আল মাহমুদের একটি কবিতা: নিদ্রিতা মায়ের নাম
মানুষের অন্তর্গত আবেগের সঙ্গে জড়িয়ে আছে তার মাতৃভাষা এবং মাতৃভূমি। দুই-ই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তার অস্তিত্বের মর্মমূলে বাসা বেঁধে আছে এদের জন্যে অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীর তাবৎ কবি মাতৃভাষা এবং মাতৃভূমি নিয়ে নানাভাবে আবেগ প্রকাশ করেছেন। বাঙালি কবিরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। বরং বাঙালি কবি এক্ষেত্রে আরো বেশি আবেগপ্রবণ। বিশ শতকের মধ্যভাগে বাহান্নর ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে তার সেই আবেগের চূড়ান্ত প্রকাশ ঘটেছে। ভাষার জন্যে রাজপথে রক্ত ঢেলেছে বাঙালি। ভাষার জন্যে এই আবেগ বাঙালি কবি এর আগেও বোধ করেছে। যে-কালে ভাষা-আন্দোলন ছিলো দূর ভবিষ্যতের বিষয়– সেই সতেরো শতকে কবি আবদুল হাকিম মাতৃভাষার অবজ্ঞাকারীকে বেজন্মা বলে গাল দিয়েছেন। এসব কথা মনে হলো ভাষা-আন্দোলন নিয়ে লেখা বাংলা কবিতা পড়তে পড়তে। এসব কবিতা আমাদের চেতনায় আলোড়ন তোলে– মনের ভেতর উঠে পড়ে আবেগের ঢেউ।
আল মাহমুদের `নিদ্রিতা মায়ের নাম' কবিতায় মা, মাতৃভাষা ও মাতৃভূমি একাকার হয়ে আমাদের আবেগের জলে আলোড়ন তোলে। স্মৃতিতাড়িত এই কবিতা চেতনায় নিয়ে আসে বাহান্নর একুশের দিনগুলির স্মৃতি। কবিতা শুরু হয়েছে একটি চমৎকার উপমার মধ্য দিয়ে। কবিতার আবহ রাতেরবেলার এবং রাতের অন্ধকারে কবির মনে জেগে উঠেছে মা-মাতৃভাষা-মাতৃভুমি বিষয়ে বাঙালির ঐতিহ্যের স্মৃতি। দুঃখতাড়িত কবির মনোভূমে বেদনার অনুষঙ্গেই একুশের বেদনাময় স্মৃতি আলোড়ন তুলেছে। বেদনায় মুহ্যমান কবি চারদিকে দেখছেন শুধু রক্তাক্ত মিছিল। তবে এই মিছিল উঁকি দিয়েছে কবির স্মৃতিতেই। এ থেকে বলা যায় বাহান্নর একুশ-পরবর্তী কোনো এক রাতের বেলাকার আবেগ-সংবেদনা প্রকাশ করেছেন কবি। সেই রাতে বেদনাতাড়িত কবি তাঁর অবচেতন থেকে টেনে তুলে এনেছেন একুশের দিনগুলির প্রতিচ্ছবি। দেখছেন বিশাল মিছিল আর বন্ধুদের রক্তাক্ত মুখ। এই বন্ধুরাই একুশের মহান শহীদ যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার স্বপ্নের চেতনা। সেই প্রথম বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে বুঝে নিয়েছে পরাধীনতার বেদনাময় গ্লানি। কবিতার এই পর্যায়ে একটি চমৎকার চিত্রকল্প রচনা করেছেন কবি। চিত্রকল্পটি দাঁড়িয়ে আছে একটি উপমার উপর ভর করে। মিছিলের ক্রুদ্ধ-উত্তেজিত মানুষ উঁচিয়ে রয়েছে তাদের শাণিত হাত । তাদের উত্তেজিত হাতের টঙ্কারে/ তীরের ফলার মতো/ নিক্ষিপ্ত ভাষার চিৎকার:/ বাঙলা, বাঙলা ।
মিছিলের উত্তেজিত হাত আকাশ-বাতাস ফাড়ে। আর তাদের তীক্ষ্ণ শাণিত কণ্ঠ থেকে নিক্ষিপ্ত হয় তীরের ফলার মতো শাণিত শব্দ : বাঙলা, বাঙলা। বাঙলা এখানে একই সঙ্গে মা-মাতৃভাষা-মাতৃভূমির প্রতীক। পরবর্তী লাইনে কবি প্রতীকটি স্পষ্ট করেছেন: কে নিদ্রামগ্ন আমার মায়ের নাম উচ্চারণ করো? মা শব্দটি স্পষ্টতই দেশমাতা এবং মাতৃভাষার প্রতীক।
কবিতার শেষ স্তবকের কাল আরো কিছু পরের– ভোরবেলাকার। পুরো কবিতায় একই রাতের অভিঘাত চিত্রিত। তবে প্রথম স্তবকের কাল অন্ধকারে আচ্ছন্ন, পরেরটিতে আছে ভোরবেলাকার আলোর আভাস। প্রথমটি হতাশা-বেদনা-ক্রোধে উচ্চকিত, দ্বিতীয়টিতে ফুটে উঠেছে আশার আলো । বলা দরকার যে কবিতার রাত্রিটি দীর্ঘ এবং দুই স্তবকের মধ্যে কালের ব্যবধানও একেবারে কম নয়। কারণ প্রথম স্তবকে অন্ধকারে মাতৃভাষার জন্যে রক্তঢালা বন্ধুদের রক্তাক্ত মুখ এবং ক্রোধের আগুনে দৃপ্ত প্রতিবাদী মানুষের মিছিলের ছবি চিত্রিত, পরের স্তবকে রয়েছে ভোরের আলোর উদ্ভাস। তখন ভয়-ভাবনার অবসান ঘটেছে এবং মাতৃভাষা স্বমর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। একই রাত্রিতে দুই ভিন্ন কাল-ব্যবধান রচনার এই কৌশল আল মাহমুদ শিল্পসাফল্যের মধ্য দিয়েই প্রকাশ করেছেন। প্রকাশকলার এই শিল্পীত রূপায়ণ প্রকৃত প্রতিভার লক্ষণ।
প্রথম স্তবকের মিছিলের শাণিত শব্দ শুনে চকিতে জানালায় মুখ বাড়িয়েছেন কবি। দেখেছেন ভোরের সূর্যের উদ্ভাস এবং সেখানেই ফুটে উঠতে দেখেছেন কালের কহ্লার । সমস্ত রাজপথ তখন শঙ্কামুক্ত। রাজপথে শোনা যাচ্ছে বিজয়ের গান। গায়কদের মুখ রক্তাভ ফুলের মতোই উজ্জ্বল। দ্বিতীয় স্তবকের বাঙলা বাঙলা মাতৃভাষা ও মাতৃভূমির প্রতীক। ততক্ষণে মাতৃভাষার প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে গেছে। শেষ লাইনটি এই প্রতিষ্ঠারই প্রতীক যেখানে কবি লিখেছেন : আমার নিদ্রিতা মায়ের নাম ইতস্তত উচ্চারিত হল।
সংযত আবেগ, চমৎকার পরিমিতিবোধ এবং ভাবনার শিল্পীত প্রকাশ ঘটেছে আল মাহমুদের এই কবিতায়। বাক সংযমের খুবই ভালো উদাহরণ এই কবিতা। একুশ নিয়ে লেখা এটি সেরা রচনার একটি।
