এমনকি তথ্যহীনতাও প্রকট। অথচ কবি জীবনানন্দ দাশকে পাঠ করার জন্যও এই রচনারাশি যেমন পাঠ করা দরকার, তেমনি বিশশতকী জটিলভঙ্গুরবিপন্ন বাংলা ও বাঙালিজীবনও তাতে পাই নিবিড়ভাবে।

সময়কে বুঝে নিতে, জীবনের বিপন্ন বিস্ময়কে আরো তীব্রভাবে অনুভব করতে আর যন্ত্রণাদীর্ণ-ক্ষতবিক্ষত এক আধুনিক কবিপুরুষের হৃদয়ের ভেতর দিয়ে নিজেদেরও আরো নিবিড়ভাবে পাঠ করে নিতে আমরা কি জীবনানন্দের কথাসাহিত্যের ভেতর আরো একটু ঘনিষ্ঠভাবে ফিরে তাকাব না? এতে যে আমাদেরই আরো 'গভীরতর লাভ'।