২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের ‘তোতলা কলম’

anu_muhammad

Published : 12 Feb 2014, 05:20 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

বেঁচে থাকলে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ইলিয়াস ভাইয়ের বয়স হতো ৭১। আর্শ্চয্য! গত ১৭ বছর ধরে ইলিয়াস আমাদের মধ্যে শারীরিকভাবে অনুপস্থিত। অথচ তার আগের ১৭ বছরে ইলিয়াস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দুটি উপন্যাসসহ বেশ কয়টি অসাধারণ গল্প ও প্রবন্ধ লিখেছেন। মৃত্যুর আগের ১৩ বছরে হয়ে উঠেছিলেন অদম্য সংগঠকও।

যদি বেঁচে থাকতেন আখতারুজ্জামান ইলিয়াস, গত ১৭ বছরে কী অসম্ভব যোগ হতো বাংলা সাহিত্যে, আমাদের দেখা ও বোঝার শক্তিতে, আমাদের লড়াইয়ের দিগন্তে তা কি চিন্তা দিয়ে ধরা সম্ভব? একজন মানুষের বেঁচে থাকা ও না থাকার মধ্যে কী তফাৎ তৈরি হয়, স্বজনদের মধ্যে কতটা শূণ্যতা তৈরি হয় তার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। কিন্তু ইলিয়াসের মতো একজন মানুষের অকালমৃত্যু পুরো একটা জনপদের, একটা বিশাল জনগোষ্ঠীর, এবং তার সাহিত্যের, তার জগতকে নতুনভাবে নির্মাণের আবছা স্বপ্ন ও চলমান লড়াইয়ে যে কি অপূরণীয় ক্ষতি তৈরি করে তা গত ১৭ বছরের বহু দিনই অনেক কষ্ট নিয়ে অনুভব করেছি। বছরের পর বছর নানাবাঁকে দাঁড়িয়ে মনে হয়েছে এই সময় যদি ইলিয়াস ভাই থাকতেন!

এই 'পোড়ার দেশের' মানুষ যে কেবল পড়ে পড়ে মার খায় তা তো নয়, তারা যে সবসময় নিজের শক্তি উপলব্ধি করতে ভুল করে তাও নয়। সেজন্য এই দেশের মানুষই বারবার ঝলক দিয়ে উঠেছেন, কখনো হঠাৎ, কখনো সংগঠিতভাবে। শৃঙ্খলিত অপমানিত মানুষের উদ্ধত গর্বিত সাহসী আত্মবিশ্বাসী উত্থান, সেইরকম পরমক্ষণেও তাঁর অভাব অনুভব করেছি। মনে হয়েছে ইলিয়াস এদেরই চেহারা সন্ধান করেছিলেন। মানুষের অন্তর্গত শক্তি, মুক্ত মানুষ – তার সন্ধানই তো ইলিয়াসের অন্যতম কাজ ছিল।

সৃজনশীল কাজের শেকড় অনুসন্ধানের মধ্য দিয়ে তাঁর উপলব্ধি হয়েছিল সমষ্টির মধ্যে শুধু একা একা অক্লান্ত কাজ করে গেলেই হবে না। সমষ্টি নিয়ে, সমষ্টি হয়ে অনেক কাজ করবার আছে। শুধু বোঝা ও তা শিল্পে প্রকাশই যথেষ্ট নয়, পরিবর্তনও করতে হবে এই নারকীয় অসম্মানের বাস্তবতা। বাস্তবতা পরিবর্তনের জন্য শ্লোগান দিয়ে গেলে কাজ হবে না, হয়নি। দরকার হবে সাহিত্য, মানুষকে অনেক ভেতর থেকে উপলব্ধি, সমাজ মস্তিষ্কের বদ্ধতা ও নিষ্ক্রিয়তা দূর করা। মুক্ত শিল্প সাহিত্য ছাড়া পরিবর্তনের মনোভূমি তৈরি হবে না।

Image
elias.gif


ইলিয়াস ভাইয়ের সঙ্গে পরিচয় হবার আগে থেকেই তাঁর সৃষ্টির সঙ্গে আমার পরিচয় ছিলো। ১৯৮৪ সাল থেকে তার সঙ্গে যোগাযোগ অনেক ঘনিষ্ঠ হয় একই সংগঠনে একসাথে কাজ করবার সূত্রে। সেই বছর থেকে যে কয়েক দফা আমি বাঙলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলাম, তার পুরো সময়টাতেই ইলিয়াস ভাই খুবই সক্রিয়ভাবে সাথে ছিলেন, ছিলেন তারপরও। বদরুদ্দীন উমরের পর ১৯৮৬ তে হাসান আজিজুল হক সুদূর রাজশাহী থেকেও সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন, এটা ইলিয়াস ভাইয়ের জন্য পরম স্বস্তির ব্যাপার ছিলো। তিনি হাসান ভাইকে কখনো ছাড়তে রাজি ছিলেন না। আর তিনি তখন থেকেই সহ-সভাপতি। এই সময়কালে এঁদের সঙ্গে সাংগঠনিক কাজ সভা, আড্ডা, বিভিন্ন অঞ্চল সফর, কী যে আনন্দ আর সমৃদ্ধির সময় তা মনে পড়লে ইলিয়াসের অভাবের কষ্টই বাড়ে।

