৭১-এর ধর্ষিতাদের নিয়ে মার্কিন কবি তার্ফিয়া ফৈজুল্লাহর কাব্যগ্রন্থ
তার্ফিয়া ফৈজুল্লাহ্ মার্কিন কবি। তাঁর পূর্ব-পুরুষরা বাংলাদেশের মানুষ, যাঁরা মার্কিন মুলুকে প্রবাসী হয়েছেন ১৯৭৮-এ। তার্ফিয়া ফৈজুল্লাহর জন্ম সেখানে ১৯৮০ তে। সে-হিসেবে এখন এ-প্রবাসী কবির বয়স ৩৪। তিনি ক্রাব অর্চার্ড সিরিজের পোয়েট্রি ফাস্ট বুক অ্যাওয়ার্ড লাভ করেছেন Seam নামের কবিতাসংকলনের জন্য। এই সিম-এ ১০ পৃষ্ঠার একটি ধারাবাহিক কবিতা আছে বাংলাদেশে ১৯৭১ সালে হানাদার বাহিনীর গণধর্ষণ বিষয়ে। অমীমাংসিত পরিসংখ্যানের ভিত্তিতে বলা হয়ে থাকে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে বাঙালি ধর্ষিতার সংখ্যা দু'লক্ষ থেকে চার লক্ষের মাঝামাঝি। কবিতায় পরিসংখ্যানগত সঠিকতা আবশ্যক হয়ে দাঁড়ায় না, এখানে মুখ্য উপাদান মানবতার বিপর্যয় এবং ক্ষরণ ও দহনের উপলব্ধিকে সভ্যতার সমকালীন চেতনায় ধরিয়ে দেয়ার শৈল্পিক উপস্থাপনা। তার্ফিয়া ফৈজুল্লাহর কবিতায় এটাই প্রত্যাশিত। তিনি তাই করেছেন।
'সিম' ইংরেজি শব্দ। Seam অর্থ জোড়ালাগানোর জন্য সেলাইকর্ম। কারিগরি জীবনকর্মের প্রতীকে কবি তার্ফিয়া ফৈজুল্লাহ তাঁর সিম কবিতাগুচ্ছে যৌন অপরাধ ঘটেছে বা ঘটেনি; স্মৃতিতে আছে বা বিস্মরণে ঢেকে গেছে; ধর্মীয় মূল্যবোধ লংঘিত হয়েছে বা হয়নি অথচ দোষারোপ করা হচ্ছে-এমনতর সূক্ষ্ম অনুভবসমূহের প্রান্তিকতাকে জোড়া লাগানোর চেষ্টা করেছেন। একটা মেটাফোরের ব্যবহারও করেছেন ফৈজুল্লাহ্, অনুভব-উপলব্ধির জায়গাটির ক্ষীণ অস্তিত্ব পাঠকের চোখের সামনে তুলে ধরতে; গদ্য উপক্রমণিকার শেষের দিকে তিনি বলেন, কবরস্থানে একটির ওপর আর একটি কংকাল উপস্থাপিত, যেন "Pressed like flowers in a book, thinning over time under the weight of new bodies", "বইয়ের পাতার ফাঁকে ফুলের পাপড়ি লম্বা সময়ের ব্যবধানের যেমন শীর্ণ হয়ে যায়, কবরের পুরনো কংকালগুলোও তেমনই নবতর কংকালদের চাপে শীর্ণকায় হয়ে গেছে।" বস্তুগত অস্তিত্বের পাশাপাশি মানসলোকের স্মৃতিও হয়ে গেছে বিস্মৃতির বিশীর্ণতায় জীর্ণ; যা ছিল একদা জ্বলন্ত অনল, সময়ের ব্যবধানে সে অনুভব এখন জীর্ণ কিংবা প্রায়-লুপ্ত একটি জিরজিরে ও দুরাগত উপলব্ধি। কেউ কেউ হয়তো বলবেন দুরাগত এবং আরোপিত। ফৈজুল্লাহ্ চান সেই দগ্দগে দহনের সাথে এখনকার জিরজিরে স্মরণের মেইলবন্ধন ঘটাতে। এর সাথে অনিবার্য অনুষঙ্গ হিসেবে তার কবিতাভাষ্যে আসে ঘাতক-ধর্ষকদের অপরাধ সংঘঠন অথবা