চিলেকোঠার সেপাই বহুদিন পর আমার আঠার মতো লেগে থেকে পড়া উপন্যাস। আমি 'সাহিত্যের মানুষ' নই। সাহিত্য সমালোচনার এখতিয়ার নিয়ে দ্বিধান্বিত থাকলেও এই উপন্যাসটি পাঠের পর এটা নিয়ে লেখার তীব্র তাগিদ অনুভব করেছিলাম আমি। সেই তাগিদ থেকেই একটি দীঘ পর্যালোচনা হিসেবে যা লিখেছিলাম তা আসলে এই গ্রন্থ পাঠে আমার নিজের উপলব্ধি ও প্রতিক্রিয়া। আমার লেখার কথা ইলিয়াস জানতেন না, একেবারে ছাপা অবস্থায় দেখেছিলেন। মহাশ্বেতা দেবী চিলেকোঠার সেপাই বিষয়ে পরে লিখেছেন, '….এ এক নতুন বাংলা ভাষা, শহরের ধুলো-কাদা-মবিল-আবর্জনা-হঠাৎ ধনীর বর্বর অসভ্যতা আস্তাকুঁড়ের মানুষদের বারুদ হয়ে ওঠার ভাষা। শহরের নিচুতলার সমাজের মানুষের বাংলা ভাষা এমন ইজ্জত পায়নি সাহিত্যে। যেমন দেখার চোখ, তেমনি স্বচ্ছ ও কঠিন রাজনীতিক বিশ্বাস, তেমনি ধারালো হিউমার।' (তৃণমূল, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, জানুয়ারি ১৯৯৮)

এরপর খোয়াবনামা নিয়েও একইরকম কিংবা আরও তীব্র তাগিদ থেকে লিখেছিলাম। খোয়াবনামা যখন পড়েছি ও তা নিয়ে যখন লিখছি তখন ইলিয়াস কমিউনিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই হাসপাতালটি আমার বাসার কাছেই। আমি খোয়াবনামা পড়ছি, হাসপাতালে যাচ্ছি, স্রষ্টার যন্ত্রণা দেখছি, কথা বলছি, শুনছি, আবার পড়ছি, তারপর লিখছি, দেখছি..।

খোয়াবনামা গড়ে উঠেছে, বিকশিত হয়েছে আমাদের জনপদে নানাভাবে ছড়িয়ে থাকা মিথ ধরে ধরে। কিন্তু ইলিয়াস তার মধ্যে হারিয়ে যাননি। ইলিযাস যেভাবে পোক্ত হাতে মিথ ব্যবহার করেছেন, তাতে শওকত আলীর বিশ্লেষণে, ইলিযাসের আবিষ্কার করা 'মিথ কেবল অতীতের জিনিস নয়- তা বর্তমানেও এসে পড়ে….(ইলিয়াস) দেখান যে মানুষের বিদ্রোহের আর লড়াইএর স্মৃতি থেকে যায় তার অবচেতনার পরতে পরতে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এবং তা বেরিয়ে আসে কখনো মন্ত্র বা গানের শোলোক হয়ে, কখনো আঁকিবুকি টানা নক্সার ভেতর দিয়ে, আবার কখনো বা স্বপ্ন ব্যাখ্যার মধ্য দিয়ে।…. মীথ এর অমন ব্যবহার সমগ্র বাংলা সাহিত্যে আর দেখা যায় না।..গত তিন/চার দশক ধরে হিস্পানী সাহিত্যে মীথ সৃজনশীলতার উপাদান এবং কৌশল হয়ে উঠেছে। আফ্রিকান সাহিত্যও সেই উদ্যোগের এখন অন্যতম শরিক। এক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াসকে আমাদের স্মরণ না করে উপায় থাকবে না।' (তৃণমূল, আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা, জানুয়ারি ১৯৯৮)

বিষয়বস্তুর সাথে সাথে ফর্ম নিয়ে চিন্তাও ইলিয়াসকে তাড়া করতো খুব। নতুন বিষয় পুরনো ফর্ম বা প্রকাশকৌশল দিয়ে যথেষ্ট মনে হচ্ছে না। আসলেই তাই। জগত পাল্টে যায়, একইধরনে তাকে দেখা যায় না- উপস্থাপনও করা যায় না। একসময় মানুষ তার ভাব প্রকাশ করতো কাব্যে পুঁথিতে। গদ্যের আবির্ভাব এমনি এমনি ঘটেনি। ছোটগল্প কিংবা উপন্যাসের কাঠামো, একইরকম থাকছে না। সারাবিশ্বেই তার মধ্যে নানারকম পরিবর্তন উঁকিঝুঁকি দিচ্ছে। ইলিয়াসও বারবার ধাক্কা খাচ্ছেন; নিজে লিখছেন, প্রশ্নও তুলছেন, 'ছোট গল্প কি মরে যাচ্ছে?' যা বলা দরকার, যা পৌঁছানো দরকার মানুষের কাছে, তা পুরনো কায়দায় তুলে আনা যায় না। নতুনভাবে পৌঁছাতে হবে। ইলিয়াসের উপন্যাস ও গল্পে তার চিহ্ন আছে। তবে নতুন মানেই তা তো অগ্রসর নাও হতে পারে। ইলিয়াস তাই 'ইমেজ, রূপক ও প্রতীকের কব্জায় বন্দী হয়ে' পড়া ইউরোপীয় গল্প প্রসঙ্গে বলেন, 'দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না ঘটলে নতুন প্রকরণ খোঁজা আর নতুন নতুন ফন্দি বার করার মধ্যে পার্থক্য থাকে না।'

বাংলা সাহিত্য, বাঙালিসহ বিভিন্ন জাতির প্রকাশিত-অপ্রকাশিত গল্প কথা সাহিত্য, এই জনপদের মানুষের মিথ, ধর্ম, বিশ্বাস, জটিল সম্পর্ক শ্রেণী-জাত পাত-গোষ্ঠী-নারীপুরুষ, অঞ্চল, ইতিহাসের কঠিন গোপন অস্বচ্ছ নানা অধ্যায়, রাজনীতি ক্ষমতা ইত্যাদি যাবতীয় বিষয় আমাদের আড্ডা আলোচনার বিষয়বস্তু হতো। এসবের মধ্যেই আমরা প্রায়ই আবিষ্কার করতাম, এসবের মধ্য দিয়েই আমাদের কাছে নতুন নতুন ধারণা বিশ্লেষণ তথ্য হাজির হচ্ছে। আমরা আবার এগুলো নিয়ে সবার সামনে হাজির হতে চাইতাম। সেভাবেই অসংখ্য আলোচনা সভা পরিকল্পিত হয়েছে। এগুলোর ধারাবাহিকতায় প্রথম সাহিত্য সম্মেলন হলো ১৯৯০ সালে। এই বছরেরই শেষদিকে স্বৈরাচার পতনে লেখক শিল্পীদের পক্ষ থেকে ঘোষণা তৈরি হল। ইলিয়াস ভাই লিখলেন, হাসান ভাই যোগ করলেন।

'তৃণমূল' সাহিত্য পত্রিকা প্রকাশিত হলো ১৯৯২ সালে। আখতারুজ্জামান ইলিয়াসই ছিলেন সম্পাদক। যেমন আলোচনা, লেখা, ক্লাশ নেওয়া, তেমন সম্পাদনা সবজায়গায় ইলিয়াস একইরকম আনন্দ আর গভীর নিষ্ঠা ও শ্রম দিয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে, পুরো দায়দায়িত্ব নিয়ে পরম মমতা দিয়ে কাজ করতেন। তৃণমূল নিয়ে তাঁর পরিকল্পনার একটা চিত্র পাওয়া যায় প্রবাসে মহীবুল আজিজকে লেখা একটা চিঠিতে, 'তৃণমূল আমার মনমতো হয়নি, চেষ্টা করলে এর মান আরো কয়েক গুণ ভালো করা যায়।..সাম্প্রতিক ইংরেজি গল্প সম্বন্ধে তুমি কি একটি লেখা পাঠাতে পারো? কিংবা ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার কথাসাহিত্য সম্বন্ধে ইংরেজ লেখকদের ধারণা বা প্রতিক্রিয়া জানিয়ে একটি প্রবন্ধ লিখতে পারো।..পত্রিকাটি টিকিয়ে রাখতে পারলে চতুর্থ সংখ্যার জন্যে তোমার একটি গল্প চাই।…'

তৃণমূলের সেই চতুর্থ সংখ্যাই ছিলো আয়তনে বৃহত্তম – কিন্তু তা প্রকাশিত হয়েছিল 'আখতারুজ্জামান ইলিয়াস' সংখ্যা হিসেবে। আর দুর্ভাগ্য, আমাকেই সেই সংখ্যা সম্পাদনা করতে হয়েছিল!