তা হয়নি বলার দোটানা; ধর্মীয় মূল্যবোধ লংঘিত হয়েছিল বা ধর্ম রক্ষার্থেই ধর্ষণে লিপ্ত হয়েছিল তা'রা-এমন সব দ্বৈত To be or not to be! ফৈজুল্লাহ্ যখন বইয়ের পাতার ফাঁকে রেখে দেওয়া ফুলের পাপড়ির উৎপ্রেক্ষায় বিষয়টিকে কবর খুঁড়ে হৃদয়ে নিয়ে আসেন, তখন ফুল ফুটে ওঠে সুন্দর ও পবিত্র অবয়বে, বইয়ের পাতার চাপ ধর্মরক্ষার দোহাইয়ের মতো!Book of life এবং Book of Injustice মুদ্রিত হয় জীবনখাতার একই পাতায়; মানব সভ্যতার চরণযুগল এগিয়ে চলে জীবন কংকাল মাড়িয়ে মাড়িয়ে। ধর্ষণ বিষয়ক লোকলজ্জাজনক অপ্রীতিকর বিষয় নিয়ে বাংলার কবিকুল খুব কমই লিখেছেন, কেউবা লিখেছেন দু'এক পৃষ্ঠা প্রতীকী ভাষায় (সিঁথির সিঁদুর মুছে গেল…….. কপাল পুড়লো….); কিন্তু ফৈজুল্লাহ্ তা বলেছেন নিজের দাদীর মুক্তিযুদ্ধ অভিজ্ঞতাকে ভিত্তি করে, তার কথা স্মরণ করে, যদিও সে-দাদী স্বয়ং কোনো ধর্ষণ অভিজ্ঞতার মধ্যে পড়েনি। দাদীর প্রসঙ্গ উঠিয়ে কবি ফৈজুল্লাহ্ বরং সৎ-সাহসের পরিচয় দিয়েছেন, যা আমাদের দেশের লোকলজ্জাভয়ে ভীত অনেক কবির পক্ষেই সম্ভব হয়নি।
বিদেশী নিরপেক্ষ পর্যবেক্ষকের মতে, অন্তত দু/তিন লাখ নারী ধর্ষিত হয়েছিলেন। কিন্তু আসল সংখ্যা আরও বেশি বলে মনে হয়। কারণ, অনেক ক্ষেত্রেই ধর্ষণের কথা পরিবার গোপন করেছে, বিশেষ করে 'ভদ্রলোকেরা'। কোনো কোনো স্বামী আবার স্ত্রীকে ধর্ষণের জন্যে এগিয়ে দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। কোনো কোনো সামরিক কর্মকর্তা আবার নির্দিষ্ট রক্ষিতা রেখেছিলেন। এই রক্ষিতারা একটু ভালো অবস্থায় ছিলেন।
কোনো ইতিহাসসুলভ বৃত্তান্ত ফৈজুল্লাহ্র নিরীখে ছিল না; তিনি বীরাঙ্গনা ক্যাম্পে গিয়েছিলেন ধর্ষণ-ইতিহাসের তথ্য-পরিসংখ্যান সংগ্রহের জন্য নয়। বরং তার কবিতায় পাই নারীভূষণ লাজরক্তের যে-বিভীষিকাময় পদপিষ্টতা এবং সভ্যতাবিধ্বংসী পাষণ্ডতা ঘটেছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ খন্ডে, তারই একটি সূক্ষ্ম এনাটমি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি। যে-নারীরা বীভৎস ধর্ষণ-কবলে পতিত হয়েছিলেন, তাদের লজ্জাসম্পদ হয়েছিল ভূলুন্ঠিত; ঢাকার রাজপথে এবং মুক্তিযুদ্ধ খন্ডের বাংলাদেশের সব জেলায় উপজেলায় এই মানবিক সম্পদ দস্যুরা লুট করে নিয়েছিল। ফৈজুল্লাহ্ প্রতিতুলনার কাব্যশৈলীতে উপস্থাপন করেন মুক্তি যুদ্ধ-উত্তর ঢাকা সফর কালে রাজপথে তাঁর নিজের সম্ভ্রম হারানোর আশংকা ও দুশ্চিন্তার কথা!
Reach for anyone
Willing to wrap his good arm tight
Around me for as long as the ribboned
darkness allows.
অন্ধকারের রেশমিফিতা যতক্ষণ ঝুলে থাকবে
এবং সুযোগ তৈরি করে রাখবে,
সঙ্গীদেরই কেউ হয়তো পেতে চাইবে আমাকে
তার সুঠাম পেলব বাহুর বাঁধনে চাপ দিতে চাইবে
এই আশংকা ও লাজরক্তভূষণ একান্তই নারীসুলভ, যা ফৈজুল্লাহ্ জানেন ও মানেন, কিন্তু বীরাঙ্গনা বাঙালি নারীরা মুক্তিযুদ্ধকালে তা হারিয়ে ফেলেছিল! তারা হয়েছিল বিবস্ত্র ও লজ্জাহীনা; সে-মুহূর্তে মানবসভ্যতাও হয়েছিল বিবস্ত্র ও নির্লজ্জ।
লুটেরা ধর্ষকদের সেই লজ্জাহীনতা মানবজাতির সভ্যতামুখী অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল! ফৈজুল্লাহর কবিতার যৌন আবেদনময় অংশটুকু সে-কারণেই নয় বিলাসী কবিতাচর্চা। বরং তা দেখিয়ে দেওয়া সূক্ষ্ণাতিসূক্ষ্ণ অনুভব ও উপলব্ধিকে, ক্লিনিক্যাল সীমারেখা এঁকে দেওয়ার মধ্য দিয়ে। আধুনিক কবিতার দুই প্রতিভূ কর্তা পাউন্ড ও ইলিয়ট ক্লিনিক্যাল বস্ত-দৃশ্য বর্ণনার সূত্রপাত ঘটিয়েছিলেন। তাদের এই বর্ণনা-কৌশলের পরবর্তী নামকরণ হয় অব্জেক্টিভ কোরিলেটিভ।
Reading Celan at the liberation War Museum নামক কবিতাটি প্রভু যীশুর প্রতি প্রার্থনাসঙ্গীতের ভঙ্গীতে একটি ব্যঙ্গ কবিতা। এতে আমাদের হাতের কাছের চেনাজানা, প্রায় ছুঁয়ে-দেখা গৃহস্থালি দ্রব্যসামগ্রীর বিবরণ আছে, যথা: স্বচ্ছ কাগজে মোড়ানো বিস্কিট; কাঁচের বোতল, কাপ-পিরিচ ইত্যাদি; কিন্তু এদেরই পাশাপাশি বর্ণিত হয়েছে যুদ্ধে নিহতদের হাড়ের টুকরা, নিতম্বের পাঁজর, করোটি, চোয়ালের হাড় এবং যুদ্ধঘোষণার খবর সম্বলিত পত্রিকার কাটিং– সবকিছু জাদুঘরের গ্যালারিতে সাজানো। প্রভু যীশুকে লর্ড সম্বোধন করে বলা হয়েছে প্রার্থনার সামগ্রীরূপে এগুলোকেও যেন গ্রহণ করা হয়!
একটা মূল্যবান খোঁড়া যুক্তি আছে: মুক্তিযুদ্ধকালের ধর্ষণের বর্ণনা দিলে জাতির কলংক ছড়ানো হবে! ফৈজুল্লাহ্ সে খোঁড়া যুক্তিতে কান দেননি। প্রকৃতপক্ষে এই খোঁড়াযুক্তিদাতারা ধর্ষক-ঘাতক পক্ষের লোক। ধর্ষণ তো একটি অবলম্বন মাত্র, একটি উপাদান। মূল বিষয় সভ্যতানিধন, সভ্যতার অগ্রগতির পথে কুঠারাঘাত। ফৈজুল্লাহ্ এই কুঠারাঘাতকেই তুলে ধরেছেন আমাদের সামনে।