ইতিহাসের সরলরৈখিক বর্ণনা, মানুষকে সাদাকালো হিসেবে দেখা এই ধরন সাধারণভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত। বিশ্লেষণের দ্বান্দ্বিকতার কথা বললেও বামপন্থীদের বড় অংশও এই সরলীকরণের দোষ থেকে মুক্ত নন। ইলিয়াস চিন্তার এই ধরনের প্রবল বিরোধী ছিলেন। গল্প, উপন্যাস, চরিত্র বিন্যাস এবং প্রবন্ধের বিশ্লেষণে তিনি তাই এই সহজ-মুখস্ত-জনপ্রিয় চিন্তার ধরনকে বারবার প্রশ্ন করেছেন, উন্মোচিত করেছেন, তীক্ষ্ণ বাক্যবাণে আক্রমণ করেছেন। আমাদের আলোচনা আড্ডার মধ্যেও এগুলো ঘুরে ঘুরে আসতো। পুরনো ধারণার অনেকগুলোই ধাক্কা খেতো। অনেককিছুই নতুন করে দেখা ও বোঝার সাহস সঞ্চারিত হতো আমাদের সবার মধ্যে।

বস্তুত মধ্যবিত্ত ব্যক্তি অনুসন্ধান করতে গিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের লেখক ও চিন্তাজীবনের শুরু। এই জগতে হাঁসফাঁস করতে করতে আটকে গেলে আমরা মুক্ত ইলিয়াসকে পেতাম না। ভদ্রলোকদের দমবন্ধ করা জগত দেখে বুঝেই তিনি তা অতিক্রম করেছেন। বদল এসেছে ইতিহাস-জীবন-দর্শন সম্পর্কিত তাঁর চিন্তার কাঠামোতেও। মধ্যবিত্তের আকুপাকু দুর্বল আত্মপ্রবঞ্চনায় ভরা চরিত্রে ক্লান্ত সিনিক হয়ে পড়বার আগেই ইলিয়াস সন্ধান পান মানুষের অসীম শক্তি ও সৃজনশীলতার বিশাল সমুদ্র। অতীত থেকে ভবিষ্যতে প্রবাহিত মানুষের ভেতরের সেই প্রবল শক্তির অনুসন্ধান এবং তাকে স্পষ্ট করাই তাই ইলিয়াসের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। এই জগতের প্রতি তাঁর ক্রোধ, অবিচার নিয়ে অস্থিরতা এবং অন্যদিকে মানুষ ও প্রকৃতির প্রতি পরম মমতা তাঁর শিল্প সৃষ্টির নির্মোহ দৃষ্টিকে আচ্ছন্ন করতে পারেনি। স্যাঁতসেতে ন্যাকামি তরল ভাবাবেগ আর ইচ্ছাপূরণের তাড়না নির্মমভাবে বর্জন করে নতুন বোধ, ভাষা ও প্রকরণ নিয়েই তিনি হয়ে উঠেছেন আখতারুজ্জামান ইলিয়াস।

ইলিয়াস নিজের কথা লেখেন, 'আমার সময়ের দেওয়ালের ভেতর আমি শুধু হাঁসফাঁস করি। এভাবে বাঁচা মুশকিল। তাই কোনো বড় কিছু করার জন্যে নয়, এমনি বাঁচার তাগিদে, নিশ্বাস নেওয়ার জন্যে পায়ের পাতায় ভর দিয়ে দেওয়ালের ওপারটা দেখার চেষ্টা করি।…আমার জন্মমৃত্যুর বাইরে বিশাল ও অনন্ত সময়।..কতোসব জানোয়ারের মার খেয়ে, কতো জানোয়ারকে মেরে, বৃষ্টিতে ধুয়ে, রোদে পুড়ে এতোটা পথ পেরিয়ে আটকে পড়েছি এখানে এসে। এখানে আমার ওপর পাথরের মতো চেপে বসতে চাইছে অতিকায় কোনো জীব।…হয়তো কে জানে, ভবিষ্যতের সময় আমার এই টুটাফাটা, পঙ্গু ও রুগ্ন সময়কে সেই ইতর জীবটির সঙ্গে লড়াই করার সময় বলে সনাক্ত করবে। সেই ভরসাতেই বাঁচি। তোতলা কলম নিয়েও তাই একটু আধটু লিখতে চেষ্টা করি!!' (আমি ও আমার সময়)

Image
Flag Counter